আপনি পড়ছেন

একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদ বা ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন—সংবিধান সংশোধনের ক্ষেত্রে এমন প্রস্তাবের পক্ষে সরকারের অবস্থান রয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এ বিষয়ে বিরোধী দল বা অন্য কোনো পক্ষের বিকল্প প্রস্তাব থাকলে তা আলোচনার মাধ্যমে বিবেচনা করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী: প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ দুই মেয়াদের পক্ষে সরকার
সালাহউদ্দিন আহমদ

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির চতুর্থ বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, গত রবিবার ও মঙ্গলবার দুই দফায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, মিডিয়া ব্যক্তিত্ব এবং সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে বিশেষ কমিটি। এসব আলোচনায় গণতন্ত্রকে আরও শক্তিশালী করা, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার কাঠামো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে মতামত এসেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নির্ধারণের প্রস্তাবকে কেউ কেউ গণতান্ত্রিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক বলে মত দিয়েছেন। তবে বর্তমান সরকারের পক্ষ থেকে একজন ব্যক্তি যেন দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে না পারেন এবং স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ তৈরি না হয়, সে লক্ষ্যেই দুই মেয়াদের প্রস্তাব করা হয়েছে। এ অবস্থান থেকে সরকার সরে আসেনি। তবে সংসদে বিরোধী দল বা অন্য কোনো পক্ষ থেকে নতুন প্রস্তাব এলে তা নিয়ে আলোচনা হতে পারে।

সংবিধান সংশোধনের বিভিন্ন প্রস্তাবের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা ও বিকেন্দ্রীকরণ, সংবিধানের প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে পরিবর্তনের বিষয়গুলোও উঠে এসেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তবে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো ও কার্যপ্রণালি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আরও আলোচনা ও বিভিন্ন পক্ষের মতামত নেওয়া হবে। পরে বিষয়গুলো সংসদে বিবেচনার জন্য উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ একটি একক রাষ্ট্র হওয়ায় এখানে অঙ্গরাজ্যভিত্তিক ব্যবস্থা নেই। ফলে দ্বিতীয় কক্ষের প্রয়োজনীয়তা নিয়ে মতামত দিয়েছেন কেউ কেউ।

তবে জুলাই জাতীয় সনদে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে ঐকমত্য থাকায় সরকার ওই সিদ্ধান্ত অনুযায়ী এগোতে চায় বলে জানান তিনি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংসদের থাকবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশেষ কমিটির আলোচনার দরজা সবার জন্য খোলা রয়েছে। তিনি বিরোধী দলকে কমিটিতে তাদের প্রতিনিধি মনোনয়ন দিয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।

জুলাই জাতীয় সনদের কোনো বিষয়ে বিরোধী দলের ভিন্নমত থাকলে তা আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে বিবেচনার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। তবে এজন্য সংশ্লিষ্ট দলগুলোকে আলোচনার টেবিলে আসতে হবে বলে উল্লেখ করেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, নোট অব ডিসেন্টসহ যেভাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে, সেভাবেই তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিশেষ কমিটির পরবর্তী কার্যক্রম সম্পর্কে সালাহউদ্দিন আহমদ জানান, পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, বিচারক ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় করা হবে।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক শক্তি, আন্দোলনে নিহতদের পরিবার এবং গত ১৭ বছরে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গেও আলোচনা করবে কমিটি। পরবর্তী পর্যায়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে।

সব পক্ষের মতামত পর্যালোচনা করে একটি প্রতিবেদন তৈরি করে সংসদে উপস্থাপন করা হবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে সংবিধান সংশোধনী বিল প্রণয়ন ও সংসদে তা পাসের মাধ্যমে সংশোধন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন বিশেষ কমিটির সভাপতি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.