আপনি পড়ছেন

বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি, সরবরাহ সংকট এবং পরিবহন খরচ বাড়ার কারণে জার্মানিতে ডিজেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। মাত্র দুই মাসের ব্যবধানে দেশটিতে ডিজেলের দাম ৩০ শতাংশেরও বেশি বেড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

জার্মানিতে দুই মাসে ডিজেলের দাম বেড়েছে রেকর্ড ৩০ শতাংশ
জার্মানির একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মূল্যতালিকা প্রদর্শিত হচ্ছে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাতের মতো ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে ইউরোপজুড়ে জ্বালানি সরবরাহ ও পরিবহন রুট বাধাগ্রস্ত হয়েছে। এর প্রভাবে পুরো ইউরোপেই জ্বালানির দাম ঊর্ধ্বমুখী। আনাদোলুর সংকলিত তথ্য অনুযায়ী, ইউরোপের মধ্যে ফিনল্যান্ডে ডিজেলের দাম সবচেয়ে বেশি, প্রতি লিটার ২.৩৩৪ ইউরো। এরপর রয়েছে নেদারল্যান্ডস (২.৩২৩ ইউরো), ফ্রান্স (২.১৬৯ ইউরো), বেলজিয়াম (২.১৫৭ ইউরো) এবং জার্মানি (২.১৪৯ ইউরো)। অন্যদিকে এই অঞ্চলে সবচেয়ে কম দামে ডিজেল মিলছে তুরস্কে, প্রতি লিটার প্রায় ৮০ তার্কিশ লিরা বা ১.৪৪ ইউরো।

জার্মানির অটোমোবাইল ক্লাব এড্যাকের তথ্য অনুযায়ী, ১৮ আগস্ট দেশটিতে ডিজেলের দাম প্রতি লিটার ২.২৫৩ ইউরোতে পৌঁছায়, যা তিন মাসের মধ্যে সর্বোচ্চ। আগের সপ্তাহের তুলনায় প্রতি লিটারে দাম বেড়েছে ৫.৩ ইউরো সেন্ট। এর আগে ২৩ জুন ডিজেলের দাম ছিল প্রতি লিটার ১.৭২১ ইউরো। সেখান থেকে দাম ৩০ শতাংশেরও বেশি বেড়েছে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামই জার্মানিতে ডিজেলের উচ্চমূল্যের একমাত্র কারণ নয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর রুশ তেলের ওপর নির্ভরতা কমিয়ে জার্মানি বিকল্প উৎসের দিকে ঝুঁকেছে। জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরের (ডেস্টাটিস) তথ্য অনুযায়ী, বর্তমানে জার্মানির অপরিশোধিত তেলের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ নরওয়ে। গত বছর জার্মানির মোট আমদানির ১৬.৬ শতাংশ বা ১২.৫ মিলিয়ন টন তেল এসেছে নরওয়ে থেকে। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র (১৬.৪ শতাংশ বা ১২.৪ মিলিয়ন টন) এবং লিবিয়া (১৩.৮ শতাংশ বা ১০.৪ মিলিয়ন টন)।

সরবরাহ রুট পরিবর্তনের কারণে পরিবহন খরচ বেড়েছে, যা ডিজেলের দামের ওপর অতিরিক্ত চাপ ফেলছে। বিশেষ করে পশ্চিম জার্মানির রাইন নদীতে পানি কমে যাওয়ায় তেলবাহী জাহাজগুলো পূর্ণ ধারণক্ষমতায় চলতে পারছে না। এড্যাকের তথ্য অনুযায়ী, রাইন নদীতে পানি কমে যাওয়ার কারণে বিশেষ করে পশ্চিম জার্মানিতে জ্বালানির দাম বেড়েছে। রাইন নদীর তীরবর্তী নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যে ডিজেলের দাম বেড়ে প্রতি লিটার ২.২৫৪ ইউরোতে দাঁড়িয়েছে।

জার্মানির কেন্দ্রীয় অর্থ ও জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশে জ্বালানির দাম মূলত সরবরাহ ও চাহিদার ওপর নির্ভর করে। ডিজেলের চূড়ান্ত খুচরা মূল্যের মধ্যে জ্বালানি কর, ১৯ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট), কার্বন খরচ এবং পরিবহন ও সংরক্ষণের ব্যয় অন্তর্ভুক্ত থাকে। জ্বালানি খরচের বোঝা কমাতে জার্মান সরকার ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত পেট্রল ও ডিজেলের ওপর জ্বালানি কর সাময়িকভাবে প্রতি লিটারে ১৪.০৪ ইউরো সেন্ট (ভ্যাটসহ প্রায় ১৭ সেন্ট) কমিয়েছিল। ১ জুলাই এই মেয়াদ শেষ হওয়ার পর কর ছাড় প্রত্যাহার করা হয়, যার ফলে পাম্পগুলোতে তেলের দাম আবারও বাড়তে শুরু করে।

আনাদোলুকে জার্মান নাগরিক রসিথা হেনকেল জানান, অনেকেই এখন আর এত বেশি দামে জ্বালানি কিনতে পারছেন না। তিনি বলেন, ‘এই পরিস্থিতি আমাকে খুব ভয় দেখাচ্ছে কারণ এটি আমাদের স্বাধীনতাকে সীমিত করছে। আমরা আর ১৯৬০ বা ১৯৭০-এর দশকের মতো স্বাচ্ছন্দ্যে নেই। আগের মতো ইচ্ছেমতো চলাফেরা করতে পারি না। এটি অনেক মানসিক চাপ তৈরি করছে এবং অনেকের জন্যই তা অসহনীয় হয়ে উঠেছে।’

তিনি আরও জানান, জ্বালানির উচ্চমূল্য সত্ত্বেও রাস্তায় অনেক গাড়ি দেখা যায়, যা তাকে অবাক করে। সম্প্রতি তিনি সর্বোচ্চ ২.৭০ ইউরো দাম দেখেছেন বলেও উল্লেখ করেন।

জ্বালানির দাম স্থিতিশীল করার এবং সরকারের বাতিল করা ভর্তুকি পুনরায় চালুর দাবি জানিয়ে হেনকেল বলেন, ‘এ বিষয়ে খুব বেশি কিছু করা হচ্ছে না। সরকার বা রাজনীতিকরা চাইলে কিছু করতে পারেন। কিন্তু ভুগতে হচ্ছে আমাদের মতো সাধারণ নাগরিকদের। আমরা জানি না কী করতে হবে।’

আরেক জার্মান নাগরিক ডিটার ক্রুগার বলেন, ‘জ্বালানির দাম কেন এত বেশি, তা আমি বুঝতে পারছি না। আমার মতে, ভোক্তাদেরই সবসময় সবচেয়ে বেশি ভুগতে হয়। সাধারণত কিছু মানুষ এই পরিস্থিতি থেকে লাভবান হয়, তবে তা প্রমাণ করা কঠিন।’

ক্রুগার জানান, প্রতিবেশী পোল্যান্ডে জ্বালানির দাম কম হওয়ায় অনেক জার্মান চালক সীমান্ত পেরিয়ে সেখানে গিয়ে তেল ভরছেন। তিনি বলেন, ‘সবাই পোল্যান্ডে গিয়ে গাড়ির ট্যাংক ভর্তি করছে। আমি এর কারণ বুঝতে পারি। সবার কাছে তো এত টাকা নেই।’

জার্মান সরকারের পদক্ষেপ দাবি করে ক্রুগার বলেন, ‘আমি চাই আমাদের সরকার যেন একটি সংবেদনশীল সরকার হয়, যারা মানুষের কথা শুনবে এবং তাদের জন্য যা গুরুত্বপূর্ণ তাতে মনোযোগ দেবে। এটি খুব বুদ্ধিমানের কাজ হতে পারে। সামগ্রিকভাবে কিছু একটা পরিবর্তন হওয়া দরকার। এভাবে চলতে পারে না। একেবারেই না।’

নাদিয়া বেনিং নামের একজন শিক্ষক জানান, তিনি খুব কম গাড়ি ব্যবহার করলেও দাম অনেক বেশি। পানি, বিদ্যুৎ ও হিটিংয়ের মতো বিষয়গুলো জীবনের মৌলিক অংশ উল্লেখ করে তিনি বলেন, ‘মৌলিক চাহিদার জন্য আমাদের কেন এত বেশি টাকা দিতে হবে? এগুলো যখন এত ব্যয়বহুল হয়ে যায়, তখন তা মানুষকে নিঃস্ব করে দেয়।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.