আপনি পড়ছেন

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। প্রথম দিনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করার কথা ছিল। কিন্তু সংসদের এ অধিবেশনের সূচনা হবে স্পিকারের শূন্য আসন নিয়ে। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, সংসদ নেতা তারেক রহমানের প্রারম্ভিক বা স্বাগত বক্তব্যের মাধ্যমে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

আজ শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
জাতীয় সংসদ ভবন। ছবি- সংগৃহীত

বক্তব্যে কোনো একজন সংসদ সদস্যকে অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করার আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সভাপতির সভাপতিত্বেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।

এদিকে অধিবেশনের শুরুতেই উত্তাপ তৈরি হতে পারে, এমন আভাস পাওয়া যাচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদে জুলাই জাতীয় সনদের সংবিধান–সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব বাস্তবায়ন প্রশ্নে বিতর্ক ও উত্তাপ বাড়তে পারে।

আজ বেলা ১১টায় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে। সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি। সংসদে তার বক্তব্য দেওয়া নিয়ে আপত্তি আছে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। এ নিয়ে প্রথম বৈঠকেই উত্তাপ তৈরি হতে পারে বলে আভাস রয়েছে।

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে জামায়াত কী ভূমিকা নেবে, এমন প্রশ্নের জবাবে গতকাল বুধবার দলটির আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সংসদের এলডি হলে সাংবাদিকদের বলেন, ‘এ ব্যাপারে আমরা অনেক আলোচনা করেছি। কালকে (আজ) আমাদের ভূমিকা দৃশ্যমান আপনারা দেখবেন। যেমন সূর্য উঠবে, তেমন ভাষণ শুনবেন এবং আমাদের ভূমিকাও দেখবেন।’

জুলাই জাতীয় সনদে সংবিধান–সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবেও বিএনপির ভিন্নমত আছে। তারা নিজেদের ভিন্নমত অনুসারে এসব প্রস্তাব বাস্তবায়নের পক্ষে। অন্যদিকে জামায়াত ও এনসিপি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়। বিষয়টি নিয়েও বিরোধী দল সংসদে কঠোর অবস্থান নেবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদ। কার্যকর বিতর্ক, জবাবদিহি ও গণতান্ত্রিক চর্চার কেন্দ্র হিসেবে জাতীয় সংসদ প্রতিষ্ঠিত হবে, এটাই সবার প্রত্যাশা। কারণ দশম, একাদশ ও দ্বাদশ (মেয়াদ ছিল ৬ মাস ৮ দিন)— সর্বশেষ এই তিনটি সংসদই গঠন হয়েছিল বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে। তিনটি সংসদই ছিল একতরফা। তখনকার ক্ষমতাসীন আওয়ামী লীগের বিপরীতে বিরোধী দল ছিল জাতীয় পার্টি। তারা রাজনৈতিক অঙ্গনে গৃহপালিত বিরোধী দল হিসেবে পরিচিতি পেয়েছিল। তিন সংসদেই সরকারি দল ও বিরোধী দল একাকার হয়ে যাওয়ার অভিযোগ ছিল।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। এর দেড় বছর পর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১৩ ফেব্রুয়ারি রাতে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্যরা শপথ নেন নতুন।

সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়। নির্বাচনের ফলাফল ঘোষণার এক মাসের মাথায় আজ বসছে প্রথম অধিবেশন।

গতকাল সংসদের এলডি হলে সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, জাতীয় সংসদ কেবল একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। এটি দেশের মানুষের অধিকার, মর্যাদা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। জনগণের আশা-আকাঙ্ক্ষা, আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সংসদের নতুন অধিবেশন শুরু হতে যাচ্ছে। তাদের লক্ষ্য হলো একটি কার্যকর, প্রাণবন্ত, দায়িত্বশীল সংসদ পরিচালনা করা; সংসদকে দেশের সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করা। তাঁরা সংসদে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা প্রত্যাশা করেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.