৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন, শুরুতেই ভোট দিলেন তারেক রহমান
- Details
- by ২৪ ডেস্ক
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা দুইটার দিকে জাতীয় সংসদের সংসদকক্ষে ভোটগ্রহণ শুরু হয়। প্রথমে ভোট দেন রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এরপর সংসদকক্ষেই ভোট গণনা করে ফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বেলা দুইটায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে ডাকা সংসদ সদস্যদের বিশেষ বৈঠক শুরু হয়। পরে নির্বাচনের নির্বাচনী কর্তা সিইসি এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।
সিইসি বলেন, সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। নির্বাচনে অলি আহমদকে প্রস্তাব করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং সমর্থন করেছেন এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।
অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রস্তাবক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।
১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইন ও বিধিমালা অনুযায়ী ভোট দেওয়ার পদ্ধতি সংসদ সদস্যদের বুঝিয়ে দেওয়ার পর ভোট গ্রহণ শুরু হয়। এরপর একে একে সংসদ সদস্যরা ভোট দিতে থাকেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় তিনি নিজেও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের দিন তার সংসদীয় আসন শূন্য হবে। অন্যদিকে অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় তিনি ভোট দিতে পারবেন না।
ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বাইরে সংসদ সদস্যদের ভোট দেওয়ার সুযোগ নেই।
৩৫০ আসনের জাতীয় সংসদে চট্টগ্রাম-৪ আসনের ফলাফল এখনো ঘোষণা হয়নি। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে বিএনপির ২৪৭ জন। দলটির মিত্র বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনের একজন করে সদস্য থাকায় বিএনপি জোটের মোট আসন ২৫০টি।
অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্য ৯০ জন। এ ছাড়া এনসিপির আটজন, বাংলাদেশ খেলাফত মজলিসের তিনজন, খেলাফত মজলিসের একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন এবং আটজন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গোপন নয়। সংসদ সদস্যরা ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ভোট দেবেন। ভোট শেষে সংসদকক্ষেই গণনা করা হবে এবং ফলাফল ঘোষণা করবেন সিইসি।
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বর্তমানে সংসদের নিয়মিত অধিবেশন না থাকায় সংসদ সদস্যদের নিয়ে আলাদা বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সভাপতিত্বের পাশাপাশি নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার।
গত ২৪ জুলাই আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নতুন রাষ্ট্রপতি আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে শপথ নেবেন বলে জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.