আপনি পড়ছেন

ইউক্রেনে বুধবার (৭ অক্টোবর) দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্পকারখানা ও জ্বালানি অবকাঠামো। হামলাটিকে রাশিয়ার চালানো সবচেয়ে ‘জঘন্য’ হামলাগুলোর একটি বলে নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনে রাশিয়ার হামলায় ২৮ প্রাণহানি
ইউক্রেনে হামলায় ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন। ছবি-রয়টার্স

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি জানিয়েছেন, দেশজুড়ে হামলায় ২৮ জন নিহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে দেশটির উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের প্রিলুকি শহরে। সেখানে রুশ একটি ক্ষেপণাস্ত্র পাঁচতলা একটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস করে দেয়। আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ চাউস জানিয়েছেন, ওই হামলায় ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে।

এদিকে বুধবার সন্ধ্যায় রাজধানী কিয়েভের একটি উপশহরে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রসিকিউটররা। জেলেনস্কি জানিয়েছেন, পুরো দেশে হামলায় আহত হয়েছেন প্রায় ১০০ জন।

জেলেনস্কি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিনের সঙ্গে হামলার সময় মিলে গেছে। রাতে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি বলেন, ‘পুতিন নিজেকেই এ ধরনের জন্মদিনের উপহার দিয়েছেন- শিশু হত্যা, মানুষ হত্যা।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে জেলেনস্কি জানিয়েছিলেন, ব্যাপক এ হামলায় রাজধানী কিয়েভ ছাড়াও মধ্যাঞ্চলের ওলেক্সান্দ্রিয়া ও ক্রেমেনচুক শহরে বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

জেলেনস্কির দাবি, রাতভর ইউক্রেনের ওপর মোট ৭০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এর মধ্যে অনেকগুলো ছিল উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এ ছাড়া কয়েক ডজন শাহেদ ড্রোনও ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, ‘রাশিয়ানরা যন্ত্রণাদায়ক ও দৃশ্যমানভাবে বড় আঘাত হানতে চেয়েছিল। এটি ছিল সবচেয়ে জঘন্য হামলাগুলোর একটি।’

জেলেনস্কি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার চারটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে ছিল রাশিয়ার দুটি তেল স্থাপনা এবং পার্ম, সামারা ও আস্ত্রাখান অঞ্চলের একটি প্রশিক্ষণকেন্দ্র।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, বেসামরিক অবকাঠামোয় মস্কোর হামলা বাড়তে থাকলে এর জবাবে রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালাবে ইউক্রেন।

বুধবার ইউক্রেনীয় কর্মকর্তারা ও সামরিক গোয়েন্দা সংস্থা সম্ভাব্য হামলার বিষয়ে আগাম সতর্কতা জারি করেছিল। এরপর কিয়েভের অনেক বাসিন্দা শহরের ভূগর্ভস্থ পাতাল রেলস্টেশনগুলোতে আশ্রয় নেন। রাতে রাজধানীজুড়ে বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এদিকে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের রুশনিযুক্ত গভর্নর জানিয়েছেন, একটি গাড়িতে ইউক্রেনীয় ড্রোন হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের রুশনিযুক্ত কর্মকর্তারা দাবি করেছেন, ইউক্রেনীয় হামলায় সেখানে তিনজন নিহত হয়েছেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.