চুলা জ্বলছে না বাসাবাড়িতে, সিএনজি স্টেশনেও দীর্ঘ সারি
রাজধানীবাসীর জন্য সোমবার সকালটা শুরু হয়েছে চরম গ্যাস সংকট নিয়ে। কোথাও গ্যাসের চাপ একেবারেই নেই, আবার কোথাও নিভু নিভু অবস্থায় জ্বলছে চুলা। মূলত এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের প্রভাবে সরবরাহ কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রান্নাবান্না থেকে শুরু করে পরিবহন খাত, সবখানেই এর নেতিবাচক প্রভাব পড়েছে।

পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে, তা নিয়ে কথা বলেছেন তিতাসের পরিচালক (অপারেশন) সাইদুল হাসান। তিনি জানান, এলএনজি টার্মিনালের সমস্যাটি সমাধান করা হয়েছে। তবে পাইপলাইনে গ্যাসের চাপ পুরোপুরি স্বাভাবিক হতে আরও দুই-তিন দিন সময় লেগে যেতে পারে। সোমবার দুপুর ১২টা পর্যন্ত চাহিদার তুলনায় গ্যাসের ঘাটতি ছিল প্রায় দুই হাজার মিলিয়ন ঘনফুট। তবে প্রথম রোজার মধ্যেই পরিস্থিতি উন্নতির আশা করছেন এই কর্মকর্তা।
এদিকে বাসাবাড়িতে গ্যাস না থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিকল্প হিসেবে কাউকে বৈদ্যুতিক চুলা ব্যবহার করতে হচ্ছে, আবার কেউ হোটেল থেকে খাবার কিনছেন। বনশ্রীর এক বাসিন্দা জানান, গ্যাসের চাপ এতই কম যে পানি গরম হতেও দীর্ঘ সময় লাগছে। তিনি বলেন, ‘সংকট তো দীর্ঘদিনের। বাধ্য হয়ে সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে। এতে একদিকে গ্যাসের বিল দিচ্ছি, অন্যদিকে সিলিন্ডার খরচও হচ্ছে। আমরা সব দিক দিয়েই আর্থিক ক্ষতির মুখে পড়ছি।’
রাজাবাজার এলাকার চিত্রও অনেকটা একই রকম। সেখানকার এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই এলাকায় গ্যাসের চাপ বরাবরই কম থাকে। গতকাল রাত থেকে তো গ্যাস একেবারেই নেই। বাধ্য হয়ে বিদ্যুতের চুলায় রান্না করতে হচ্ছে।’ এই সমস্যার স্থায়ী সমাধান আদৌ হবে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
শুধু বাসাবাড়ি নয়, গ্যাসের অভাবে স্থবিরতা নেমে এসেছে পরিবহন খাতেও। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চালকরা পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। সিএনজি চালক করিম বিল্লাহ জানান, সকাল থেকে বেশ কয়েকটি স্টেশনে ঘুরেও গ্যাস পাননি। পরে একটি স্টেশনে পেলেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এর ফলে সড়কে সিএনজিচালিত অটোরিকশার সংকট দেখা দিয়েছে এবং যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারহান নূর জানিয়েছেন, পাইপলাইনে গ্যাস না থাকায় স্টেশনগুলো চালু রাখাই কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ‘বেশিরভাগ স্টেশন প্রায় বন্ধ হওয়ার উপক্রম। নতুন সরকারের উচিত ক্ষমতা নেওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি খাতের সমস্যাগুলো সমাধান করা।’ ক্ষুদ্র শিল্প ও হোটেল-রেস্তোরাঁ খাতেও এই সংকটের প্রভাব পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
এর আগে রবিবার (১৫ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় সরবরাহে বিঘ্ন ঘটেছে। ফলে তিতাস অধিভুক্ত এলাকাগুলোতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। কর্তৃপক্ষ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকার আশঙ্কা প্রকাশ করেছিল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.