ফায়ার সার্ভিস: ৭ মাত্রার বেশি ভূমিকম্পে ঢাকায় উদ্ধারকাজ কঠিন হবে
- Details
- by ২৪ ডেস্ক
রাজধানী ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে ফায়ার সার্ভিসও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

রবিবার (২ আগস্ট) রাজধানীর বঙ্গবাজারে ফায়ার সার্ভিস সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী ‘অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিজি বলেন, ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি শক্তিশালী ভূমিকম্প হলে ফায়ার সার্ভিসের নিজস্ব অবকাঠামো ও সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সময়ে নগরীর বহু স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
তিনি বলেন, এ ধরনের দুর্যোগ মোকাবিলায় দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ১০০টি ফায়ার স্টেশনকে বিশেষ পরিকল্পনার আওতায় আনা হয়েছে। বড় ধরনের ভূমিকম্পের ঘটনায় এসব স্টেশন থেকে দ্রুত জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হবে।
পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে একটি ড্রাই এক্সারসাইজও সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি প্রয়োজন হলে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার সরঞ্জাম ও ফায়ার ফাইটার পরিবহনের বিষয়েও প্রস্তুতি নেওয়া হচ্ছে।
গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দুর্যোগকালে সংবাদমাধ্যমগুলোরও আগাম পরিকল্পনা থাকা জরুরি। বিভিন্ন গণমাধ্যম নিজেদের মধ্যে দায়িত্ব বণ্টন করে কাজ করলে সরকারের কাছে দ্রুত ও নির্ভুল তথ্য পৌঁছানো সহজ হবে, যা উদ্ধার কার্যক্রমকে আরও কার্যকর করবে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশের আগে অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভবন ধসের ধরন অনুযায়ী উদ্ধার কার্যক্রম ভিন্ন হয়ে থাকে। তাই রিপোর্টিংয়ের সময় ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
সাধারণ মানুষের মধ্যে ভূমিকম্প বিষয়ে সচেতনতা বাড়াতেও গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। তিনি বলেন, ভূমিকম্পের সময় কী করতে হবে, কোথায় আশ্রয় নিতে হবে, লিফট ব্যবহার না করা এবং জরুরি ওষুধ, টর্চলাইট ও বাঁশিসহ একটি জরুরি কিট প্রস্তুত রাখার মতো বিষয়গুলো নিয়মিত প্রচার করা প্রয়োজন।
ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল ও টানেলের মতো আধুনিক অবকাঠামোকে কেন্দ্র করে নতুন ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। এসব স্থানে দুর্ঘটনা মোকাবিলায় সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একটি ফায়ার স্টেশন স্থাপন করা হয়েছে এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সহযোগিতায় বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস একটি ব্যয়বহুল জরুরি সেবাদানকারী বাহিনী। প্রতিদিনের অগ্নিকাণ্ড ও উদ্ধার অভিযানে যানবাহন ও সরঞ্জামের রক্ষণাবেক্ষণে বড় ব্যয় হয়। এ ক্ষেত্রে উন্নয়ন সহযোগী সংস্থা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং স্বেচ্ছাসেবীদের সহযোগিতা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে ফায়ার লাইসেন্স প্রদানসহ বিভিন্ন সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেন ডিজি। তিনি বলেন, ফায়ার লাইসেন্স সম্পূর্ণ অনলাইন করা হয়েছে এবং প্রতিটি লাইসেন্সে কিউআর কোড সংযুক্ত করা হয়েছে, যাতে জাল লাইসেন্স ব্যবহার বন্ধ করা যায়।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহসহ প্রায় ৪০ জন সদস্য উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.