আপনি পড়ছেন

বিশ্বজুড়ে একদিনে তিন দেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার খবর পাওয়া গেছে। এর মধ্যে ভেনেজুয়েলায় ৭ দশমিক ৫ ও ৭ দশমিক ২ মাত্রার, জাপানে ৬ দশমিক ৯ মাত্রার এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে— এসব ভূমিকম্প কি একে অপরের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত?

একদিনে তিন দেশে শক্তিশালী ভূমিকম্প, বিশেষজ্ঞরা যা বলছেন
ভেনেজুয়েলায় ভূমিকম্পের আঘাত

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ক্যালটেকের ভূকম্পবিদ ড. লুসি জোন্সের বরাতে জানিয়েছে, একদিনে তিন দেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ঘটনার মধ্যে কোনো ধরনের যোগসূত্র নেই।

তিনি বলেছেন, ভূমিকম্পগুলো পৃথক ফল্ট সিস্টেম ও ভিন্ন টেকটোনিক প্লেট সীমানায় ঘটেছে। ফলে একটি ভূমিকম্প অন্যটিকে সরাসরি উসকে দিয়েছে— এমনটি বলার সুযোগ নেই। তার ভাষ্য, হাজার হাজার মাইল দূরে সংঘটিত বড় ভূমিকম্প সাধারণত পৃথিবীর অন্য কোনো অঞ্চলে আরেকটি বড় ভূমিকম্পের সম্ভাবনা বাড়িয়ে দেয় না।

যদিও একই দিনে এসব ভূমিকম্পের ঘটনা কাকতালীয় মনে হতে পারে। তবে যেসব স্থানে ভূমিকম্পগুলো আঘাত হেনেছে, সেগুলো মোটেই অস্বাভাবিক নয়। প্রতিটি ভূমিকম্পই ঘটেছে সুপরিচিত সক্রিয় প্লেট সীমানা বা ফল্ট লাইনের আশপাশে, যেখানে কয়েক দশক থেকে শুরু করে কখনো কখনো শতাব্দীর পর শতাব্দী ধরে ভূত্বকের অভ্যন্তরে চাপ জমে আসছে।

ভূতত্ত্ববিদদের মতে, এমন এলাকায় বড় ধরনের ভূমিকম্প প্রকৃতির স্বাভাবিক চক্রেরই অংশ। যদিও ঠিক কখন তা ঘটবে, তা আগে থেকে নির্ভুলভাবে বলা এখনো সম্ভব নয়।

এ ধরনের শক্তিশালী ভূমিকম্পের ক্ষেত্রে সবচেয়ে তাৎক্ষণিক ঝুঁকি হলো ভবন ও অন্যান্য স্থাপনা ধসে পড়া। ড. লুসি জোন্স সতর্ক করে বলেছেন, ঘনবসতিপূর্ণ এলাকায় প্রবল কম্পনের কারণে গ্যাসলাইন ছিঁড়ে যাওয়া বা বৈদ্যুতিক ব্যবস্থার ক্ষতির ফলে অগ্নিকাণ্ডও ছড়িয়ে পড়তে পারে। একই সঙ্গে পানি সরবরাহের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হলে দমকল বাহিনী প্রয়োজনীয় পানি না পাওয়ায় আগুন নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়ে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ধারাবাহিক বা পরোক্ষ ক্ষয়ক্ষতি ভূমিকম্প-পরবর্তী বিপর্যয়কে আরও ভয়াবহ করে তুলতে পারে। অনেক ক্ষেত্রে বড় ভূমিকম্পের পর সৃষ্ট অগ্নিকাণ্ড অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় দ্বিগুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে।

ভেনেজুয়েলায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। আশঙ্কা করা হচ্ছে, প্রাণহানির সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখে পৌঁছাতে পারে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে পর পর দুটি শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। প্রথমে ইয়ারাকুই প্রদেশের রাজধানী সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৪০ সেকেন্ড পর ইউমারে এলাকার দক্ষিণ-পূর্বে ৭ দশমিক ৫ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মোরন উপকূলীয় এলাকার ঠিক পশ্চিমে এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল)।

ভেনেজুয়েলার ইতিহাসে এটি সবচেয়ে বড় এবং গত ১২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এই জোড়া ভূকম্পনের ফলে রাজধানী কারাকাস ব্যাপকভাবে কেঁপে ওঠে এবং বেশ কয়েকটি ভবন ধসে পড়ে। কেন্দ্রস্থলের কাছাকাছি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি মূল্যায়নে কাজ শুরু করেছে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

ইউএসজিএস সতর্ক করে বলেছে, শক্তিশালী এই ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এমনকি প্রাণহানি ১ লাখ পর্যন্তও পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.