মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধাক্কা: চাকরি-আয়ে অনিশ্চয়তায় প্রবাসী বাংলাদেশিরা
- Details
- by ২৪ ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও আঞ্চলিক অস্থিরতার প্রভাবে উপসাগরীয় দেশগুলোতে কর্মরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের মধ্যে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। চাকরি হারানো, মজুরি কমে যাওয়া, নতুন কর্মসংস্থান সংকুচিত হওয়া এবং নিরাপত্তা ঝুঁকি—সব মিলিয়ে উদ্বেগ বাড়ছে প্রবাসীদের মধ্যে।

বুধবার ( ১৩ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা তুলে ধরে শরণার্থী ও অভিবাসী আন্দোলন গবেষণা ইউনিট (আরএমএমআরইউ)। সংগঠনটির গবেষক ও অভিবাসন বিশেষজ্ঞরা বলেন, দীর্ঘমেয়াদি সংঘাত অব্যাহত থাকলে উপসাগরীয় শ্রমবাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, যুদ্ধ পরিস্থিতির কারণে বিদেশে কর্মী পাঠানোর হার ইতোমধ্যেই কমতে শুরু করেছে। বিএমইটির তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চে বিদেশগামী কর্মীর সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদ আলম ভূঁইয়া বলেন, লেবাননে বহু বাংলাদেশি শ্রমিক চাকরি হারিয়েছেন। একই সঙ্গে সৌদি আরবসহ বিভিন্ন দেশে কোম্পানিগুলো কর্মীসংখ্যা কমাতে শুরু করেছে। যুদ্ধ শুরুর পর অনেক শ্রমিক কম মজুরি, বেতন আটকে রাখা এবং উচ্চ মূল্যস্ফীতির চাপের মুখে পড়েছেন।
তিনি আরও বলেন, চলমান সংঘাতে উপসাগরীয় অঞ্চলে অন্তত ১১ জন বাংলাদেশি নিহত হয়েছেন।
আরএমএমআরইউর প্রতিষ্ঠাতা চেয়ার ড. তাসনিম সিদ্দিকী বলেন, যুদ্ধ শুরুর পর ইরান থেকে প্রায় ২০০ বাংলাদেশি দেশে ফিরেছেন। তবে সরকারিভাবে তাদের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ না হওয়ায় পুনর্বাসন কার্যক্রম জটিল হয়ে পড়ছে।
তিনি অভিবাসী শ্রমিকদের সহায়তায় আলাদা জরুরি তহবিল গঠনের আহ্বান জানান। তার মতে, ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের অর্থ শ্রমিকদের অবদানে গঠিত হওয়ায় সেটিকে অন্য খাতে ব্যবহার না করে সরকারকে পৃথক বাজেট বরাদ্দ দিতে হবে।
সংগঠনটি আরও জানায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ বড় বড় উন্নয়ন প্রকল্পেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ এর আওতায় নেওয়া মেগা প্রকল্পগুলো—যেমন নিওম সিটি, রেড সি পর্যটন প্রকল্প ও কিদ্দিয়া—বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু বিনিয়োগ অনিশ্চয়তা ও নিরাপত্তা ঝুঁকির কারণে এসব প্রকল্পের গতি কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরএমএমআরইউ সতর্ক করে বলেছে, সংঘাত যদি সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত বিস্তৃত হয়, তাহলে সেখানে বসবাসরত প্রায় ২০ লাখ বাংলাদেশির জীবন ও জীবিকা বড় ঝুঁকির মুখে পড়বে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আঞ্চলিক বিমান চলাচল ও পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটায় বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়াও জটিল হয়ে উঠেছে। এতে নিয়োগদাতা প্রতিষ্ঠান, রিক্রুটিং এজেন্সি এবং বিদেশে যেতে আগ্রহী কর্মীদের মধ্যে আর্থিক বিরোধ বাড়ছে।
বিশেষজ্ঞরা অভিযোগ করেন, যুদ্ধ বা সংকটকালে অভিবাসী শ্রমিকদের সহায়তায় সরকারের এখনো কার্যকর ও সমন্বিত জরুরি ব্যবস্থা নেই। দেশে ফেরা, আটকে পড়া বা চাকরি হারানো শ্রমিকদের জন্য পৃথক পুনর্বাসন পরিকল্পনাও অনুপস্থিত।
নর্থ সাউথ ইউনিভার্সিটির অভিবাসন বিশেষজ্ঞ ড. মোহাম্মদ জালাল উদ্দিন শিকদার বলেন, সংঘাতপূর্ণ অঞ্চল থেকে ফেরা বা আটকে পড়া শ্রমিকদের তথ্য পর্যবেক্ষণের জন্য কোনো রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থা নেই। একই সঙ্গে বিদেশে বিপদে পড়া শ্রমিকদের জন্য জরুরি সহায়তা ব্যবস্থাও অপর্যাপ্ত।
আরএমএমআরইউ সরকারের প্রতি কয়েকটি সুপারিশ তুলে ধরে। এর মধ্যে রয়েছে—উপসাগরীয় দেশগুলোতে বাংলাদেশ দূতাবাসে বিশেষ সংকট সেল গঠন, ২৪ ঘণ্টার বাংলা হটলাইন চালু, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য জরুরি তহবিল তৈরি, খাদ্য ও আশ্রয় সহায়তা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদে নতুন শ্রমবাজার অনুসন্ধান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.