আপনি পড়ছেন

বৈশ্বিক মন্দা, অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির মুখে দেশের তৈরি পোশাক খাতের চার শতাধিক কারখানা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) ২৮২টি এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ১২০টি প্রতিষ্ঠান রয়েছে।

বহুমুখী সংকটে ৩ বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা
তৈরি পোশাক শ্রমিক

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই পরিসংখ্যান তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মন্ত্রী জানান, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সময়ে এসব কারখানা কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। কারখানাগুলোর পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

কারখানা বন্ধের কারণ হিসেবে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বহুমুখী সংকটের কথা উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, করোনাভাইরাস মহামারির দীর্ঘমেয়াদি প্রভাবের পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত এবং যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার ফলে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের মন্দা তৈরি হয়েছে। অভ্যন্তরীণ পর্যায়ে রাজনৈতিক অস্থিরতা, অর্থ পাচারের কারণে ব্যাংকিং খাতে তারল্য সংকট এবং ইউরোপীয় ইউনিয়নে ভারত ও ভিয়েতনামের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধার কারণে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। তাছাড়া তদারকির সুবিধার জন্য আন্তর্জাতিক ক্রেতারা বড় কারখানাকে অগ্রাধিকার দেওয়ায় ছোট ও মাঝারি কারখানাগুলো কার্যাদেশ হারিয়ে সংকটে পড়েছে।

উৎপাদন সক্ষমতার সংকটের বিষয়ে পোশাক খাতের উদ্যোক্তাদের পর্যবেক্ষণও তুলে ধরা হয়। গ্যাস সরবরাহের তীব্র ঘাটতির কারণে কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় চলতে পারছে না। এর সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, ব্যাংক ঋণের চড়া সুদ এবং শ্রমিকদের বর্ধিত মজুরির চাপে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে কারখানাগুলো।

এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও রপ্তানি প্রবাহ বজায় রাখতে সরকারের পক্ষ থেকে নীতি ও আর্থিক সহায়তা অব্যাহত রয়েছে। রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের বিকল্প হিসেবে ১.৫ শতাংশ নগদ সহায়তা দেওয়া হচ্ছে। ইউরো অঞ্চলের জন্য অতিরিক্ত ০.৫ শতাংশ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য অতিরিক্ত ৩ শতাংশ বিশেষ প্রণোদনা বরাদ্দ রয়েছে। তৈরি পোশাক খাতে সাধারণ ০.৩ শতাংশ নগদ সহায়তার পাশাপাশি বন্ডেড ওয়্যারহাউস, ব্যাক-টু-ব্যাক এলসি ও কর অবকাশ সুবিধা চালু রয়েছে।

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) হারানোর ঝুঁকি তৈরি হয়েছে, যার ফলে রপ্তানি খাতে প্রায় ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা রয়েছে। এই ক্ষতি মোকাবিলায় সরকার বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অংশীদারত্ব চুক্তি সম্পাদনের কাজ চালাচ্ছে। ইতোমধ্যে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সম্পন্ন হয়েছে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা) নিয়ে আলোচনা চলছে। ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ানভুক্ত দেশসমূহ, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও চীনের সঙ্গেও চুক্তি সম্পাদনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

বাজার বহুমুখীকরণের অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরে ৫০টি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে সরকার। নতুন বাজারে পোশাক রপ্তানির ক্ষেত্রে ২ শতাংশ বিশেষ নগদ সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক ক্রেতা আকর্ষণ করতে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ২০২৫-২৬ অর্থবছরে 'গ্লোবাল সোর্সিং এক্সপো' আয়োজনের উদ্যোগ নিয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.