আপনি পড়ছেন

দেশের শিক্ষা খাতকে আর কেবল খরচের খাত হিসেবে না দেখে মানবসম্পদ উন্নয়নের মূল ভিত্তি ও জাতি গঠনের ‘প্রধান প্রকল্প’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৬ সালের নির্বাচনী ইশতেহার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় ১২ দফার বিশেষ এজেন্ডা ঘোষণা করেছে। একইসঙ্গে শিক্ষাক্ষেত্রে তিনটি বিষয়কে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের ১২ দফা এজেন্ডা ও মন্ত্রীর ৩ অগ্রাধিকার ঘোষণা
এহসানুল হক মিলন ও ববি হাজ্জাজ

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব পরিকল্পনা তুলে ধরেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, তাদের প্রথম কাজ হবে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসমুখী করা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। দ্বিতীয়ত, বিদ্যমান কারিকুলাম পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। তৃতীয়ত, কর্মসংস্থানমুখী দক্ষতা বাড়াতে কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করেন, শিক্ষা খাতে কোনো ধরনের অস্বচ্ছতা বা অনিয়ম সহ্য করা হবে না এবং জবাবদিহি নিশ্চিত করা হবে।

অন্যদিকে, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মন্ত্রণালয়ের ১২ দফার বিস্তারিত তুলে ধরেন। বাজেটের আকার বা ‘এনভেলপ’ বৃদ্ধিকে তিনি শিক্ষা ব্যবস্থার প্রথম শর্ত হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করা সরকারের লক্ষ্য, যা আন্তর্জাতিক মানদণ্ডের (৪-৬ শতাংশ) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ লক্ষ্য অর্জনে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তিন বছর মেয়াদি ধাপে ধাপে ‘ফিসকাল আপলিফট প্ল্যান’ গ্রহণ করা হবে।

উন্নয়ন বাজেটের গুণগত ব্যবহারের ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, অর্থবছর শেষে তাড়াহুড়ো করে খরচ করার সংস্কৃতি বা ‘মার্চ রাশ’ থেকে বেরিয়ে আসতে হবে। স্কুলের বর্ষপঞ্জির সঙ্গে সামঞ্জস্য রেখে বই, প্রশিক্ষণ ও নির্মাণকাজের পরিকল্পনা সাজানো হবে। ইলেকট্রনিক সরকারি ক্রয় ব্যবস্থা আগেভাগে চালুর মাধ্যমে জুনের আগেই কেনাকাটার প্রক্রিয়া শেষ করার উদ্যোগ নেওয়া হবে, যাতে শিক্ষার্থীদের সময় ও সুযোগের ক্ষতি না হয়।

শিক্ষায় প্রযুক্তির ব্যবহার ও মনিটরিং বাড়াতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর ঘোষণা দেন ববি হাজ্জাজ। শিক্ষকদের ট্যাবে পাঠ-পরিকল্পনা, প্রশ্নব্যাংক ও শিক্ষার্থীদের শিখন-অগ্রগতি বা ‘লার্নিং এভিডেন্স’ সংরক্ষিত থাকবে। এছাড়া আইসিটি বিভাগের সহায়তায় ডিজিটাল সাক্ষরতা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা— এই তিনটি বিষয়কে সক্ষমতার অংশ হিসেবে বাধ্যতামূলক করা হবে। প্রতিটি উপজেলায় স্কুলে ‘রোবোটিক্স ও মেকার কর্নার’ স্থাপনের কথাও জানান তিনি।

অবকাঠামো ও শিক্ষার্থীদের সুবিধার্থে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী মিড-ডে মিল চালু, আধুনিক ল্যাব স্থাপন এবং ছাত্রীদের জন্য উন্নত স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা সহায়তার ব্যবস্থা করা হবে। বহুভাষিক দক্ষতা বাড়াতে পাঠ্যক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি চাহিদা অনুযায়ী তৃতীয় ভাষা হিসেবে আরবি, চীনা, জাপানি বা ফরাসি ভাষা শেখার সুযোগ রাখা হবে। এছাড়া শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য মাধ্যমিক স্তরে স্পোর্টস পিরিয়ড বা খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে।

পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে প্রতিমন্ত্রী জানান, মুখস্থবিদ্যার ওপর নির্ভরতা কমিয়ে আইটেম ব্যাংক ও লার্নিং ট্রাজেক্টরির মাধ্যমে দক্ষতা যাচাইয়ে গুরুত্ব দেওয়া হবে। সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার বৈচিত্র্য বজায় রেখেও সব ধারার জন্য একটি ‘ন্যূনতম শিখন মান’ নির্ধারণ করা হবে। কওমি সনদের পূর্ণ বাস্তবায়ন এবং আলেমদের রাষ্ট্রীয় স্বীকৃতিও এই এজেন্ডার অন্তর্ভুক্ত। এক শিক্ষা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার পথ সুগম করতে ‘ব্রিজ কোর্স’ চালুর ব্যবস্থাও থাকবে।

উচ্চশিক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোকে প্রকৃত ‘জ্ঞান প্রতিষ্ঠানে’ রূপান্তরে শিক্ষার্থীদের জন্য ঋণ সুবিধা ও ইনোভেশন গ্র্যান্ট দেওয়া হবে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকল্পের অগ্রগতি ও ক্লাসঘন্টার তথ্যসহ মাসিক ড্যাশবোর্ড প্রকাশ করা হবে। আগামী ঈদুল ফিতর পর্যন্ত ‘ডায়াগনস্টিক রিভিউ’ চলবে এবং এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতিতে পরিমাপযোগ্য সূচকসহ ‘জাতীয় শিক্ষা রোডম্যাপ’ ঘোষণা করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.