৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরত শুরু
- Details
- by ২৪ ডেস্ক
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি গ্রাহকদের আমানতের মূল টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে আগামী ৭ সেপ্টেম্বর। প্রাথমিক পর্যায়ে গ্রাহকেরা তাদের হিসাবের জমা মূল অর্থ একবারে উত্তোলন করতে পারবেন। তবে এ অর্থের সঙ্গে কোনো মুনাফা দেওয়া হবে না।

এ জন্য আগামীকাল মঙ্গলবার থেকে ব্যাংকের বিভিন্ন শাখায় গ্রাহকদের কাছ থেকে আবেদন নেওয়া শুরু হবে। ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে ব্যাংকের বিভাগীয়, জোনাল ও শাখা পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জারি করা বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, ৭ সেপ্টেম্বর থেকে আমানতের মূল অর্থ পরিশোধের কার্যক্রম চালু করা হবে। এতে স্বাক্ষর করেছেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও অপারেশনসের প্রধান সমন্বয়ক এ এফ সাব্বির আহমদ।
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পুনরায় চালুর কথা রয়েছে। তবে নগদ অর্থের চাহিদা নির্ধারণ, শাখা ও উপশাখায় টাকা সরবরাহ এবং বাংলাদেশ ব্যাংক থেকে প্রয়োজনীয় নগদ সংগ্রহসহ বেশ কিছু প্রস্তুতিমূলক কাজ থাকায় আমানত ফেরতের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে আরও কয়েক দিন সময় নেওয়া হচ্ছে।
ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং বিভিন্ন মেয়াদি আমানত—যেমন এমটিডিআর ও ডিপিএস—থেকে গ্রাহকেরা তাদের জমা মূল অর্থ উত্তোলন করতে পারবেন।
তবে কেউ যদি হিসাব বন্ধ না করে চালু রাখেন, তাহলে সংশ্লিষ্ট চুক্তিতে নির্ধারিত হারে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে। ব্যাংকের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে গ্রাহকেরা পরবর্তীতে মুনাফাসহ প্রয়োজন অনুযায়ী অর্থ জমা ও উত্তোলন করতে পারবেন।
এদিকে গ্রাহকদের আস্থা পুনর্গঠনের লক্ষ্যে ১ সেপ্টেম্বরকে বিশেষভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এদিন শাখা ও উপশাখাগুলো পরিচ্ছন্ন ও আকর্ষণীয়ভাবে সাজানোর পাশাপাশি কর্মকর্তাদের নির্ধারিত পোশাকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গ্রাহকদের ফুল বা উপহার দিয়ে স্বাগত জানানো এবং জ্যেষ্ঠ নাগরিক, নারী ও প্রতিবন্ধী গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে সেবা দেওয়ার কথাও বলা হয়েছে। একই সঙ্গে শাখাগুলোতে ইতিবাচক পরিবেশ নিশ্চিত করে গ্রাহকসেবা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছে। সেবার কার্যক্রমের ভিডিও ধারণের নির্দেশনাও রয়েছে।
দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির কারণে আমানত ফেরত দিতে সমস্যায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংক—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।
ব্যাংকটির তথ্য অনুযায়ী, একীভূত পাঁচ ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট আমানতের পরিমাণ প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবে রয়েছে আনুমানিক ১৫ হাজার কোটি টাকা।
অন্যদিকে, পাঁচ ব্যাংকের সম্মিলিত ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ৯২ হাজার কোটি টাকা। এর প্রায় ৮৬ শতাংশই বর্তমানে খেলাপি। পাশাপাশি ব্যাংকগুলোর মূলধন ঘাটতির পরিমাণ দেড় লাখ কোটি টাকারও বেশি।
সরকারের মালিকানাধীন ব্যাংক হিসেবে গত বছরের নভেম্বরে কার্যক্রম শুরু করে সম্মিলিত ইসলামী ব্যাংক। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। অবশিষ্ট ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার হিসেবে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.