বেনজীরকে ফেরাতে দুবাইয়ে পাঠানো হচ্ছে মামলার নথি
- Details
- by ২৪ ডেস্ক
দুর্নীতি ও জালিয়াতির একাধিক মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক উদ্যোগ জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তারের পর তাকে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় আইনি নথিপত্র প্রস্তুতের কাজ শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সোমবার বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলাগুলোর প্রয়োজনীয় কাগজপত্র চূড়ান্ত করে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো হবে। পরে সেগুলো সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে।
দুদক সূত্রে জানা গেছে, আবুধাবিতে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) বাংলাদেশ এনসিবিকে চিঠি দিয়ে বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, দেশটির প্রচলিত আইন অনুযায়ী বাংলাদেশকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠাতে হবে। সেই আবেদনের সঙ্গে আরবি ভাষায় অনূদিত ও যথাযথভাবে সত্যায়িত বিভিন্ন নথি সংযুক্ত করতে হবে।
এসব নথির মধ্যে রয়েছে অভিযুক্ত ব্যক্তির পরিচয়, ছবি, জাতীয়তা, ঠিকানা, আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা, মামলার বিস্তারিত বিবরণ, প্রযোজ্য আইন, শাস্তির বিধান, তদন্ত প্রতিবেদন এবং আদালতের আদেশসহ সংশ্লিষ্ট তথ্যাদি।
দুর্নীতির অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে ২০২৫ সালের ১০ এপ্রিল ইন্টারপোল রেড নোটিশ জারি করে। আদালতের নির্দেশনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে আবেদন করা হয়েছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে দেওয়া বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্টারপোল রেড নোটিশ জারি করে এবং সেই নোটিশের ভিত্তিতেই সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি দেশটিতে আটক রয়েছেন।
দুদকের তদন্তে উঠে এসেছে, বেনজীর আহমেদ সম্পদ বিবরণীতে কয়েক কোটি টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং বিপুল পরিমাণ সম্পদের বৈধ উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন।
তদন্তে অভিযোগ করা হয়েছে, ঘোষিত সম্পদের বাইরে প্রায় ৯ কোটি ৪৪ লাখ টাকারও বেশি সম্পদের গ্রহণযোগ্য উৎস পাওয়া যায়নি। একই সঙ্গে প্রায় ২ কোটি ৬২ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগও আনা হয়েছে।
এই অভিযোগে দুদক আইনের সংশ্লিষ্ট ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয় এবং পরে আদালতে অভিযোগপত্রও জমা দেওয়া হয়েছে।
দুর্নীতির মামলার পাশাপাশি বেনজীর আহমেদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগও তদন্তাধীন রয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, সরকারি উচ্চপদে দায়িত্ব পালন করলেও তিনি পাসপোর্ট আবেদনে নিজের পেশা ‘প্রাইভেট সার্ভিস’ হিসেবে উল্লেখ করেন। বিভাগীয় অনাপত্তিপত্র ছাড়াই একাধিকবার পাসপোর্ট গ্রহণ এবং এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার অভিযোগও রয়েছে।
এ ঘটনায় পাসপোর্ট অধিদপ্তরের কয়েকজন সাবেক কর্মকর্তাকেও আসামি করা হয়েছে।
দুদক সূত্র বলছে, বর্তমানে বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, পাসপোর্ট জালিয়াতি ও মানিলন্ডারিংসহ মোট ছয়টি মামলা রয়েছে।
তদন্তে দেশের বিভিন্ন জেলায় শত শত বিঘা জমি, বিপুল অস্থাবর সম্পদ এবং বিদেশে থাকা সম্পদের তথ্য পাওয়া গেছে। দুবাইয়ে তাঁর দুটি ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দের কথাও জানিয়েছে তদন্তকারী সংস্থা।
আইনগত প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ আনুষ্ঠানিক আবেদন পাঠাতে পারলে পরবর্তী ধাপে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রত্যর্পণ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
দেশের অন্যতম আলোচিত এই দুর্নীতি মামলায় বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে কি না, এখন সেই দিকেই নজর সংশ্লিষ্ট মহলের।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.