মাহদী আমিন: প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব
- Details
- by ২৪ ডেস্ক
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি এ শুভেচ্ছা জানান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় সন্ধ্যা ৭টায় জাতিসংঘ সদর দপ্তরের মিডিয়া চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মাহদী আমিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং সফরের তৃতীয় দিনের কর্মসূচি নিয়ে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
মাহদী আমিন বলেন, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকটি ছিল অত্যন্ত ফলপ্রসূ। বৈঠকের শুরুতেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান আন্তোনিও গুতেরেস। জবাবে প্রধানমন্ত্রী দীর্ঘ সময় পর একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারার অনুভূতি তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক এই মঞ্চে অতীতে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। ফলে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার বিষয়টি তার জন্য বিশেষ আবেগের।
বৈঠকে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ বা ‘গ্র্যাজুয়েশন’ নিয়েও আলোচনা হয়। বিশ্ব অর্থনীতির বর্তমান নানা চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে বাংলাদেশের উত্তরণের সময়সীমা কিছুটা বাড়ানোর বিষয়ে জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা চান প্রধানমন্ত্রী।
মাহদী আমিন জানান, বহুপাক্ষিক কূটনীতি, বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব। এ জন্য তিনি প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণকে ‘ঐতিহাসিক’ ও ‘যুগান্তকারী’ হিসেবে উল্লেখ করেন মাহদী আমিন। তার ভাষ্য, বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে। একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে থাকা অবস্থায় প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার বিষয়টিকেও তিনি গৌরবের ঘটনা হিসেবে উল্লেখ করেন।
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে বিশ্বশান্তি, ফিলিস্তিনের মানুষের অধিকার এবং জাতিসংঘের মাধ্যমে বৈশ্বিক শান্তি, সমৃদ্ধি ও ঐক্য জোরদারের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে। পাশাপাশি নারী, শিশু ও তরুণদের ক্ষমতায়ন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই-হেলথ কার্ড এবং ভবিষ্যতে ইউনিভার্সাল কার্ড চালুর পরিকল্পনার কথাও ভাষণে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, প্রযুক্তি ও পরিবেশসহ বিভিন্ন খাতে সরকারের পরিকল্পনার কথাও বিশ্বনেতাদের সামনে তুলে ধরা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। তিনি বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকারও প্রধানমন্ত্রীর বক্তব্যে পুনর্ব্যক্ত হয়েছে।
সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী সাতটি কর্মসূচিতে অংশ নেন জানিয়ে মাহদী আমিন বলেন, এসব কর্মসূচিকে মূলত দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক ও উচ্চপর্যায়ের—এই তিন ভাগে ভাগ করা যায়।
দ্বিপাক্ষিক কর্মসূচির অংশ হিসেবে পাকিস্তান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়। এসব আলোচনায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানো, পারস্পরিক সমতা ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক আরও বিস্তৃত করা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের বিষয় গুরুত্ব পায়।
এ ছাড়া পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক দুটি উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। এসব অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পরিবেশবিষয়ক সম্মেলনে বাংলাদেশ সরকারের পরিবেশনীতি তুলে ধরেন প্রধানমন্ত্রী। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো, ২০ হাজার কিলোমিটারের বেশি খাল খনন, পদ্মা ব্যারেজ নির্মাণ এবং তিস্তা মহাপরিকল্পনার মতো উদ্যোগের কথা সেখানে তুলে ধরা হয়। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার জন্য চারটি সুনির্দিষ্ট প্রস্তাবও উপস্থাপন করেন তিনি।
মাহদী আমিন বলেন, পরিবেশবিষয়ক সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া প্রস্তাবগুলো বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের মধ্যে ইতিবাচক সাড়া পেয়েছে।
অন্যদিকে মিডওয়াইফারি ও স্বাস্থ্যবিষয়ক সম্মেলনে মা ও শিশুমৃত্যুর হার কমাতে বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি আগামী কয়েক বছরে এক লাখ স্বাস্থ্যসেবাকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানান তিনি। এর মধ্যে ৮০ হাজার নারী কর্মী এবং শুধু মিডওয়াইফারি সেবায় ২৫ হাজার নতুন কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে।
মাহদী আমিন বলেন, প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং নারী ও মায়েদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার উদ্যোগকে সরকার আরও বিস্তৃত করতে চায়। প্রধানমন্ত্রীর উপস্থাপিত এসব স্বাস্থ্য উদ্যোগ বিশ্বনেতা ও স্বাস্থ্যসংশ্লিষ্টদের কাছ থেকে প্রশংসা পেয়েছে বলেও জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি একেএম ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনিসহ প্রধানমন্ত্রীর প্রেস উইং ও জাতিসংঘ মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.