আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্য সীমিত করার পক্ষে মত দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অধিকাংশ সদস্য দেশ। ইসরায়েলের মূল ভূখণ্ডের বদলে শুধুমাত্র ওই অবৈধ বসতিগুলোর বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব বিবেচনা করছে জোটটি।

ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্য কমাচ্ছে ইইউ
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস

বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর সোমবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। ইউরোপীয় কাউন্সিলের অনুরোধের পর ইউরোপীয় কমিশন ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্য আরও সীমিত করার বিভিন্ন বিকল্প উপস্থাপন করেছে বলে তিনি উল্লেখ করেন।

কাজা কালাস বলেন, ‘বসতিগুলোর সঙ্গে বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি সদস্য দেশগুলোর কাছ থেকে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে। আমরা রাষ্ট্রদূতদের এই কাজ এগিয়ে নেওয়ার দায়িত্ব দিয়েছি এবং সম্ভবত এ বিষয়ে একটি বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হবে।’

প্রস্তাবিত পদক্ষেপগুলো ইসরায়েলের বিরুদ্ধে নয়, বরং শুধুমাত্র অবৈধ বসতিগুলোর দিকে পরিচালিত হবে বলে জোর দেন তিনি। তিনি বলেন, ‘এগুলো হচ্ছে অবৈধ বসতিগুলোর বিরুদ্ধে বিকল্প ব্যবস্থা, যা দ্বিরাষ্ট্রীয় সমাধানকে বাধাগ্রস্ত করেছে।’

কাজা কালাস জানান, ইউরোপীয় কমিশনের প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে বসতিগুলো থেকে আসা পণ্যের আমদানির ওপর পূর্ণ বা আংশিক নিষেধাজ্ঞা, রপ্তানি লাইসেন্সের ক্ষেত্রে কঠোর শর্ত এবং সম্ভাব্য শুল্ক আরোপের বিষয়টি।

ইইউভুক্ত ২৭টি দেশই একমত যে আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েলি বসতিগুলো অবৈধ। জোটের বর্তমান নীতি অনুযায়ী বসতির পণ্যগুলোকে আলাদাভাবে চিহ্নিত করা হলেও, এর অসামঞ্জস্যপূর্ণ প্রয়োগের কারণে বাণিজ্য কমানোর ক্ষেত্রে তা খুব একটা কাজে আসেনি। কাজা কালাস আরও জানান, একটি আইনি মতামতে বলা হয়েছে যে যোগ্য সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে এই পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে।

উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি নিয়ে ইইউ মন্ত্রীরা একমত হয়েছেন যে হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচলের স্বাধীনতা অবশ্যই অবাধ থাকতে হবে। একইসঙ্গে ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সে বিষয়টিও পুনর্ব্যক্ত করা হয়েছে।

বৈঠকে ইউক্রেন ও রাশিয়া পরিস্থিতি নিয়েও আলোচনা করেন মন্ত্রীরা। আগামী শীতে রাশিয়া আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা চালাতে পারে বলে সতর্ক করেন কাজা কালাস। লাইসেন্সের অধীনে ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল তৈরির অনুমতি দেওয়ার মার্কিন সিদ্ধান্তকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানালেও এর উৎপাদন শুরু হতে সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তিনি জানান, ইইউয়ের ২১তম নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়ে এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। তবে সদস্য দেশগুলো একটি চুক্তিতে পৌঁছানোর বেশ কাছাকাছি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.