আপনি পড়ছেন

দেশের ও জনগণের কল্যাণে সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপে সহযোগিতা এবং জনস্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় সংসদ ও রাজপথে অহিংস অবস্থান বজায় রাখার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে রাজপথের সব কর্মসূচিতে দায়িত্বশীল ও নিয়মতান্ত্রিক আচরণ নিশ্চিত করার বিষয়ে নিজেদের প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে দলটি।

জামায়াত আমির: সরকারের ভালো কাজে সমর্থন, অন্যায়ে অহিংস আন্দোলন
ডা. শফিকুর রহমান

বুধাবর রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই অবস্থান তুলে ধরা হয়। পরবর্তীতে সভার আলোচ্য বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রসঙ্গ টেনে জামায়াত আমির সভায় স্পষ্ট করেন যে, গণভোটের মাধ্যমে প্রকাশিত গণরায় বাস্তবায়িত না হলে দেশের রাজনীতিতে নতুন সংকট দেখা দিতে পারে। এই রায় কার্যকরে সংসদের ভেতর ও বাইরে নিজেদের আন্তরিক ভূমিকা অব্যাহত রাখার কথা জানান বিরোধীদলীয় নেতা। মতবিনিময় সভায় উপস্থিত গণমাধ্যম নির্বাহীরাও উল্লেখ করেন, জুলাই সনদ অনুযায়ী আয়োজিত গণভোটের রায়ের বিষয়ে কোনো প্রকার দ্বিমত না রেখে তা মেনে নেওয়া উচিত। এছাড়া বর্তমান সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর নিয়মতান্ত্রিক ও গঠনমূলক ভূমিকার বিষয়টিও সভায় উঠে আসে।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, তথ্য পরিবেশনের পাশাপাশি জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তিনি বিরোধী দলের কার্যক্রম নিয়ে যেকোনো গঠনমূলক পরামর্শ বা ত্রুটি নির্দ্বিধায় তুলে ধরার আহ্বান জানান।

মতবিনিময়কালে ইলেকট্রনিক মিডিয়া খাতের অভ্যন্তরীণ সংকট নিয়ে জামায়াত আমিরের সঙ্গে আলোচনা করেন গণমাধ্যম প্রধানরা। প্রিন্ট মিডিয়ার মতো ইলেকট্রনিক মিডিয়ায় নির্দিষ্ট বেতনকাঠামো ও ওয়েজ বোর্ড না থাকায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার বিষয়টি তুলে ধরা হলে জামায়াত আমির একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এসব সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাভিশনের প্রধান সম্পাদক ও হেড অব নিউজ ড. আবদুল হাই সিদ্দিক, সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের আহমেদ বাবু, যমুনা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, এটিএন বাংলার হেড অব নিউজ মনিউর রহমান, এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান কাঞ্চন, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস খান, এখন টিভির হেড অব নিউজ মোস্তফা কামাল স্বপন, স্টার নিউজের হেড অব নিউজ ওয়ালিউর রহমান মিরাজ, একাত্তর টিভির প্রধান নির্বাহী ও হেড অব নিউজ শফিক আহমেদ, ইনডিপেনডেন্ট টিভির হেড অব নিউজ মামুন আব্দুল্লাহ, ডিবিসি নিউজের সিএনই সাহাবুদ্দীন চৌধুরী, নিউজ টোয়েন্টিফোরের হেড অব নিউজ শরিফুল ইসলাম খান এবং চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক ও হেড অব নিউজ জহিরুল আলমসহ শীর্ষ পর্যায়ের সাংবাদিকরা।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.