বিশ্বব্যাংক: সারে ভর্তুকির অর্ধেক যাচ্ছে বড় কৃষকদের কাছে
দেশে কৃষিখাতে প্রদত্ত সার ভর্তুকির অর্ধেকের বেশি সুবিধা চলে যাচ্ছে মাত্র ২০ শতাংশ ধনী ও বড় কৃষকের নিয়ন্ত্রণে। বিপরীতে দেশের সিংহভাগ কৃষক ক্ষুদ্র ও প্রান্তিক হলেও মোট সুবিধাভোগী ৪০ শতাংশ ক্ষুদ্র কৃষক পাচ্ছেন ভর্তুকির মাত্র ১৩ শতাংশ। বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ব্যয়বহুল এ কর্মসূচির সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে না। অথচ দেশে আড়াই একরের কম জমির খামার রয়েছে প্রায় ৯২ শতাংশ। এমনকি প্রতি ১০ জনের মধ্যে ৪ জন কৃষকের জমির পরিমাণ আধা একরেরও নিচে, যা মোট আবাদি জমির মাত্র ১১ শতাংশ। আয়ের নিরিখে সবচেয়ে পিছিয়ে থাকা ৪০ শতাংশ কৃষক সরকারি প্রত্যক্ষ সুবিধার সামান্য অংশ পেলেও পরোক্ষ সুবিধার ক্ষেত্রেও সচ্ছলরাই বেশি ভাগ পাচ্ছেন। অথচ অতি-দরিদ্র কৃষকদের আয়ের ১ দশমিক ৪ শতাংশ সরাসরি ভর্তুকির ওপর নির্ভরশীল হলেও ধনী কৃষকদের ক্ষেত্রে এই হার মাত্র শূন্য দশমিক ১০ শতাংশ।
অর্থ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১-২২ অর্থবছর থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত কৃষিতে ভর্তুকি বাবদ মোট ১ লাখ ২ হাজার ২৪ কোটি টাকা ব্যয় করেছে সরকার। এ অঙ্ক আগের পাঁচ বছরের মোট বরাদ্দের চেয়ে তিন গুণেরও বেশি। বিগত পাঁচ বছরে শুধু সারেই সরকারের ভর্তুকি প্রায় চার গুণ বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার কোটি টাকায়। ২০১৮-১৯ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের মোট বাজেটের ৬৩ শতাংশ ভর্তুকিতে খরচ হতো, যা ২০২২-২৩ অর্থবছর থেকে বৃদ্ধি পেয়ে প্রায় ৮০ শতাংশে পৌঁছেছে।
খাদ্য ও কৃষিখাতের মোট ব্যয়ের ৪১ দশমিক ৫ শতাংশই চলে যাচ্ছে সার্বজনীন ভর্তুকিতে। এর বিপরীতে কৃষি গবেষণায় ব্যয় হয়েছে মাত্র ৪ দশমিক ২ শতাংশ। অর্থাৎ গবেষণায় প্রতি এক টাকা বরাদ্দের বিপরীতে ভর্তুকি খাতে প্রায় ১০ টাকা ব্যয় হচ্ছে। অনির্দিষ্ট বা সার্বজনীন ভর্তুকি হ্রাস করে গবেষণা, মাটির মানোন্নয়ন, সেচ ব্যবস্থা ও গুদামজাতকরণে অর্থায়ন বাড়ানো সম্ভব হলে দীর্ঘমেয়াদে তা অধিক সুফল এনে দিত বলে পর্যবেক্ষণ দিয়েছে বিশ্বব্যাংক।
বাংলাদেশে বছরে প্রায় ৬৬ লাখ টন সার ব্যবহারের প্রয়োজন পড়ে, যার ৮৫ শতাংশের বেশি বিদেশ থেকে আমদানি করতে হয়। অভ্যন্তরীণ সার কারখানার পরিচালনগত সংকট ও গ্যাস স্বল্পতার কারণে আমদানি নির্ভরতা বৃদ্ধি পেয়েছে। তদুপরি ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন সংঘাত এবং ২০২৬ সালে মধ্যপ্রাচ্য সংকটের জেরে বৈশ্বিক বাজারদর ও মুদ্রার অবমূল্যায়ন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বাজেটের ওপর তীব্র চাপ তৈরি করেছে।
আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটির তথ্যমতে, ডিলারদের বিতরণ ব্যবস্থায় নজরদারির ঘাটতির সুযোগে বাজারে কালোবাজারি সৃষ্টি হচ্ছে। ফলে কৃষকরা নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি খরচ ও দেরিতে সার পেতে বাধ্য হচ্ছেন। এছাড়া সুষম মাত্রায় সার প্রয়োগ করেন মাত্র ৫ শতাংশ কৃষক। বাকিদের ক্ষেত্রে অনুপযুক্ত সার ব্যবহারে উৎপাদনশীলতা বাড়ছে না।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক মুস্তফা কে মুজেরী জানান, কৃষি উপকরণ ও সারের ভর্তুকি কার্যকরভাবে প্রান্তিক পর্যায়ের চাষিদের কাছে পৌঁছানোই মূল চ্যালেঞ্জ। খাদ্য নিরাপত্তা এবং উৎপাদন অক্ষুণ্ণ রাখতে সরাসরি ভর্তুকি বন্ধ করা সম্ভব নয়। কৃষকদের কাছে শুধু সাশ্রয়ী মূল্যে নয়, চাষাবাদের প্রকৃত মৌসুমে সার সরবরাহ নিশ্চিত করার বিষয়ে তিনি তাগিদ দেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কৃষি ভর্তুকি যৌক্তিক করার ওপর গুরুত্ব দিয়ে সংস্কারের শর্ত যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। বিশ্বব্যাংকের সুপারিশে বলা হয়েছে, মূল্য নিয়ন্ত্রণের বিদ্যমান কাঠামো প্রত্যাহার করে পর্যায়ক্রমে বাজারভিত্তিক মূল্যের দিকে যাওয়া উচিত। তবে তা ক্ষুদ্র কৃষকদের আগাম জানিয়ে ধাপে ধাপে করতে হবে। পাশাপাশি বিএনপি সরকারের সময় প্রবর্তিত ‘কৃষক কার্ড’ ও ডিজিটাল কৃষক নিবন্ধনের মাধ্যমে ইলেকট্রনিক ভাউচার ব্যবহার করে প্রকৃত ও বর্গাচাষিদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার কার্যকর ভিত্তি তৈরির পরামর্শ দেওয়া হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.