সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল
- Details
- by ২৪ ডেস্ক
সৌরবিদ্যুতের ওপর ভর করে চলছে চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের যাবতীয় বৈদ্যুতিক কার্যক্রম। ১২ কিলোওয়াটের একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানটির দুই হাজার শিক্ষার্থীর পাঠদানসহ শতাধিক ফ্যান, বাতি, কম্পিউটার ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) সচল রাখা হচ্ছে।

সকাল ৮টা বাজতেই শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ। শ্রেণিকক্ষে পাঠদানের প্রস্তুতি চলার সময় কোনো কক্ষে ফ্যান ঘোরে, কোথাও চলে কম্পিউটার, আবার একটি কক্ষে চলছে এসিও। সম্প্রতি চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ে (জেবি স্কুল) গিয়ে এমন দৃশ্য দেখা যায়। বিদ্যালয়ের তিনটি ভবনের দুটির ছাদে বসানো হয়েছে সৌর প্যানেলের সারি। এই ১২ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা দিয়ে ১০০টিরও বেশি ফ্যান, প্রায় ১২০টি বাতি, বেশ কয়েকটি কম্পিউটার ও অন্যান্য প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম পরিচালিত হচ্ছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, তিন বছর আগে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পর থেকে লোডশেডিংয়ের ভোগান্তি অনেকটাই কমে গেছে। পাশাপাশি কমেছে বিদ্যুৎ বিলের খরচও। যেখানে তিন বছর আগে প্রতিষ্ঠানটিকে প্রতি মাসে গড়ে ৩০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে হতো, সেখানে এখন বিদ্যুৎ বাবদ খরচ হচ্ছে মাত্র ৪ হাজার থেকে ৫ হাজার টাকা।
মিরসরাই উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে জোরারগঞ্জ বাজারের কাছে মুহুরী প্রজেক্ট সড়কের পাশে বিদ্যালয়টি অবস্থিত। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি প্রশস্ত মাঠ ঘিরে দাঁড়িয়ে আছে তিনটি পাকা ভবন। এর মধ্যে দুটির ছাদে সৌর প্যানেল বসানো রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সেখানে স্বাভাবিকভাবেই পাঠদান চলছিল।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া বলেন, ‘মিরসরাইয়ে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে ১৯৮৮ সালে জোরারগঞ্জ বাজারের কাছে আমাদের পারিবারিক এক একর জমিতে “শিশু কানন” নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করি।’ অভিভাবকদের অনুরোধ এবং এলাকায় শিক্ষার প্রসারে ১৯৯২ সালে এটিকে একটি পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ে রূপান্তর করা হয় বলে তিনি জানান।
বর্তমানে বিদ্যালয়টিতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় দুই হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। এখানে ৫৮ জন শিক্ষক ও ১০ জন কর্মচারী রয়েছেন। শিক্ষার্থীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের ভবন ও শ্রেণিকক্ষও সম্প্রসারিত হয়েছে। শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন ও বিভিন্ন প্রশাসনিক কক্ষসহ বর্তমানে প্রায় ৪৫টি কক্ষে বিদ্যুৎ ব্যবহৃত হয়। এসব কক্ষে বৈদ্যুতিক পাখা ও বাতি রয়েছে। প্রধান শিক্ষকের কক্ষে রয়েছে একটি এসি এবং হিসাব শাখায় রয়েছে দুটি কম্পিউটার। এর সবই চলছে সৌরবিদ্যুতে।
বিদ্যালয়ের বিজ্ঞানাগারে (ল্যাব) আটটি কম্পিউটার রয়েছে। শিক্ষার্থীরা একসঙ্গে ল্যাব ব্যবহার করার সময় সৌরবিদ্যুৎ দিয়ে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা কঠিন হয়ে পড়ে। তখন বিদ্যালয়ে থাকা পল্লি বিদ্যুতের সংযোগ ব্যবহার করতে হয়। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ ও পর্যাপ্ত সূর্যের আলো না থাকলে পল্লি বিদ্যুতের সাহায্য নেওয়া হয়। শিক্ষকরা জানান, বর্ষা ও শীতকালে এই সংযোগের প্রয়োজন বেশি পড়ে।
প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া বলেন, ‘বিদ্যুৎ বিলের চাপ কমাতে তিন বছর আগে আমরা সৌরবিদ্যুৎ চালুর উদ্যোগ নিই। বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে ২৪ লাখ টাকা ব্যয়ে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ১২ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থাটি স্থাপন করা হয়।’
তিনি আরও বলেন, ‘এখন বৈরী আবহাওয়া ছাড়া সব সময় প্রয়োজনমতো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি। আগে আমাদের মাসে গড়ে ২৫ থেকে ৩০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে হতো। এখন তা ৫ হাজার টাকার নিচে নেমে এসেছে। সৌরবিদ্যুৎ না থাকলে বর্তমান ব্যবহার অনুযায়ী আমাদের প্রতি মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা বিল দিতে হতো।’
বিদ্যালয়টির সহকারী শিক্ষক টুইঙ্কেল বড়ুয়া বলেন, ‘সৌরবিদ্যুৎ চালুর পর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ায় গরমের মধ্যেও ক্লাস নেওয়া সহজ হয়েছে। শিক্ষার্থীরাও স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারছে। চলতি বছর বিদ্যালয়টি মিরসরাই উপজেলায় মাধ্যমিক পরীক্ষায় সেরা ফলাফল অর্জন করেছে।’
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বিদ্যালয়টির এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি জানান, সৌরবিদ্যুৎ ব্যবস্থা সাশ্রয়ী এবং স্বস্তিদায়ক। সরকারও বিভিন্ন প্রণোদনা দিয়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করছে।
তিনি আরও বলেন, ‘পুরো বিদ্যালয়কে সৌরবিদ্যুতের আওতায় এনে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এবং তাদের শিক্ষার্থীরাও বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করছে।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.