আপনি পড়ছেন

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণ ও মুক্তিপণ বাণিজ্যসহ বিভিন্ন অপরাধ দমনে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের অধীনে পরিচালিত এই সেনাক্যাম্প দুটি প্রতিষ্ঠার পাশাপাশি সামগ্রিক নজরদারি জোরদারে ওয়াচটাওয়ার, সৌরবিদ্যুৎচালিত বাতি ও সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ করা হবে।

রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে দুটি সেনাক্যাম্প স্থাপনের পরিকল্পনা
সালাহউদ্দিন আহমদ

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এসব তথ্য জানান। ক্যাম্পসংলগ্ন পাহাড়ি অঞ্চলকে ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি ও অর্থ আদায়ের চক্র গড়ে ওঠায় রঙ্গিখালীসহ দুটি পয়েন্টে সেনাবাহিনীর স্থায়ী উপস্থিতির ওপর জোর দেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্র, মাদক, মানবপাচার ও অনলাইন জুয়া বন্ধে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। সশস্ত্র পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একজন ডিআইজির নেতৃত্বে এসব যৌথ অভিযান চললেও সীমান্ত এলাকায় যুদ্ধ পরিস্থিতি কিংবা বিশেষ জরুরি অবস্থা তৈরি হলে সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে অভিযান পরিচালিত হবে। এই সমন্বয়ের জন্য একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পে দায়িত্বরত এপিবিএনের প্রায় ৪০০ জন উপপরিদর্শককে (এসআই) অপরাধের তদন্তের আইনি ক্ষমতা দেওয়া হয়েছে।

রোহিঙ্গা অপরাধীদের জন্য আলাদা কোনো কারাগার নির্মাণের পরিকল্পনা সরকারের নেই বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া শরণার্থী প্রত্যাবাসনের বিষয়ে তিনি বলেন, এই প্রক্রিয়া তদারকির দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন পৃথক একটি উচ্চপর্যায়ের কমিটি। আন্তর্জাতিক মহলের সহায়তা ও জাতিসংঘের সমন্বয়ে দ্রুত এই সংকটের সমাধান এবং সফল প্রত্যাবাসন সম্ভব হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

একই দিনে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রাজশাহীর সারদার আদলে একটি পুলিশ একাডেমি স্থাপন, লিংক রোডসংলগ্ন ৭২ একর জমিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর এবং অবৈধ বাসিন্দাদের পুনর্বাসনের রূপরেখা তুলে ধরা হয়। এলাকাটিতে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের মাধ্যমে সড়ক নির্মাণ এবং পুলিশ, বিজিবি, র‍্যাব ও এপিবিএনের স্থায়ী ক্যাম্পের জন্য স্থান নির্ধারণের কাজও চলমান রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা ও জনগণের আস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অর্জিত বিশ্বাস ধরে রাখা এবং তা উত্তরোত্তর বৃদ্ধি করাই পুলিশের অন্যতম লক্ষ্য। জাতীয় কমিটির এই সভায় পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজকল্যাণ মন্ত্রণালয় ছাড়াও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং নিরাপত্তা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.