আপনি পড়ছেন

দেশের প্রায় সাড়ে চার কোটি পরিবারের তথ্য ডেটাবেইসে যুক্ত করার লক্ষ্য নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে গেছেন ৭৩ হাজারের বেশি মাঠকর্মী। সোমবার থেকে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে বিশেষায়িত ট্যাবলেটের মাধ্যমে দেশব্যাপী এই সুবিশাল তথ্য সংগ্রহ কার্যক্রমের প্রথম ধাপ শুরু হয়েছে।

সাড়ে চার কোটি পরিবারের তথ্য সংগ্রহে নামলেন ৭৩ হাজার কর্মী
অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন

তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, আগামী ডিসেম্বরের মধ্যে মোট ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি পাঁচজন সদস্যকে একটি একক পরিবার বিবেচনা করে পরিচালিত এই বিশাল কর্মযজ্ঞে ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী এবং ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার সরাসরি মাঠে দায়িত্ব পালন করছেন।

মাঠপর্যায়ের এই কার্যক্রম পরিচালনায় প্রস্তুত করা হয়েছে ‘ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’। কর্মীদের প্রথম ধাপের প্রশিক্ষণ শেষে মোবাইল সিম সরবরাহ, নেটওয়ার্কভিত্তিক সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ ও নেটওয়ার্ক অপারেশন সেন্টার স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। মাঠপর্যায়ে সংগৃহীত সব তথ্য সরাসরি অনলাইন সার্ভারে সংরক্ষিত হচ্ছে।

নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবারের নারী প্রধানের নামে এই ফ্যামিলি কার্ড ইস্যু করা হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ করা প্রক্সি মিন্স টেস্ট পদ্ধতিতে পরিবারগুলোকে অতিদরিদ্র, দরিদ্র, ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত—এই পাঁচ শ্রেণিতে বিন্যস্ত করা হচ্ছে। এই বৈজ্ঞানিক পদ্ধতিতে সরাসরি আয়ের হিসাব না নিয়ে পরিবারের সম্পদ ও আর্থসামাজিক অবস্থা বিশ্লেষণ করা হয়। স্কোর ৮৬০ বা তার কম পাওয়া পরিবারের নারী প্রধানরা ভাতার আওতায় আসবেন। সব নারী প্রধানকে কার্ড প্রদান করা হলেও আর্থিক সুবিধা পাবেন মূলত প্রথম তিনটি স্তরের অন্তর্ভুক্ত ব্যক্তিরা।

চলতি অর্থবছরে নতুন করে ৪০ লাখ পরিবারের নারী প্রধানকে কার্ড ও ভাতার আওতায় আনার লক্ষ্য ঠিক করা হয়েছে এবং পরবর্তী তিন অর্থবছরের মধ্যে যোগ্য সবাইকে এতে যুক্ত করা হবে। ২০২৬-২৭ অর্থবছরে এই কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৪ হাজার ৫০০ কোটি টাকা, যার মধ্যে ১২ হাজার ৩০০ কোটি টাকা সরাসরি ভাতা হিসেবে বিতরণ করা হবে।

উপকারভোগীদের দেওয়া আধুনিক ফ্যামিলি কার্ডে ডুয়েল চিপ, কিউআর কোড এবং এনএফসি প্রযুক্তি যুক্ত থাকবে। কার্ডটি ‘টাকাপে’ ব্যবস্থার সঙ্গে সংযুক্ত থাকায় এটিএম বুথ, পয়েন্ট অব সেলস ও এমএফএস সেবার মাধ্যমে সহজেই টাকা উত্তোলন করা যাবে। এর আগে গত ১০ মার্চ ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির পাইলটিং উদ্বোধন করেছিলেন। পাইলটিং পর্যায়ে আট বিভাগের ৪৪ জেলার ৫৫টি উপজেলা ও সিটি করপোরেশনের ৫৭টি ইউনিটে ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য নিয়ে ৭১ হাজার ৮৩১ জনকে ভাতা ও কার্ড দেওয়া হয়। ওই কার্যক্রমে বরাদ্দকৃত ৮৬ কোটি ৬০ লাখ টাকার মধ্যে ৬৫ কোটি ৭৩ লাখ টাকা ব্যয় হয়, যার ৫৭ কোটি ২০ লাখ টাকা গেছে ভাতা বাবদ।

সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, সমাজকল্যাণসচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.