রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- Details
- by ২৪ ডেস্ক
নতুন সরকারের প্রধান হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই সরকারি বাসভবন হিসেবে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর হেয়ার রোডে অবস্থিত এই ভবনটি নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধা বিবেচনায় নির্বাচন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, বর্তমানে যমুনায় অবস্থানরত সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ২৭ ফেব্রুয়ারি ভবনটি ছেড়ে দেবেন। এরপর প্রয়োজনীয় সংস্কার শেষ করে সেখানে উঠবেন প্রধানমন্ত্রী।
অন্তর্বর্তী সরকারের শেষ দিকে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে বিস্তর আলোচনা হয়। জাতীয় সংসদ ভবন ও শেরেবাংলা নগর এলাকাও পরিদর্শন করা হয়েছিল। তবে সময়স্বল্পতা ও অবকাঠামোগত বিবেচনায় শেষ পর্যন্ত যমুনাকেই উপযুক্ত মনে করা হয়।
৩০ হেয়ার রোডে প্রায় সোয়া তিন একর জায়গাজুড়ে অবস্থিত যমুনার পাশের ২৪ ও ২৫ নম্বর বাংলো প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য নির্ধারণের পরিকল্পনা রয়েছে।
বর্তমানে প্রধানমন্ত্রী গুলশানের ব্যক্তিগত বাসভবন থেকে সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াত করছেন। তবে রমজানের ইফতার অনুষ্ঠান ও ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়সহ রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা যমুনায় আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর গণভবনে ব্যাপক ভাঙচুর হয়। পরবর্তীতে সেখানে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে নতুন সরকারের জন্য বিকল্প আবাসনের প্রয়োজন দেখা দেয়।
এদিকে নতুন সরকার গঠনের পর হেয়ার রোড, মিন্টো রোড ও বেইলি রোডের ‘মন্ত্রিপাড়ায়’ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের আবাসন বরাদ্দ সম্পন্ন হয়েছে।
সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, অধিকাংশ সাবেক উপদেষ্টা ইতোমধ্যে বাংলো ছেড়ে দিয়েছেন; বাকি দুজনও শিগগিরই ছাড়বেন।
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর- ৩৫ হেয়ার রোড, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ- ২৪ বেইলি রোড, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী- গুলশান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম- ধানমন্ডিতে থাকবেন।
এ ছাড়া অন্যান্য মন্ত্রীদেরও হেয়ার রোড, মিন্টো রোড ও বেইলি রোডের বিভিন্ন বাংলোতে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীদের জন্য হেয়ার রোডের মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট নির্ধারণ করা হয়েছে। তিনটি দশতলা ভবনে মোট ৩০টি ফ্ল্যাট রয়েছে।
গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাসাগুলোতে প্রয়োজনীয় সংস্কার শেষে ঈদুল ফিতরের পর অধিকাংশ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন ঠিকানায় উঠতে পারবেন।
নতুন সরকারের আবাসন পুনর্বিন্যাসে প্রশাসনিক কাঠামোয় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো- যেখানে যমুনা হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর নতুন কেন্দ্র, আর মন্ত্রিপাড়া আবারও ফিরে পাচ্ছে রাজনৈতিক ব্যস্ততা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.