‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে ধানের শীষের পক্ষে প্রচারে আওয়ামী লীগ নেতারা
- Details
- by ২৪ ডেস্ক
মাদারীপুর-১ (শিবচর) আসনে নির্বাচনী মাঠে দেখা গেছে এক ব্যতিক্রমী ও আলোচিত রাজনৈতিক দৃশ্য। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অন্তত ২০ জন নেতাকর্মী বিএনপির প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচারণায় অংশ নিয়েছেন।

এ সময় তাদের মুখে শোনা গেছে আওয়ামী লীগের ঐতিহ্যবাহী স্লোগান- ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। ঘটনাটি স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়ি এলাকায় অনুষ্ঠিত একটি উঠান বৈঠকে এ ঘটনা ঘটে। ওই বৈঠকে উপস্থিত ভোটারদের উদ্দেশে বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার।
প্রচারণায় অংশ নেওয়া আওয়ামী লীগের নেতারা দাবি করেন, সাবেক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের নির্দেশেই তারা ধানের শীষের প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন। আওয়ামী লীগের এমন অবস্থানকে কেন্দ্র করে শিবচরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে সমীকরণ বদলের আলোচনা শুরু হয়েছে।
বিএনপির একাংশের নেতাকর্মীদের ভাষ্য, মাদারীপুর-১ আসনটি ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। জেলার বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের বড় একটি অংশ সাবেক এমপি লিটনের অনুসারী। তার সবুজ সংকেত পাওয়ার পর থেকেই আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা প্রকাশ্যে উঠান বৈঠকে হাজির হয়ে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করছেন।
এতে করে বিএনপি প্রার্থী নাদিরা আক্তার তার দুই বিদ্রোহী প্রতিদ্বন্দ্বীর তুলনায় ভোটের দৌড়ে এগিয়ে আছেন বলে মনে করছেন দলটির নেতারা।
পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সদস্যসচিব আজমল খানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব সোহল রানা।
এ ছাড়া বৈঠকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত থেকে ধানের শীষের প্রার্থীর পক্ষে সমর্থন জানান। তাদের মধ্যে ছিলেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, কাঁঠালবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি বিএম আতাহার ব্যাপারী, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা, একাধিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক পৌর কাউন্সিলররা।
উঠান বৈঠকে শিবচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান প্রায় তিন মিনিট বক্তব্য দেন। বক্তব্যে তিনি বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করে যাওয়ার ঘোষণা দেন এবং বক্তব্য শেষ করেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে।
বৈঠকে বক্তব্যে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার বলেন, আমাদের দলের চেয়ারম্যান বলেছেন- সবার আগে বাংলাদেশ। তাই আমরা বলছি, সবার আগে শিবচর।
তিনি ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে বলেন, দলীয় পরিচয়ের চেয়েও মানুষের পরিচয় বড়। নির্বাচন-পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানি করা হবে না বলেও আশ্বাস দেন তিনি।
নাদিরা আক্তার আরও বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে শিবচরকে আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।
প্রথম দফায় বিএনপি মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লাকে মনোনয়ন দিয়েছিল। পরে মনোনয়ন নিয়ে বিরোধ দেখা দিলে তা স্থগিত করে দ্বিতীয় দফায় নাদিরা আক্তারকে মনোনয়ন দেওয়া হয়। সম্প্রতি এই আসনে দুই বিদ্রোহী প্রার্থীসহ উপজেলা বিএনপির ১০ নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি।
অন্যদিকে, বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরাও আওয়ামী লীগের কিছু নেতার সমর্থন পাওয়ার চেষ্টা করছেন। সম্প্রতি স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লার উঠান বৈঠকে শিবচর আওয়ামী লীগের কয়েকজন নেতা অতীতের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন, যা রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.