ভিসা জটিলতা ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বিশ্বকাপ মিশন শুরু করছে ইরান
- Details
- by খেলাধুলা ডেস্ক
মাঠের বাইরের চরম অনিশ্চয়তা আর আকাশচুম্বী প্রত্যাশা মাথায় নিয়ে ফিফা বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে ইরান। আগামী মঙ্গলবার ভোরে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। মাঠের চেয়ে মাঠের বাইরের রাজনৈতিক উত্তেজনা ও ভিসা জটিলতা নিয়ে বেশি আলোচনায় থাকা দলটির সামনে এখন বড় চ্যালেঞ্জ নিজেদের মেলে ধরা।

বিশ্ব র্যাঙ্কিংয়ে ২০তম স্থানে থাকা ইরান প্রথম ম্যাচে মাঠে নামবে ৮৫তম স্থানে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে। ১৯৭৮ থেকে ২০২২ সালের মধ্যে ছয়বার বিশ্বকাপে অংশ নিয়ে মাত্র তিনটি জয় পাওয়া দলটির লক্ষ্য এবার শুভসূচনা করা। ইরান এর আগে কখনো বিশ্বকাপের নকআউট পর্বে উঠতে পারেনি। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ ব্যবধানের ঐতিহাসিক জয়টিই এখন পর্যন্ত বিশ্বকাপে তাদের সেরা অর্জন।
কাগজে-কলমে ইরান ফেবারিট হলেও গত কয়েক মাসে মাঠের বাইরের নানা ঘটনা তাদের প্রস্তুতিতে বড় ধাক্কা দিয়েছে। প্রথম ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকলেও দলের সুপারভাইজার মাহদি মোহাম্মদ নবীসহ বেশ কয়েকজন সহায়ক কর্মকর্তা এখনো যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। এটি ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসরে দলটির অংশগ্রহণকে ঘিরে অনিশ্চয়তা তৈরি করেছে।
ইরান ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে দলের সুপারভাইজার মাহদি মোহাম্মদ নবী জানান, গ্রুপ পর্বের তিনটি ম্যাচের আগে দলের সব সদস্যের ভিসা নিশ্চিত করার বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তার প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছেন। উল্লেখ্য, ইরানের গ্রুপ পর্বের দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিরুদ্ধে এবং অন্য ম্যাচটি সিয়াটলে মিশরের বিপক্ষে অনুষ্ঠিত হবে।
নবী বলেন, ‘আমরা আশা করি ইনফান্তিনো ইরান জাতীয় দলকে দেওয়া তার প্রতিশ্রুতি রক্ষা করবেন। ফিফার নিয়ম ও প্রোটোকল সদস্য ফেডারেশন এবং আয়োজক দেশ—উভয়কেই সঠিকভাবে মেনে চলতে হবে।’
মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে ইনফান্তিনো বলেন, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত ২০২৬ ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ প্রমাণ করে যে ফুটবল রাজনৈতিক উত্তেজনা কাটিয়ে উঠতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে বৈরিতা শুরু হওয়ার পর এই প্রথম এমন পরিস্থিতি তৈরি হলো।
ইরানের অংশগ্রহণ নিশ্চিত করতে নিজের প্রচেষ্টার কথা উল্লেখ করে ইনফান্তিনো সাংবাদিকদের বলেন, ‘আমাকে যদি বাসে করে তেহরানে গিয়ে তাদের এখানে নিয়ে আসতে হতো, আমি তা-ই করতাম।’ বিশেষ করে ইরানের ভেতর থেকে বিশ্বকাপ বয়কটের জোরালো দাবির মুখে তিনি এই উদ্যোগ নেন।
ইরান ফুটবল ফেডারেশনের একটি সূত্র সংবাদমাধ্যম আনাদোলুকে জানায়, ম্যাচের আগে শেষ মুহূর্তে ভিসা পাওয়ার জন্য এখনো চেষ্টা চালানো হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্রটি জানায়, তারা এখনো আশা ছাড়েননি এবং ফিফাও বাকি সদস্যদের, বিশেষ করে প্রধান কর্মকর্তাদের ভিসা পাওয়ার ব্যাপারে সাহায্য করছে। পরে জানা যায়, ফেডারেশনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান, একজন নিরাপত্তা কর্মকর্তা এবং একজন দল বিশ্লেষকসহ চারজন ভিসা পেলেও দলের ম্যানেজারসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ভিসা পাননি।
দুই সপ্তাহ আগে ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসে ইনফান্তিনো নিশ্চিত করেছিলেন যে ইরান ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে এবং বয়কটের সমস্ত গুঞ্জন নাকচ করে দেন। গত ৫ মার্চ তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ১২ হাজার আসনবিশিষ্ট ইনডোর অ্যারেনা ধ্বংস হওয়ার পর এই বয়কটের দাবি জোরালো হয়েছিল।
হামলার পর ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দানিয়ামালি বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রকে একটি ‘দুর্নীতিগ্রস্ত শাসকগোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছিলেন। তবে এপ্রিলের শুরুতে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর ফিফার নানামুখী তৎপরতায় ইরান বিশ্বকাপে অংশ নিতে রাজি হয়।
প্রথমে ইরানের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় করার কথা থাকলেও রাজনৈতিক উত্তেজনা ও ভিসা জটিলতার কারণে তা মেক্সিকোর টিজুয়ানায় স্থানান্তর করা হয়। মেক্সিকো সরকার দ্রুত ভিসা দিলেও যুক্তরাষ্ট্র দলের অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তার ভিসা আটকে দেয়।
মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুলফজল পাসান্দিদেহ জানান, গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের দিনই ইরান দলকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে এবং ম্যাচ শেষেই ফিরে যেতে হবে। এটি দলের খেলোয়াড়দের জন্য বড় ধরনের শারীরিক ও মানসিক ক্লান্তির কারণ হতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.