ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে স্পষ্ট করেছেন উয়েফা সভাপতি আলেক্সান্দার শেফেরিন। তবে ফুটবলের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থার আগামী নির্বাচনে ইনফান্তিনো শক্ত প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে পারেন বলে তিনি সতর্ক করেছেন। একই সঙ্গে ফুটবল সম্প্রদায়ের সমর্থন হারানোর বিষয়টি উপলব্ধি করে ইনফান্তিনোকে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানিয়েছেন তিনি।

উয়েফা সভাপতি: ফিফা সভাপতির পদত্যাগ করা উচিত
উয়েফা সভাপতি আলেক্সান্দার শেফেরিন

বিশ্বকাপের অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি বিতর্কিত পরিকল্পনা থেকে সম্প্রতি সরে আসতে বাধ্য হন ইনফান্তিনো। ইউরোপীয় ফুটবলের গভর্নিং বডি উয়েফাসহ অন্যান্য কনফেডারেশন এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে এবং উয়েফা ফিফার প্রতিযোগিতা বর্জনের হুমকি দেয়।

‘দ্য রেস্ট ইজ পলিটিক্স: লিডিং’ শীর্ষক পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে শেফেরিন ওই পরিকল্পনার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘এটি তথাকথিত সুপার লিগ পরিকল্পনার চেয়েও মারাত্মক ছিল।’ তিনি আরও বলেন, ‘আমি পুরোপুরি নিশ্চিত যে এই পরিকল্পনাটি এখন সম্পূর্ণ বাতিল হয়ে গেছে। আমাদের জন্য সবচেয়ে বড় বিষয় হলো, খেলাটিকে বিক্রির আরেকটি অপচেষ্টা আমরা রুখে দিতে পেরেছি।’

শেফেরিন জানান, বর্তমানে ইনফান্তিনোর সামনে দুটি পথ খোলা রয়েছে। প্রথমত, ভোটারদের পাশাপাশি ফুটবলপ্রেমী, বর্তমান ও সাবেক খেলোয়াড় এবং কোচদের সমর্থন হারিয়েছেন তা মেনে নিয়ে পদ ছেড়ে দেওয়া। আর দ্বিতীয় পথটি হলো, আগামী মার্চে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং অন্য প্রার্থীর মুখোমুখি হওয়া।

২০১৬ সাল থেকে ফিফার দায়িত্বে থাকা ইনফান্তিনো মরক্কোতে অনুষ্ঠেয় পরবর্তী নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছিল। তবে পরিবর্তিত পরিস্থিতিতে ফিফা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছে।

৫৮ বছর বয়সী শেফেরিনকে ফিফা সভাপতির পদে সম্ভাব্য বিকল্প মনে করা হলেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন, উয়েফার দায়িত্বে থেকেই তিনি আনন্দ পান এবং ব্যক্তিগত জীবন উপভোগ করতে চান। তিনি বলেন, ‘আমি এই পদের পেছনে না ছুটলে আমার বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা আরও অনেক বেশি থাকে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন করা হলে শেফেরিন বলেন, কোনো রাজনীতিবিদ কারও ভালো বন্ধু হতে পারেন—এমন ভাবাটা নিছক বোকামি। কোনো জটিলতা তৈরি হওয়ামাত্রই রাজনীতিকরা বন্ধুত্ব বজায় রাখেন না।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.