স্টারমার: ন্যাটোতে ট্রাম্পের থাকা আমেরিকার স্বার্থেই জরুরি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক জোট ন্যাটোতে থাকার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শুক্রবার তিনি সতর্ক করে বলেন, জোটটির প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন খোদ আমেরিকার স্বার্থের জন্যই জরুরি। সম্প্রতি ট্রাম্প ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেওয়ার পর এই আহ্বান জানালেন স্টারমার।

মধ্যপ্রাচ্যে তিন দিনের সফর শেষে স্টারমার এই মন্তব্য করেন। উপসাগরীয় নেতাদের সঙ্গে তার আলোচনার মূল বিষয় ছিল ওই অঞ্চলের ভঙ্গুর যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ কৌশলগত নৌপথের ভবিষ্যৎ।
কাতারে রেকর্ড করা একটি টেলিভিশন সাক্ষাৎকারে স্টারমার নিশ্চিত করেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাম্পের সঙ্গে তার কথা হয়েছে। তবে যুক্তরাজ্যে জ্বালানি খরচ বাড়াতে মার্কিন প্রেসিডেন্টের ভূমিকা নিয়ে তিনি যে বিরক্ত ছিলেন, এমন সাম্প্রতিক সমালোচনার বিষয়টি সরাসরি উল্লেখ করা থেকে বিরত ছিলেন স্টারমার। এর পরিবর্তে তাদের আলোচনায় হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনার ওপর জোর দেওয়া হয় বলে জানান তিনি।
ফোনালাপে নিজের হতাশার কথা তুলে ধরেছিলেন কি না, এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি স্টারমার। তিনি শুধু জানান, তারা ফোনকলের বেশিরভাগ সময় বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।
দীর্ঘমেয়াদী কোনো আঞ্চলিক মীমাংসার ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সম্পৃক্ততার গুরুত্বের বিষয়টিও স্টারমার ইঙ্গিত করেন। তিনি জানান, হরমুজ প্রণালীতে কোনো টোল বা বিধিনিষেধ থাকতে পারে না বলে ট্রাম্পকে একটি জোরালো বার্তা দিয়েছেন তিনি।
স্টারমার জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতারের নেতাদের সঙ্গে তার বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগের বিষয়টি দ্রুতই আলোচনায় আসে। তিনি বলেন, ‘আলোচনা খুব দ্রুতই যুদ্ধবিরতির দিকে মোড় নেয়। এটি যে ভঙ্গুর অবস্থায় আছে এবং এ নিয়ে আরও কাজ করা দরকার, তা সবাই উপলব্ধি করছেন। হরমুজ প্রণালীকে এই সমাধানের অংশ হতে হবে। এই নৌপথে কোনো টোল বা বিধিনিষেধ আরোপ করা যাবে না।’
সফরটিকে কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে বর্ণনা করে স্টারমার বলেন, ‘সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ যে আমরা একসঙ্গে কাজ করছি। এটি যুক্তরাজ্যের জন্যও একটি বড় সুযোগ। তাই আমাদের এখানে থাকাটা জরুরি ছিল।’
তিনি বলেন, ‘এখানে সবচেয়ে বড় বিষয় হলো প্রয়োজনের মুহূর্তে মিত্র ও বন্ধু হিসেবে তাদের পাশে আমাদের দাঁড়ানোটা কতটা গুরুত্বপূর্ণ, সেটি তারা অনুধাবন করতে পেরেছেন।’
তিনি আরও বলেন, ‘যৌথ আত্মরক্ষার জন্য গত ছয় থেকে সাত সপ্তাহ ধরে আমরা তাদের সঙ্গে যে কাজ করেছি, তার প্রতিফলন দেখা গেছে। এখানে কাতারে আমাদের একটি যৌথ স্কোয়াড্রন রয়েছে। তাই মিত্রদের সবচেয়ে বেশি প্রয়োজনের সময় আমরা যে তাদের পাশেই আছি, তার একটি বাস্তব অনুভূতি তৈরি হয়েছে।’
এই সংঘাতের প্রভাব দীর্ঘস্থায়ী হবে বলে সতর্ক করেন স্টারমার। তিনি বলেন, ‘যুক্তরাজ্যের মতো এখানকার নেতারাও মনে করেন, এই সংঘাত একটি প্রজন্মের জন্য আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। তাই আমাদের অবশ্যই শক্ত হাতে এর জবাব দিতে হবে।’
২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর থেকে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ তিন হাজারেরও বেশি মানুষ নিহত হন। এর প্রতিশোধ হিসেবে ইসরায়েলের পাশাপাশি জর্ডান, ইরাক ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালায় তেহরান। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলেও বিধিনিষেধ আরোপ করে ইরান।
ইরান ১০ দফার একটি বাস্তবায়নযোগ্য প্রস্তাব দিয়েছে উল্লেখ করে মঙ্গলবার দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘমেয়াদী কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব কি না, তা নির্ধারণ করতে আলোচনা চলছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.