ছয় মাসে খাদ্য মজুত বাড়ল প্রায় দেড় লাখ টন
- Details
- by ২৪ ডেস্ক
বর্তমান সরকারের প্রথম ছয় মাসে দেশে খাদ্যশস্যের মজুত ১ লাখ ৪৮ হাজার ৪৮৪ মেট্রিক টন বেড়েছে। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী, বর্তমানে দেশে খাদ্যশস্যের মোট মজুত দাঁড়িয়েছে ২৩ লাখ ৫৯ হাজার ১৫৪ মেট্রিক টনে। এর আগে ১০ ফেব্রুয়ারি এই মজুতের পরিমাণ ছিল ২২ লাখ ১০ হাজার ৬৭০ মেট্রিক টন।

দেশে আগে খাদ্যশস্য মজুতের ধারণক্ষমতা ছিল প্রায় ২৪ লাখ মেট্রিক টন। তবে বিএনপি সরকারের বিশেষ উদ্যোগে আগামী পাঁচ বছরের মধ্যে এই ধারণক্ষমতা ৩৪ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে গুদামগুলোর ধারণক্ষমতা বাড়িয়ে ২৭ লাখ মেট্রিক টন করা হয়েছে।
খাদ্য কর্মকর্তারা জানান, ধারণক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ খাদ্য মজুতের সীমা বাড়াতেও পদক্ষেপ নিয়েছে সরকার। আগে ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন খাদ্যশস্যের মজুতকে নিরাপদ সীমা হিসেবে বিবেচনা করা হতো। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এই মানদণ্ড সংশোধন করে নিরাপদ মজুতের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ১৬ লাখ মেট্রিক টন।
কর্মকর্তারা জানান, সরকারের খাদ্যবান্ধব নীতিমালার কারণে বর্তমানে দেশে খাদ্য পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই। খাদ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত বেশ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। বর্তমান মোট মজুতের মধ্যে রয়েছে ২০ লাখ ৩৬ হাজার ১০২ মেট্রিক টন চাল, ২ লাখ ৩২ হাজার ১৮৩ মেট্রিক টন গম এবং ৩৪ হাজার ৭০ মেট্রিক টন ধান।
এছাড়া ভাসমান মজুতসহ (পরিবহন ও প্রক্রিয়াকরণাধীন শস্য) সরকারি খাদ্যশস্যের মোট পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ৫৯ হাজার ১৫৪ মেট্রিক টনে। যার মধ্যে ভাসমান মজুত হিসেবে রয়েছে ৬৮ হাজার ৭২৩ মেট্রিক টন গম।
কর্মকর্তারা জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদের তুলনায় বর্তমানে খাদ্যশস্যের মজুতে ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্টভাবে দৃশ্যমান।
খাদ্য সংশ্লিষ্ট অংশীজনরা জানান, বাজারে পর্যাপ্ত সরবরাহ বজায় রাখা, মূল্য স্থিতিশীল রাখা এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় এই পর্যাপ্ত খাদ্য মজুত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে চলমান বোরো সংগ্রহ কার্যক্রমেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৬ লাখ ৮৩ হাজার ১৯৫ মেট্রিক টন খাদ্যশস্য (ধান ও চাল) সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫ লাখ ৭৮ হাজার ১৪০ মেট্রিক টন ধান, ১২ লাখ ১ হাজার ৫৬৮ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ ৫ হাজার ৩১৩ মেট্রিক টন আতপ চাল রয়েছে। এছাড়া একই সময়ে ৫২৩ মেট্রিক টন গম সংগ্রহ করা হয়েছে।
সম্ভাব্য খাদ্য ঘাটতি মোকাবিলা এবং মজুত ব্যবস্থা আরও শক্তিশালী করতে খাদ্যশস্য আমদানির কার্যক্রমও চলমান রয়েছে। ২০২৬ সালের ১ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে মোট ৮ লাখ ২৭ হাজার ৭০০ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে। এর মধ্যে সরকারিভাবে ৬৫ হাজার ৮৬০ মেট্রিক টন এবং বেসরকারি খাতে ৭ লাখ ৬১ হাজার ৮৪০ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি হয়।
খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার উৎপাদন, সংগ্রহ, আমদানি এবং মজুতের সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে। জনগণের জন্য পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত মজুত পরিস্থিতি তদারকি করা হচ্ছে। বর্তমানে দেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে বলেও তারা উল্লেখ করেন। তবে জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্য গ্রহণের ধরন বিবেচনা করে সরকার নিরাপদ খাদ্য মজুতের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১৬ লাখ টনে নির্ধারণের উদ্যোগ নিয়েছে।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সংগ্রহ অনুবিভাগ) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বাসসকে বলেন, ‘চলতি মৌসুমে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ অভিযান সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘সরকারি গুদামগুলোতে বর্তমানে চাল ও গমের পর্যাপ্ত ও নিরাপদ মজুত রয়েছে। এই মজুত যেকোনো পরিস্থিতি মোকাবিলা এবং জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে।’
খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) মহাপরিচালক মাহবুবুর রহমান জানান, জাতীয় চাহিদার বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে খাদ্যশস্যের মজুত ও গুদামজাতকরণ সক্ষমতা সমন্বয় করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। তিনি বলেন, ‘চলতি মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে, যা আমন ফসলের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের আশা জাগিয়েছে। সরকার আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছে।’
মাহবুবুর রহমান জানান, আন্তর্জাতিক বাজারে গমের দাম ক্রমাগত বাড়ছে, যার ফলে আমদানি ব্যয় বৃদ্ধি পেতে পারে। তবে সরকারের বিকল্প পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচির’ আওতায় গমের পরিবর্তে চাল বিতরণ করার মতো পরিকল্পনা সরকারের রয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিতে কোনো খাদ্য সংকট দেখা দেওয়ার সম্ভাবনা নেই।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.