আপনি পড়ছেন

ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক হামলায় ১৫৩ জন বেসামরিক মানুষ নিহত এবং ২৪৩ জন আহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে। খবর আল জাজিরার

ইয়েমেনে মার্কিন হামলায় এক বছরে ১৫৩ বেসামরিক নাগরিক নিহত
ইয়েমেনের হোদেইদা গভর্নরেটে জ্বলতে থাকা জ্বালানিবাহী ভ্যান

গত মঙ্গলবার এক মার্কিন কর্মকর্তা এ তথ্য প্রকাশ করেন। পর্যালোচনায় বলা হয়েছে, ২০২৫ সালে ইয়েমেনে মার্কিন সামরিক বাহিনীর নথিভুক্ত সব বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন এপ্রিল মাসে চালানো তিনটি হামলায়।

বেসামরিক হতাহতের বিষয়ে পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনের অংশ হিসেবে প্রস্তুত করা শ্রেণিবিন্যাসমুক্ত এই মূল্যায়ন মার্কিন কংগ্রেসে পাঠানো হয়েছে। এনবিসি নিউজের প্রতিবেদনের পর এটি অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) হাতে আসে। নাম প্রকাশ না করার শর্তে এক পেন্টাগন কর্মকর্তা এপিকে বলেন, আগামী কয়েক মাসের মধ্যে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে জমা দেবে প্রতিরক্ষা দপ্তর।

পেন্টাগনের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় গত বছর ইয়েমেনে মার্কিন হামলায় বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪ সালে মার্কিন সামরিক অভিযানে মাত্র দুজন বেসামরিক নাগরিক নিহত ও দুজন আহত হওয়ার কথা জানিয়েছিল পেন্টাগন।

এপ্রিলের ওই তিনটি হামলার লক্ষ্য ছিল বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানা ও এর আশপাশে হুথি বাহিনী এবং রাস ইসা জ্বালানি বন্দর। এর মধ্যে রাস ইসা বন্দরে হামলাটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী। এতে ৮০ জন নিহত ও ১৭১ জন আহত হন। হামলার পর বন্দরের আকাশে বিশাল অগ্নিগোলক দেখা যায় এবং বেশ কয়েকটি তেলবাহী ট্রাক জ্বলতে থাকে। পরে হুথিদের পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেলে হামলার পরবর্তী দৃশ্য সম্প্রচার করা হয়, যেখানে ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মরদেহ দেখা যায়।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনাকারী ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সে সময় জানিয়েছিল, হুথিদের জ্বালানি ও রাজস্বের একটি উৎস বন্ধ করাই ছিল ওই হামলার লক্ষ্য।

পেন্টাগনের পরবর্তী পর্যালোচনায় গোয়েন্দা তথ্য, হামলার ছবি এবং উন্মুক্ত উৎসের বিভিন্ন প্রতিবেদন বিশ্লেষণ করে সিদ্ধান্তে আসা হয়, ওই তিনটি হামলায় ‘সম্ভবত বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন’। পর্যালোচনায় আরও বলা হয়েছে, নিহত ও আহতদের কিংবা তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ বা সমবেদনা-ভিত্তিক অর্থ দেওয়ার প্রয়োজন নেই। তবে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রতিবেদনে তার ব্যাখ্যা দেওয়া হয়নি।

ইয়েমেনে মার্কিন অভিযানে বেসামরিক হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বেসরকারি সংস্থাগুলোর কাছ থেকে পাওয়া বেসামরিক হতাহতের অভিযোগের ভিত্তিতে ফেব্রুয়ারি পর্যন্ত আরও ১৫টি ঘটনা পর্যালোচনা করছিল সেন্টকম।

ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র প্রথম হামলা শুরু করে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে, ২০২৩ সালে। সে সময় লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হুথিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছিল। হুথিরা বলেছিল, গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে চাপ সৃষ্টি এবং ফিলিস্তিনিদের সমর্থন জানাতেই তারা এসব হামলা চালাচ্ছে।

২০২৫ সালে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইয়েমেনে মার্কিন অভিযান আরও জোরদার হয়। ওয়াশিংটনের দাবি, হুথিদের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং লোহিত সাগরে নৌযান চলাচল নিরাপদ রাখাই এসব হামলার উদ্দেশ্য।

তবে পেন্টাগনের এই মূল্যায়নে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে নৌযান লক্ষ্য করে ট্রাম্প প্রশাসনের চালানো হামলায় হতাহতের হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.