অপশক্তির বিভেদ নয়, সম্প্রীতির বার্তা দিলেন প্রধানমন্ত্রী
- Details
- by ২৪ ডেস্ক
ধর্ম, বর্ণ ও মতের ভিন্নতা থাকলেও সবাইকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা অতীতেও হয়েছে, এখনও হচ্ছে। তবে ধর্ম-বর্ণ নির্বিশেষে একসঙ্গে বসবাস করাই বাংলাদেশের মানুষের চিরায়ত ঐতিহ্য ও মূল্যবোধ।

বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধনকালে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার এমন একটি রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে কাজ করছে, যেখানে প্রতিটি নাগরিক ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরাপদ ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন। তিনি বলেন, শুধু মানুষের নিরাপত্তাই নয়, মানুষের নিষ্ঠুরতার শিকার যেন কোনো প্রাণীও না হয়, সে বিষয়েও সরকার সচেতন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ এর লোগো ও স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে।
তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার হৃদয়ের সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্ক ছিল। কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণা করা যায় কি না, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, বিদ্রোহ, সাম্য, প্রেম, মানবতা, অসাম্প্রদায়িকতা ও স্বাধীনতার চেতনায় নজরুল অনন্য। অন্যায়, বৈষম্য, শোষণ, কুসংস্কার ও নির্যাতনের বিরুদ্ধে তার কলম ছিল প্রতিবাদের শক্তিশালী অস্ত্র।
তার ভাষ্য, বিপ্লবের গান থেকে শুরু করে ইসলামী সংগীত, ভজন, শ্যামাসংগীত, প্রেম, প্রকৃতি কিংবা মানবিক মূল্যবোধ—প্রতিটি ক্ষেত্রেই নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নজরুলের কবিতা ও গান মানুষের সাহস ও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল। তাই শুধু অতীত নয়, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছেও নজরুল সমানভাবে প্রাসঙ্গিক।
প্রধানমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারের এই সময়ে নতুন প্রজন্ম যেমন জ্ঞানের নতুন দিগন্তে প্রবেশ করছে, তেমনি মূল্যবোধের সংকটও তৈরি হচ্ছে। এ বাস্তবতায় নজরুলের মানবিক শিক্ষা, নৈতিকতা ও সাম্যের দর্শন তরুণদের জন্য আলোকবর্তিকা হতে পারে।
তিনি বলেন, নজরুলকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। গবেষণা, সাহিত্য সম্মেলন, সাংস্কৃতিক উৎসব, নাট্যোৎসব, সংগীতানুষ্ঠান, প্রকাশনা, চিত্রপ্রদর্শনী এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কবির সাহিত্য ও দর্শন দেশ-বিদেশে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে হবে।
সরকারপ্রধান বলেন, ‘নজরুল বর্ষ উদযাপন জাতীয় কমিটি’র মাধ্যমে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বছরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এসব আয়োজনে গবেষক, শিল্পী, শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীদের সম্পৃক্ত করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে বাংলা ভাষাভাষী মানুষের পাশাপাশি আন্তর্জাতিক গবেষক ও পাঠকদের কাছেও জাতীয় কবির সাহিত্য, সংগীত ও বিশ্বজনীন মানবিক বার্তা আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
বক্তব্যের একপর্যায়ে প্রধানমন্ত্রী নিজেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে উল্লেখ করে বলেন, তার কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ‘বাংলাদেশের মন’।
নজরুলের বিখ্যাত কবিতা ‘গাহি সাম্যের গান’ উদ্ধৃত করে তিনি বলেন, সাম্য, সম্প্রীতি ও মানবিকতার যে আদর্শ কবি তুলে ধরেছেন, সেটিই হওয়া উচিত বাংলাদেশের সমাজ ও রাষ্ট্র নির্মাণের অন্যতম ভিত্তি।
বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন এবং আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে জাতীয় কবির জীবন, সাহিত্য, সংগীত ও মানবিক দর্শনের নতুন মূল্যায়ন হবে এবং তার অসাম্প্রদায়িক চেতনা আরও বিস্তৃতভাবে মানুষের কাছে পৌঁছে যাবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.