দুই মেট্রোরেল লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজ অনুমোদন
- Details
- by ২৪ ডেস্ক
রাজধানীর যোগাযোগব্যবস্থায় বড় ধরনের রূপান্তর আনতে ও যানজট নিরসনে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্পের লাইন-১ এবং লাইন-৫-এর অবকাঠামো নির্মাণে প্রায় ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ–সংক্রান্ত আটটি প্রস্তাব অনুমোদন ও সুপারিশ দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অনুমোদিত সিদ্ধান্তের মধ্যে লাইন-১–এর চারটি এবং লাইন-৫-এর একটি প্যাকেজের পূর্তকাজের ক্রয় প্রস্তাব সরাসরি অনুমোদন পেয়েছে। এর পাশাপাশি লাইন-১-এর আরও দুটি এবং লাইন-৫ উত্তর রুটের একটি প্যাকেজ অনুমোদনের জন্য সুপারিশ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
লাইন-১–এর সিপি-০৬ প্যাকেজের আওতায় বাড্ডা স্টেশনের উত্তর প্রান্ত থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত ৫ দশমিক ১৮২ কিলোমিটার ভূগর্ভস্থ পথ তৈরি করা হবে। এর মধ্যে ৪ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ দুটি সুড়ঙ্গ এবং বিমানবন্দর, বিমানবন্দর টার্মিনাল-৩ ও খিলক্ষেত—এই তিনটি ভূগর্ভস্থ স্টেশন অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে টিবিএম চালুর জন্য নির্মাণ করা হবে বিশেষ শ্যাফট। ভ্যাট ও করসহ এই প্যাকেজে ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৫৯০ কোটি ৫৮ লাখ টাকা। কাজটির সর্বনিম্ন দরদাতা হিসেবে জাপানের নিশিমাতসু, টিপিএল ও টোডার যৌথ উদ্যোগকে সুপারিশ করা হয়েছে, যার দর সরকারি প্রাক্কলনের চেয়ে ৩২ দশমিক শূন্য ৫ শতাংশ বেশি।
প্রকল্পটির ট্র্যাক নির্মাণ ও বিদ্যুৎ ব্যবস্থার কাজ রয়েছে সিপি-০৯ প্যাকেজে। এর আওতায় রেল, টার্নআউট, ১৩২ কেভি প্রাথমিক ফিডার, রিসিভিং ও সহায়ক উপকেন্দ্র এবং ১ হাজার ৫০০ ভোল্টের ওভারহেড বিদ্যুৎব্যবস্থা যুক্ত হবে। এতে ব্যয় হবে ১১ হাজার ৬৫ কোটি ৫৮ লাখ টাকা। প্রাক্কলনের চেয়ে ৪৯ দশমিক ৯২ শতাংশ বেশি দর দিয়ে এ কাজের জন্য ভারতের এলঅ্যান্ডটি ও সুমিতোমোর যৌথ উদ্যোগ সুপারিশপ্রাপ্ত হয়েছে। অন্যদিকে সংকেত ব্যবস্থা, টেলিযোগাযোগ, প্ল্যাটফর্মের পর্দা-দরজা ও সম্পদ ব্যবস্থাপনার সিপি-১০ প্যাকেজে ব্যয় হবে ৬ হাজার ৪৪৬ কোটি ৬৫ লাখ টাকা। এই কাজটি পেয়েছে ভারতের লারসেন অ্যান্ড টুব্রো। ডিপোর অভ্যন্তরীণ ওয়ার্কশপ, স্টাবিলিং শেড ও ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণে সিপি-০২ প্যাকেজের ৪ হাজার ২৮৫ কোটি টাকার কাজ দেওয়া হয়েছে সিনোহাইড্রো ও এসইবিসিএলের যৌথ উদ্যোগকে।
উড়াল মেট্রোরেলের অংশ হিসেবে লাইন-৫-এর সিপি-০৩ প্যাকেজে হেমায়েতপুর থেকে আমিনবাজার পর্যন্ত ৫ দশমিক ৬ কিলোমিটার এবং নতুনবাজারের পর থেকে ভাটারা পর্যন্ত শূন্য দশমিক ৯ কিলোমিটারসহ মোট ৬ দশমিক ৫০ কিলোমিটার উড়ালপথ নির্মিত হবে। একই সঙ্গে হেমায়েতপুর, বলিয়ারপুর, বিলামালিয়া, আমিনবাজার ও ভাটারায় পাঁচটি উড়াল স্টেশন তৈরি করা হবে। এতে ব্যয় হবে ২ হাজার ৬৭১ কোটি টাকা। চীনের সিআরইসি, এমআইএল ও এমবিইএলের যৌথ উদ্যোগ সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পেয়েছে।
সুপারিশকৃত অপর তিন প্যাকেজের মধ্যে লাইন-১-এর রামপুরা থেকে নতুনবাজার পর্যন্ত (সিপি-০৪) প্রধান লাইন ও স্টেশন নির্মাণে ১৮ হাজার ৩৭ কোটি ২৬ লাখ টাকার কাজ পেয়েছে জাপানের টোকিউ-মিল যৌথ উদ্যোগ। বালু নদ পর্যন্ত অংশের (সিপি-০৭) ২ হাজার ৫৩৪ কোটি টাকার কাজ পাচ্ছে সিআরইসি-মিল-এমবিইসি। আর লাইন-৫ উত্তর রুটের ডিপো নির্মাণে (সিপি-০২) ১ হাজার ৮৪৮ কোটি টাকার কাজ পেয়েছে কনকর্ড প্রগতি কনসোর্টিয়াম ও হ্যানিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বাস্তবায়নাধীন এই দুটি প্রকল্পে যৌথ অর্থায়ন করছে বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। বিমানবন্দর থেকে কমলাপুর ও নতুনবাজার থেকে পূর্বাচল পর্যন্ত লাইন-১ এবং গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত লাইন-৫ রুটের কাজ ২০৩৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার সময়সীমা নির্ধারিত রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.