আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি ও সম্ভাব্য নতুন সমঝোতার আলোচনার মধ্যেই বিদেশে আটকে থাকা বিপুল অঙ্কের সম্পদ ফেরত পাওয়ার চেষ্টা জোরদার করেছে ইরান। বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও আর্থিক বিধিনিষেধের কারণে বিশ্বের বিভিন্ন দেশে তেহরানের ১০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদ বর্তমানে স্থগিত বা সীমিত ব্যবহারের আওতায় রয়েছে বলে দাবি করছে দেশটি। খবর গালফ নিউজ।

বিশ্বজুড়ে জব্দ ইরানের ১০০ বিলিয়ন ডলার, ফেরত পেতে তেহরানের দৌড়ঝাঁপ
ইরানের পতাকা

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, চীন, ইরাক, দক্ষিণ কোরিয়া, ভারত, কাতার, জাপান, ওমান ও ইউরোপের কয়েকটি দেশে ইরানের তেল ও গ্যাস রপ্তানি থেকে অর্জিত বিপুল পরিমাণ অর্থ বছরের পর বছর ধরে আটকে আছে। দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ, উচ্চ মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলায় এই অর্থ ফেরত পাওয়াকে এখন অন্যতম প্রধান কূটনৈতিক অগ্রাধিকার হিসেবে দেখছে তেহরান।

বিদেশে আটকে থাকা ইরানি সম্পদের সবচেয়ে বড় অংশ রয়েছে চীনে। বিভিন্ন হিসাব অনুযায়ী, চীনা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ইরানের ২০ থেকে ৫০ বিলিয়ন ডলার পর্যন্ত জমা রয়েছে বলে ধারণা করা হয়।

এই অর্থের বড় অংশ এসেছে চীনের কাছে দীর্ঘদিন ধরে তেল বিক্রির মাধ্যমে। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ইরানি জ্বালানির অন্যতম বৃহৎ ক্রেতা হিসেবে রয়েছে। তবে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এসব অর্থের বড় অংশ ইরানের কাছে পৌঁছাতে পারেনি।

বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস রপ্তানির বিপরীতে ইরাকের কাছে ইরানের প্রায় ১০ থেকে ১৫ বিলিয়ন ডলার পাওনা রয়েছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।

তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে বাগদাদ এই অর্থ সরাসরি তেহরানে পাঠাতে পারছে না। ফলে অর্থের একটি বড় অংশ ইরাকি ব্যাংকিং ব্যবস্থায় আটকে রয়েছে।

২০১৮ সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পুনর্বহালের আগে ভারত ও দক্ষিণ কোরিয়া ছিল ইরানের গুরুত্বপূর্ণ তেল ক্রেতা। সেই সময়ের বকেয়া তেলমূল্যের বিপরীতে উভয় দেশের ব্যাংকগুলোতে প্রায় ৭ বিলিয়ন ডলার করে ইরানি অর্থ আটকে আছে বলে ধারণা করা হয়।

২০২৩ সালে দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা প্রায় ৬ বিলিয়ন ডলার কাতারে স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছিল। বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে এই অর্থ মানবিক খাতে ব্যবহারের শর্তে স্থানান্তর করা হয়। তবে পরবর্তী আঞ্চলিক উত্তেজনার কারণে অর্থ ব্যবহারে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়।

মূলত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণেই ইরানের অধিকাংশ বৈদেশিক সম্পদ অবরুদ্ধ অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক ব্যাংকগুলো নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে এসব অর্থ সরাসরি ইরানে স্থানান্তর করতে চায় না।

কিছু ক্ষেত্রে অর্থ স্থানীয় মুদ্রায় সংরক্ষিত রয়েছে, আবার কিছু তহবিল কেবল খাদ্য, ওষুধ ও অন্যান্য মানবিক পণ্য আমদানির জন্য সীমিতভাবে ব্যবহারের অনুমতি পেয়েছে।

তেহরান ইতোমধ্যে বিদেশে আটকে থাকা সম্পদের অন্তত ২৪ বিলিয়ন ডলার ধাপে ধাপে মুক্ত করার দাবি জানিয়েছে। বিভিন্ন সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় এই অর্থ ছাড় করানোর বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

ইরানি কর্মকর্তাদের মতে, অর্থ ফেরত পাওয়া গেলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে, মুদ্রার মান স্থিতিশীল রাখা সহজ হবে এবং আমদানি ব্যয় মেটাতে সরকার বাড়তি সক্ষমতা পাবে।

বিশ্লেষকদের মতে, বহু বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে চাপে থাকা ইরানের অর্থনীতির জন্য এই জব্দ সম্পদ বড় ধরনের স্বস্তি বয়ে আনতে পারে। বিশেষ করে তেল রপ্তানি স্বাভাবিক হওয়া এবং বিদেশে আটকে থাকা অর্থ দেশে ফিরতে শুরু করলে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া ত্বরান্বিত হতে পারে।

অন্যদিকে ওয়াশিংটনের জন্যও এই সম্পদ একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক হাতিয়ার। ফলে ভবিষ্যৎ সমঝোতা ও নিষেধাজ্ঞা শিথিলের আলোচনায় আটকে থাকা ইরানি সম্পদের বিষয়টি কেন্দ্রীয় ভূমিকা পালন করবে বলেই ধারণা করা হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.