আপনি পড়ছেন

জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে—এ কথা স্বীকার করে পরিস্থিতি মোকাবিলায় জনগণের সহনশীলতা প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে জনগণের ‘সহনশীলতা’ চাইলেন উপদেষ্টা
ডা. জাহেদ উর রহমান

জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দাম কিছুটা কমলেও অপরিশোধিত তেলের দাম এখনো ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে। একই সঙ্গে বিশ্ব জ্বালানি বাজারের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কাও রয়েছে।

জ্বালানি তেলের দাম সমন্বয়ের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতার পাশাপাশি দেশে জ্বালানি খাতে সরকারের ভর্তুকির চাপও অনেক বেড়েছে। এ অবস্থায় দাম সমন্বয়ের মাধ্যমে ভর্তুকির বোঝা কিছুটা কমানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, প্রতি লিটার জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানো হলে বছরে সরকারের ভর্তুকির পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা কমতে পারে। তবে দাম বাড়ার কারণে জনগণের কষ্ট হচ্ছে এবং ভবিষ্যতে আরও হতে পারে বলেও স্বীকার করেন তিনি।

গ্যাস সংকটের কারণে বেশি দামে গ্যাস আমদানি করতে হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এর প্রভাব বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভর্তুকিতেও পড়ছে। চলতি অর্থবছরে গ্যাস ও বিদ্যুৎ খাতে প্রায় ৪৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু অর্থবছরের আড়াই মাসের মধ্যেই এর প্রায় অর্ধেক অর্থ ব্যয় হয়ে গেছে। একই প্রবণতা অব্যাহত থাকলে বছর শেষে ভর্তুকির পরিমাণ সোয়া লাখ থেকে দেড় লাখ কোটি টাকায় পৌঁছাতে পারে।

এ পরিস্থিতিতে সরকারের অন্যান্য ব্যয়ও ভারসাম্যের মধ্যে রাখতে হচ্ছে বলে জানান তিনি।

জাহেদ উর রহমান বলেন, জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব কমাতে সরকার পরিবহন খাতে যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা করবে। পাশাপাশি সবচেয়ে অসহায় ও ঝুঁকিতে থাকা মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হবে। সরকারের কল্যাণমূলক ব্যয়কে গুরুত্ব দেওয়া হলেও সব খাতে একসঙ্গে ব্যয় করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তার দাবি, আগস্টে যে গ্যাস সংকট তৈরি হয়েছিল, তা বর্তমানে অনেকটাই কেটে গেছে। সংকটের আগে দেশে যে পরিমাণ গ্যাস সরবরাহ করা হতো, বর্তমানে সরবরাহ সেই পর্যায়ে ফিরে এসেছে।
একই সঙ্গে আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় উৎস থেকে গ্যাসের উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্তের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, দীর্ঘ সময় ধরে তাদের বেতন কাঠামো সংশোধন হয়নি। তাই বেতন কাঠামো সংস্কারও সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। তবে পুরো কাঠামো একসঙ্গে বাস্তবায়ন না করে ধাপে ধাপে কার্যকর করা হচ্ছে বলে জানান তিনি।

সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ ফ্যামিলি কার্ড নিয়েও তথ্য দেন তিনি। জানান, এ কর্মসূচির জন্য ডাটাবেইজ তৈরির কাজ চলছে। পর্যায়ক্রমে দেশের সবাইকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ প্রসঙ্গে জাহেদ উর রহমান জানান, ২৪ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে রোহিঙ্গা সংকটের বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে।

বিশ্বের বিভিন্ন চলমান সংকটের কারণে রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক মনোযোগ হারাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী এই সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ফেরানোর চেষ্টা করবেন।

এ ছাড়া ওয়াল স্ট্রিট ও মেটার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে বলেও জানান তিনি। বোয়িং কেনার বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে যে তথ্য প্রকাশিত হয়েছে তা সঠিক। এ ধরনের একটি চুক্তি হতে পারে, তবে এ মুহূর্তে সরকারের কাছে থাকা আনুষ্ঠানিক তথ্য এর মধ্যেই সীমাবদ্ধ।

প্রধানমন্ত্রীর সানফ্রান্সিসকো সফর প্রসঙ্গে তিনি জানান, সেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের কোনো কর্মসূচি ছিল না। পরবর্তীতে সফর সংক্ষিপ্ত করা হয়েছে। কম সময়ের সফরের মাধ্যমে ব্যয় কমানো সম্ভব এবং দেশের বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দেশে থাকাকে সরকার বেশি গুরুত্ব দিয়েছে বলেও জানান তিনি।

দেশে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সংকট দেখছে না সরকার—এমন মন্তব্যও করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা। বিরোধী দলের লংমার্চ ও আন্দোলনের কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, সরকার পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছে এবং এই মেয়াদে দায়িত্ব পালন করবে বলে তারা মনে করে।

তিনি আরও বলেন, বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা বা ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি হবে বলে সরকার মনে করছে না।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.