লেবাননে ‘বিশাল’ সৌরবিদ্যুৎ প্রকল্পের ঘোষণা কাতারের
লেবাননের তীব্র জ্বালানি সংকট নিরসনে দেশটিতে একটি বিশালাকার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে কাতার। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সঙ্গে বৈঠকের পর শুক্রবার বৈরুত সফরকালে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল থানি এ ঘোষণা দেন। একই সঙ্গে বৈঠকে লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসন ও আইন লঙ্ঘনের বিষয়টি নিয়েও আলোচনা করেন দুই নেতা।

বৈঠক শেষে কাতারের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জ্বালানি খাতে সহযোগিতার একটি সমন্বিত কাঠামো তৈরি এবং কার্যকর সমাধান উপস্থাপন করতে সম্মত হয়েছি।’
প্রাথমিক প্রকল্প হিসেবে লেবাননে যৌথভাবে একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে ফরাসি প্রতিষ্ঠান টোটালএনার্জিসের সঙ্গে কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা কাতারএনার্জি একটি চুক্তিতে পৌঁছেছে। শেখ মোহাম্মদ আরও জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো একটি বড় বিনিয়োগ প্রকল্প গড়ে তোলা, যা লেবাননের অর্থনীতির পাশাপাশি এতে অংশ নেওয়া কাতারি কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোর জন্য সুফল বয়ে আনবে।
লেবাননের বিদ্যুৎ খাতের এই পরিকল্পনাটি শিগগিরই মন্ত্রিসভায় উত্থাপন করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। তিনি বলেন, ‘লেবানন সরকারের কোনো ধরনের ব্যয় ছাড়াই কাতারি পক্ষ এই প্রকল্পে অর্থায়ন, বাস্তবায়ন ও এটি চালু করবে।’ তিনি আরও উল্লেখ করেন যে দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের কারণে এমন পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
লেবাননের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানিটি দেশটির ঋণের অন্যতম বড় উৎস। অতিরিক্ত কর্মী ও পুরোনো অবকাঠামোর কারণে গত কয়েক দশকে প্রতিষ্ঠানটির প্রায় ৪ হাজার কোটি ডলার লোকসান হয়েছে। প্রতিষ্ঠানটি দিনে মাত্র কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করতে পারে এবং এক বছর আগপর্যন্ত ডিজেল ফুরিয়ে গেলে রাষ্ট্র কেন্দ্রীয় ব্যাংক থেকে অগ্রিম অর্থ নিত।
শেখ মোহাম্মদ বলেন, ‘এই চরম সংকটকালে’ লেবাননের জনগণ এবং গোটা অঞ্চলের সঙ্গে সংহতি প্রকাশ করছে দোহা। সাম্প্রতিক বছরগুলোতে লেবানন বহুমুখী জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং দেশটির আর্থিক ধস ও ইসরায়েলের অব্যাহত হামলার কারণে পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে।
শুক্রবার দিনের শুরুতে কাতারের প্রধানমন্ত্রী লেবাননের প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট স্পিকারের সঙ্গেও সাক্ষাৎ করেন। তাদের আলোচনার অন্যতম বিষয় ছিল দক্ষিণ লেবাননের পরিস্থিতি, যেখানে ডজনখানেক শহর ও গ্রাম দখল করে ইসরায়েল তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে।
শেখ মোহাম্মদ জানান, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের আইন লঙ্ঘনের বিষয়টি তাদের আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল।
তিনি বলেন, ইসরায়েলকে অবশ্যই লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং হামলা বন্ধ করতে হবে। বাস্তুচ্যুত মানুষের ঘরে ফেরা নিশ্চিত করতে দক্ষিণ লেবাননের ভবিষ্যৎ পুনর্গঠনের ভিত্তি তৈরিতে কাতার যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
গত জুনে যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তির আওতায় লেবানন সরকারের দায়িত্ব ছিল ইরান-সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্র করা। এর বিনিময়ে ইসরায়েলি বাহিনী তাদের দখল করা দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলো থেকে পর্যায়ক্রমে সরে যাওয়ার কথা ছিল। তবে হিজবুল্লাহ এই চুক্তির অংশ নয় এবং তারা জানিয়েছে, ইসরায়েল পুরোপুরি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত তারা অস্ত্র সমর্পণ করবে না।
লেবাননের কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, গত মার্চ থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় ৪ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যুদ্ধের চরম পর্যায়ে লেবাননে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুসারে, জুন মাসের যুদ্ধবিরতির পর বেশির ভাগ মানুষ বাড়ি ফিরলেও এখনো ৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত অবস্থায় দিন কাটাচ্ছেন।
লেবাননের এই ‘অন্ধকার সময়ে’ দেশটির পাশে থেকে সার্বক্ষণিক সমর্থন দেওয়ায় কাতারকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী সালাম।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.