শিক্ষাব্যবস্থা ধাপে ধাপে জাতীয়করণের দাবি কলেজ শিক্ষকদের
- Details
- by ২৪ ডেস্ক
সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যকার বৈষম্য দূর করতে শিক্ষাব্যবস্থা ধাপে ধাপে জাতীয়করণের দাবি জানিয়েছে বেসরকারি কলেজ শিক্ষক ও অধ্যক্ষদের দুটি সংগঠন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ (বিপিসি) যৌথভাবে এ দাবি জানায়।

সংগঠন দুটি জানায়, পূর্ণাঙ্গ জাতীয়করণ বাস্তবায়িত না হওয়া পর্যন্ত বেসরকারি শিক্ষাব্যবস্থাকে ‘আধা-সরকারি’ ঘোষণা করতে হবে। সেই সঙ্গে সমান বেতন, বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং পেনশন সুবিধা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এক লিখিত বিবৃতিতে সংগঠন দুটি উল্লেখ করে, বিচ্ছিন্নভাবে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করলে বিদ্যমান বৈষম্যের সমাধান হবে না। পুরো শিক্ষাব্যবস্থাকে একটি সুপরিকল্পিত ও পর্যায়ক্রমিক পদ্ধতির মাধ্যমে জাতীয়করণ করার উদ্যোগ নিতে সরকারের প্রতি জোর আহ্বান জানায় তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় বেতন স্কেলের আওতায় সরকার ইতিমধ্যে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের শতভাগ এবং অন্যান্য ভাতার একাংশ প্রদান করছে। ফলে এ খাতটিকে অনতিবিলম্বে আধা-সরকারি মর্যাদা দেওয়া যুক্তিযুক্ত।
সংগঠন দুটি আরও দাবি জানায়, বিগত বেতন কাঠামোগুলোর মতো ভবিষ্যতের যেকোনো জাতীয় বেতন স্কেলের সুবিধাও যেন বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের ক্ষেত্রে কার্যকর করা হয়।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সহকারী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতির সুযোগ প্রদান, উচ্চতর ডিগ্রিধারীদের জন্য উচ্চতর বেতন স্কেল নির্ধারণ এবং বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য বদলি ব্যবস্থা চালু করা।
এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), শিক্ষা বোর্ডসমূহ, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মতো শিক্ষা-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সংস্থায় লিয়েন বা প্রেষণে যোগ্য ও অভিজ্ঞ বেসরকারি শিক্ষকদের পদায়নের দাবি জানানো হয়।
মেধাবী ও যোগ্য শিক্ষক নিয়োগের লক্ষ্যে একটি স্বতন্ত্র ‘শিক্ষা সার্ভিস কমিশন’ গঠনের দাবি জানিয়ে স্থানীয় পর্যায়ে শিক্ষক নিয়োগ পদ্ধতির বিরোধিতা করে সংগঠন দুটি। একই সঙ্গে শিক্ষার গুণগত মান বজায় রাখতে বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বোর্ডগুলোর মাধ্যমে নিয়মিত একাডেমিক পরিদর্শনের ওপর জোর দেওয়া হয়।
রাজনৈতিক প্রভাব বন্ধে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি বিলুপ্ত করে সরকারি প্রতিষ্ঠানের মতো পরিচালনা বিধিমালা কার্যকরের দাবি জানানো হয়।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে সরকারি কলেজের সমতুল্য জনবল কাঠামো তৈরি, অনার্স ও মাস্টার্স স্তরের শিক্ষকদের এমপিওভুক্তকরণ এবং শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পাওয়ার পরও দীর্ঘদিন ধরে সুবিধা বঞ্চিত যোগ্য প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভুক্ত করা।
সংগঠন দুটি কেবল জরিপের মাধ্যমে প্রয়োজনীয়তা নিশ্চিত সাপেক্ষে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের অনুমতি দেওয়া এবং শিক্ষকদের মর্যাদা বিষয়ক ১৯৬৬ সালের ইউনেস্কো-আইএলও সুপারিশ বাস্তবায়নেরও দাবি জানায়।
সংবাদ সম্মেলনে বাকশিস সভাপতি মো. ইসহাক হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এলিম মোহাম্মদ নাজমুল হোসেন এবং বিপিসি সভাপতি মোহাম্মদ মাজহারুল হান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.