আপনি পড়ছেন

দেশের অবকাঠামো খাতে নতুন গতি আনতে এক বিশাল বিনিয়োগের রূপরেখা তৈরি করেছে সরকার। সড়ক, সেতু ও রেল খাতের প্রায় ২০টি মেগা প্রকল্পের একটি সুনির্দিষ্ট তালিকা চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে, যার বড় একটি অংশ জুড়েই রয়েছে আরেকটি পদ্মা ও আরেকটি যমুনা সেতু নির্মাণ প্রকল্প।

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুসহ ২০ প্রকল্পের মহাপরিকল্পনা, অর্থ দেবে চীন
বাংলাদেশ এবং চীনের পতাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে এই প্রকল্পগুলোর অর্থায়ন নিয়ে বেইজিংয়ের সাথে চূড়ান্ত দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। চার মাস আগে দায়িত্ব নেওয়ার পর এটিই হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।

সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তালিকায় থাকা প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে থাকা প্রতিশ্রুতিগুলোর ওপর। এর মধ্যে অন্যতম হলো জামালপুরের দেওয়ানগঞ্জ ও গাইবান্ধার বালাসীঘাটের মধ্যে ‘দ্বিতীয় যমুনা সেতু’ নির্মাণ।

বর্তমানে তিনটি সম্ভাব্য রুট নিয়ে এর সমীক্ষা চলছে। টাঙ্গাইলের বিদ্যমান যমুনা সেতুতে উৎসবের সময়ে তীব্র যানজট তৈরি হওয়ায় এই দ্বিতীয় সেতুটি উত্তরাঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে দেবে বলে আশা করা হচ্ছে।

এর পাশাপাশি গুরুত্বের শীর্ষে রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ‘দ্বিতীয় পদ্মা সেতু’ নির্মাণ প্রকল্প। ২০২২ সালে মাওয়া-জাজিরা রুটে প্রথম পদ্মা সেতু চালুর আগে এই রুটটিও বিবেচনায় ছিল। সরকারের ইশতেহারে থাকা এই দুই মেগা প্রকল্প বাস্তবায়নে চীনকে পাশে পাওয়ার ব্যাপারে আশাবাদী সেতু বিভাগ।

দেশের প্রধান অর্থনৈতিক করিডোর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ক্রমবর্ধমান যানবাহনের চাপ সামলাতে একটি ‘উড়াল মহাসড়ক’ (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণের প্রস্তাব তালিকায় রাখা হয়েছে। এর পাশাপাশি ঢাকার অভ্যন্তরীণ তীব্র যানজট নিরসনে বিশাল এক পাতাল পথ বা সাবওয়ে নেটওয়ার্কের পরিকল্পনা করা হয়েছে, যেখানে প্রথম ধাপে ৪টি রুট নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪ হাজার কোটি টাকা।

একই সাথে ঢাকার ওপর থেকে দূরপাল্লার গাড়ির চাপ কমাতে সাভারের হেমায়েতপুর থেকে কেরানীগঞ্জ হয়ে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ পর্যন্ত ৩৯ কিলোমিটার দীর্ঘ একটি এক্সপ্রেসওয়ের প্রস্তাবও রয়েছে, যার সম্ভাব্য নির্মাণ ব্যয় ২৫ হাজার কোটি টাকা।

বাংলাদেশ রেলওয়ে চীনের অর্থায়নে ৫টি বড় প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। এর মধ্যে অনেক দিনের পুরোনো আখাউড়া থেকে সিলেট পর্যন্ত মিটারগেজ রেলপথকে মিশ্র গেজে রূপান্তর এবং জয়দেবপুর-ময়মনসিংহ-জামালপুর নতুন রেললাইন নির্মাণ প্রকল্প রয়েছে।

তীব্র ইঞ্জিন সংকট কাটাতে চীন থেকে অনুদান হিসেবে ২০টি মিটারগেজ ইঞ্জিন সংগ্রহ এবং নতুন ট্রেনের জন্য ২০০টি মিটারগেজ কোচ আমদানির বিষয়েও চীন থেকে ঋণ পাওয়ার চেষ্টা চলছে।

অন্যদিকে, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর পটুয়াখালীর বাউফল ও দুমকির লোহালিয়া নদীতে আরেকটি ‘চীন-বাংলাদেশ মৈত্রী সেতুসহ’ দেশের বড় নদীগুলোয় নতুন এক্সপ্রেসওয়ে ও সেতু নির্মাণে কারিগরি সহায়তা চাইছে।

বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ সামছুল হক এই মেগা প্রকল্পগুলোর বিষয়ে কিছুটা সতর্কবার্তা দিয়েছেন।

তিনি বলেন, বিগত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার ৪৬ বিলিয়ন ডলারের অনেক অপরিকল্পিত প্রকল্প নিয়েছিল। নতুন সরকারকে অবশ্যই সেই ভুল এড়াতে হবে। যেকোনো মেগা অবকাঠামো প্রকল্প নেওয়ার আগে এর সংযোগকারী সুবিধাগুলো নিয়ে ভাবতে হবে, নতুবা বড় প্রকল্পের সুফল পুরোটা পাওয়া যাবে না।

তিনি আরও পরামর্শ দেন যে, চীন যেহেতু বৈদ্যুতিক গণপরিবহনে বিশ্বে দ্রুত এগিয়ে যাচ্ছে, তাই ঢাকার গণপরিবহন সচল করতে তাদের থেকে সমন্বিত প্রযুক্তিগত সহায়তা নেওয়া যেতে পারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.