আপনি পড়ছেন

সরবরাহকারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থায়নে সফরের ওপর সরকারি সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও তা উপেক্ষা করে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের অনুমোদন দিচ্ছে স্থানীয় সরকার বিভাগ। সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), স্থানীয় সরকার বিভাগ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আট কর্মকর্তাকে চীন সফরের অনুমতি দেওয়া হয়েছে, যাদের যাবতীয় ব্যয় বহন করছে সরঞ্জাম সরবরাহকারী দুটি বেসরকারি প্রতিষ্ঠান। আজ বুধবার বণিক বার্তায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঠিকাদারের খরচে সরকারি কর্মকর্তারা বিদেশ ভ্রমণে
প্রতীকী ছবি

চেইন ড্রেজার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণে অংশ নিতে গত ৬ সেপ্টেম্বর ডিএনসিসি ও স্থানীয় সরকার বিভাগের চার কর্মকর্তাকে পাঁচদিনের চীন সফরের অনুমতি দিয়ে সরকারি আদেশ জারি করেন যুগ্ম সচিব মো. রবিউল ইসলাম। ওই আদেশে সফরের সব ব্যয় সরবরাহকারী প্রতিষ্ঠান সোহেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড বহন করবে বলে উল্লেখ করা হয়।

সফরের অনুমোদন পাওয়া ব্যক্তিরা হলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আশরাফুল ইসলাম ফয়সাল, ডিএনসিসির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. বরকত হায়াত, নির্বাহী প্রকৌশলী মাকসূদ আলম এবং সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আসাদুল ইসলাম। এ বিষয়ে বক্তব্য জানতে ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী মাকসূদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।

একইভাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৫৫৯ কোটি টাকা ব্যয়ের ‘১০টি অগ্রাধিকারভিত্তিক শহরে সমন্বিত স্যানিটেশন ও হাইজিন’ প্রকল্পের ডিসচার্জিং সরঞ্জামের প্রশিক্ষণে অংশ নিতে আরও চার কর্মকর্তার বিদেশ সফরের অনুমোদন দেওয়া হয় গত ৯ সেপ্টেম্বর। ২০ থেকে ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এ চীন সফরের পুরো খরচ দিচ্ছে সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রীন ডট লিমিটেড। স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. আশফিকুন নাহার স্বাক্ষরিত আদেশে অনুমোদন পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ার ইমাম, প্রকল্প পরিচালক এসএম শামীম আহমেদ, নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ ছামিউল হক ও মো. শামীম আনোয়ার।

সফরের বিষয়ে জানতে চাইলে যুগ্ম সচিব মো. আনোয়ার ইমাম জানান, মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে তাকে মনোনীত করা হয়েছে এবং এর বেশি কিছু তিনি জানেন না। প্রকল্প পরিচালক এসএম শামীম আহমেদ বলেন, চুক্তি ও টেন্ডার নথি অনুযায়ী সংশ্লিষ্ট সরঞ্জামের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণের খরচ সরবরাহকারী প্রতিষ্ঠানকেই বহন করতে হয়, যার জন্য সরকারের অতিরিক্ত কোনো অর্থ ব্যয় হয় না।

ঠিকাদারের অর্থে কর্মকর্তাদের বিদেশ সফরের এই প্রবণতা নতুন নয়। এর আগে ময়মনসিংহ সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একাধিক প্রকল্পের কেনাকাটা ও প্রশিক্ষণের নামে কর্মকর্তাদের বিদেশ সফরের যাবতীয় ব্যয় বহন করেছিল সংশ্লিষ্ট সরবরাহকারী ও উৎপাদক প্রতিষ্ঠানগুলো।

সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষায় জারি করা পরিপত্রে ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থে বিদেশ ভ্রমণ পুরোপুরি পরিহার করার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। অর্থ বিভাগের সর্বশেষ পরিপত্রেও সরকারি অর্থে অপ্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভ্রমণ বন্ধ রাখার পাশাপাশি কেবল জটিল পরিস্থিতিতে বিশেষজ্ঞ বা কারিগরি সনদপ্রাপ্ত কর্মকর্তাদের প্রি-শিপমেন্ট পরিদর্শনে পাঠানোর কথা বলা হয়েছে।

সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে সরকারি কর্মকর্তাদের ভ্রমণকে অনৈতিক ও গুরুতর স্বার্থের সংঘাত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এ ধরনের বিদেশ সফর সরকারি নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন এবং সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণের শামিল, যা সরকারি ক্রয়নীতি অনুযায়ী শাস্তিযোগ্য অনিয়ম।

সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী জানান, সরবরাহকারী এখানে বিনিয়োগ করছে, যার ফলে বড় ধরনের স্বার্থের সংঘাত তৈরির ঝুঁকি তৈরি হয় এবং বিদ্যমান নির্দেশনা বহাল থাকা অবস্থায় এমন আদেশ জারি করা সমীচীন নয়।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, সরকার সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি অপচয় ও দুর্নীতি বন্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং সে অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.