আপনি পড়ছেন

গাজার মধ্যাঞ্চলের বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান আহমেদ উইশাহ নিহত হয়েছেন। তার সহকর্মীরা জানান, গতকাল শনিবারের ওই হামলায় উইশাহসহ দুইজন নিহত হন এবং অন্তত একজন ফিলিস্তিনি আহত হন।

গাজায় হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান নিহত
আহমেদ উইশাহ

এক বিবৃতিতে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে, গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি যুদ্ধের পর এ পর্যন্ত তাদের ১২ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। এই ভয়াবহ অপরাধের সঙ্গে জড়িত ইসরায়েলি কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায় ও আইনি প্রতিষ্ঠানগুলোকে জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বুরেইজ শিবিরে হামলার পর শনিবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০-এ দাঁড়ায়। নিহতদের মধ্যে গাজা সিটির কেন্দ্রীয় এলাকায় একটি বাড়িতে হামলায় একই পরিবারের চার সদস্যও রয়েছেন, যাদের মধ্যে দুটি শিশু ছিল। এছাড়া গাজা সিটির উত্তরে এক ব্যক্তি এবং উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় ইসরায়েলি গুলিতে এক নারী নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় এবং খান ইউনিসের পশ্চিমাংশেও লোকসমাগমের কাছে ইসরায়েলি হামলা চালানো হয়। এতে অন্তত একজন নিহত এবং আরও কয়েকজন আহত হন।

আহমেদ উইশাহর ভাই মোহাম্মদ উইশাহ গত ৮ এপ্রিল নিজ গাড়িতে ভ্রমণের সময় ইসরায়েলি গোলাবর্ষণে নিহত হন বলে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছিল। পরদিন ইসরায়েলি সেনাবাহিনী কোনো প্রমাণ ছাড়াই দাবি করে, মোহাম্মদ উইশাহ হামাসের রকেট ও অস্ত্র উৎপাদন ইউনিটের একজন ‘গুরুত্বপূর্ণ সদস্য’ ছিলেন। সে কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

তখন আল জাজিরা তার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছিল, এটি সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা এবং সত্যের কণ্ঠরোধের একটি পদ্ধতিগত নীতির অংশ।

শনিবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বক্তব্যে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র একই ধরনের অভিযোগ এনে কোনো প্রমাণ ছাড়াই আহমেদ উইশাহকে ‘হামাসের সদস্য’ বলে দাবি করেন। তবে আল জাজিরা ওই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। তাদের ভাষ্য, গাজায় আল জাজিরার সাংবাদিক ও ক্যামেরাকর্মীদের বিরুদ্ধে অপরাধকে ন্যায্যতা দেওয়ার জন্য ইসরায়েলি সেনাবাহিনী ধারাবাহিকভাবে মিথ্যা অভিযোগ ছড়িয়ে আসছে।

সাংবাদিকদের অধিকারবিষয়ক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এর আগেও নিহত ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলের অপপ্রচারের সমালোচনা করেছে। সংগঠনটি বলেছে, তারা এমন একটি ধারাবাহিক প্রবণতা লক্ষ্য করেছে, যেখানে সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হলেও তার পক্ষে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ উপস্থাপন করা হয় না।

শনিবারের বিবৃতিতে আল জাজিরা জানিয়েছে, গাজায় তাদের কর্মীদের বিরুদ্ধে সংঘটিত এসব অপরাধের জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতে তারা সব ধরনের আইনি পদক্ষেপ নেবে। এছাড়া ইসরায়েলি বাহিনীর ‘সত্যের কণ্ঠরোধের চেষ্টা’ সত্ত্বেও গাজার ঘটনা তুলে ধরার কাজ অব্যাহত রাখবে।

সিপিজের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত অন্তত ২৬০ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭৩ হাজার ১৮ জন নিহত এবং ১ লাখ ৭৩ হাজার ২৭৩ জন আহত হয়েছেন। এছাড়া গত অক্টোবর ঘোষিত যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় আরও ১ হাজার ৭ জন নিহত এবং ৩ হাজার ১৬৫ জন আহত হয়েছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.