আপনি পড়ছেন

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা এবং প্রধান শ্রমবাজারগুলোর দীর্ঘস্থায়ী অচলাবস্থায় চলতি বছরের প্রথম নয় মাসে বিদেশে কর্মী যাওয়ার হার প্রায় এক-তৃতীয়াংশ কমেছে। এর মধ্যে এককভাবে সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবেই কর্মী পাঠানো কমেছে প্রায় ৪৬ শতাংশ। আজ বুধবার বণিক বার্তায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শ্রমবাজারে ধস: বিদেশে কর্মী যাওয়া প্রায় ৩৩ শতাংশ কমেছে
ছবি- সংগৃহীত

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে বিশ্বের বিভিন্ন দেশে গেছেন ৫ লাখ ৬৩ হাজার ৬৯৩ জন কর্মী। আগের বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৮ লাখ ৩৮ হাজার ৮৯৪। অর্থাৎ নয় মাসের ব্যবধানে কর্মী গমন কমেছে ২ লাখ ৭৫ হাজার ২০১ জন, যা শতকরা হিসাবে ৩২ দশমিক ৮১ শতাংশ বা প্রায় ৩৩ শতাংশ কম।

উপসাগরীয় অঞ্চলে সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জনশক্তির চাহিদা উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়েছে। সবচেয়ে বড় প্রভাব পড়েছে সৌদি আরবে। দেশটিতে আগের বছরের নয় মাসে ৫ লাখ ৬৮ হাজার ৮৩ জন কর্মী গেলেও চলতি বছর তা নেমে এসেছে ৩ লাখ ৭ হাজার ৮৮৭ জনে। প্রধান এই বাজারে কর্মী গমন কমেছে ৪৫ দশমিক ৮০ শতাংশ। একই সময়ে কাতারে কর্মী যাওয়ার সংখ্যা ৮০ হাজার ৫৭০ থেকে কমে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৭৯ জনে। কুয়েতে কর্মী গমন ৩৪ হাজার থেকে নেমে এসেছে ২২ হাজারে।

অন্যদিকে গুরুত্বপূর্ণ শ্রমবাজারগুলো দীর্ঘদিন ধরে বন্ধ বা সীমিত অবস্থায় রয়েছে। মালয়েশিয়ার মোট বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ বাংলাদেশি হলেও ২০২৪ সালের মে মাস থেকে বাজারটি বন্ধ রয়েছে। সম্প্রতি দেশটির যোগাযোগমন্ত্রী ও সরকারের মুখপাত্র ফাহমি ফাদজিল জানান, আগামী ছয় মাসে দুই লাখ কর্মী নেওয়ার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি 'থার্টিন্থ মালয়েশিয়া প্ল্যান ২০২৬-৩০' অনুযায়ী দেশটি বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা ২০৩০ সালের মধ্যে ১০ শতাংশ এবং ২০৩৫ সালে ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে ভিসা জটিলতা কাটেনি; বরং সম্প্রতি ছুটিতে দেশে আসা ৪ হাজার ৮০০ প্রবাসীর ভিসা বাতিল করেছে দেশটি। এছাড়া জাপানে পাঁচ বছরে এক লাখ কর্মী পাঠানোর ঘোষণা থাকলেও চলতি বছর দেশটিতে গেছেন মাত্র ১ হাজার ৬০৮ জন।

কর্মী প্রবাহের এই নিম্নগতির প্রভাব পড়তে শুরু করেছে প্রবাসী আয়েও। মে মাসের পর টানা চার মাস দেশে রেমিট্যান্স প্রবাহ তিন বিলিয়ন ডলার স্পর্শ করতে পারেনি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরে সামগ্রিক রেমিট্যান্সে ১৫ দশমিক ৭৬ শতাংশ প্রবৃদ্ধি থাকলেও সেপ্টেম্বরে তা নেমে এসেছে মাত্র ২ দশমিক ৭ শতাংশে।

অভিবাসন খাত বিশেষজ্ঞরা মনে করছেন, কূটনৈতিক তৎপরতার দুর্বলতা ও আন্তর্জাতিক চাহিদামাফিক দক্ষ কর্মীর অভাবে বাজারগুলো পুনরুদ্ধার করা যাচ্ছে না। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) চেয়ারপারসন শাকিরুল ইসলাম জানান, শক্তিশালী অভিবাসনকেন্দ্রিক কূটনীতি গড়ে না ওঠা এবং অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে নিয়োগ প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব পড়ছে। অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর উল্লেখ করেন, কেবল নির্বাচনী বা রাজনৈতিক ঘোষণা যথেষ্ট নয়; আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মানোন্নয়ন ও নতুন বাজার অনুসন্ধান জরুরি।

আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য রয়েছে সরকারের। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী জানান, বর্তমান সক্ষমতা দিয়ে এই লক্ষ্যের মাত্র ৫৫ থেকে ৬০ শতাংশ পূরণ সম্ভব।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানান, সরকার লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করছে এবং কর্মীদের ভাষা ও কারিগরি দক্ষতায় পারদর্শী করতে উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ বাজারগুলো চালুর জন্য বিভিন্ন দেশে সমঝোতা স্মারকের প্রস্তাব পাঠানো হয়েছে এবং বর্তমান সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.