রাফির দুর্দান্ত বোলিংয়ে সিরিজে ফিরল টাইগার যুবারা
- Details
- by খেলাধুলা প্রতিবেদক
রাজশাহীতে বাঁচা-মরার ম্যাচে প্রোটিয়া ব্যাটারদের ওপর স্টিমরোলার চালিয়েছেন বাংলাদেশ যুবা দলের স্পিনার রাফিউজ্জামান রাফি। রাফির পাঁচ উইকেটের পর আশরাফুর-রাব্বির ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে আতিথ্য দিয়েছে বাংলাদেশ। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ১৪ জুলাই, শুক্রবার টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশকে শুরুতেই সাফল্য এনে দেন রিজান হোসাইন। একই ওভারে ফিরিয়ে দেন অধিনায়ক ডেভিড টিগারকেও। দলীয় ১১ রানে ২ উইকেট হারায় সফরকারীরা।
সেখান থেকে বল হাতে স্পিন ঘূর্ণিতে ঝড় তোলেন রাফি। রাফির বোলিং তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েন প্রতিপক্ষের ব্যাটাররা। ওপেনার লুয়ান-ড্রে প্রিটোরিয়াসের ৪৩ ও রিচার্ড সেলটসওয়ানে ১৮ রানে ভর করে মাত্র ১২৮ রান সংগ্রহ করে প্রোটিয়া যুবারা। বাংলাদেশের পক্ষে রাফি মাত্র ১৮ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। এছাড়াও রিজান হোসাইন শিকার করেন ৩ উইকেট।
দক্ষিণ আফ্রিকার দেওয়া ১২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১২ রানে ফিরে যান রিজওয়ান চৌধুরী। এরপর রিজানকে সাথে নিয়ে জুটি গড়েন ওপেনার সিদ্দিকী। কিন্তু দলীয় ৩৮ রানে সিদ্দিকী ফিরলে দ্রুত বিদায় নেন আরিফুল। এতেই মাত্র ৪৬ রানে ৩ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পরে বাংলাদেশ।
শুরুর ধাক্কা কাটিয়ে নাঈম ও রিজানের ব্যাটে বাংলাদেশ যখন জয়ের স্বপ্ন দেখছিলো তখনই ছন্দপতন বাংলাদেশের। দলীয় ৭৭ রানে আরও ২ উইকেট হারিয়ে চাপে পরে বাংলাদেশ। সেই চাপ আরও বেড়ে যায় ৭৮ রানে রিজানের বিদায়ে। কিন্তু সপ্তম উইকেট জুটিতে আশরাফুর ও রাব্বির অসাধারণ ব্যাটিংয়ে বিপদ কাটিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। রাব্বি ও আশরাফুর ২৫ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। এরফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-২ সমতা বিরাজ করছে।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১২৮/১০ (৩৫.২ ওভার)
প্রিটোরিয়াস ৪৩, সেলটসওয়ানে ১৮; রাফি ১৮/৫, রিজান ২৪/৩, সিদ্দিকী ২৩/২
বাংলাদেশ ১৩১/৬ (২৯ ওভার)
রাব্বি ২৫*, আশরাফুর ২৫*, সিদ্দিকী ২৫; অ্যালার ৪৫/৩
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর