আপনি পড়ছেন

দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বকে কেবল ঋণনির্ভরতা থেকে বের করে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) ও সরাসরি বেসরকারি পুঁজিতে রূপান্তরের বিস্তারিত রূপরেখা তৈরি করেছে বাংলাদেশ। 'বে অভ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট' বা বিগ-বি ২.০ কাঠামোর অধীনে জাপানের কাছে ২ দশমিক ২ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ১৪ বিলিয়ন ডলারের মেগা বিনিয়োগ ও সহযোগিতা প্যাকেজ প্রস্তাবের সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন টোকিও সফরে এই অর্থনৈতিক প্যাকেজ আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। আজ শনিবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর জাপান সফরে ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ চাইবে বাংলাদেশ
প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ২৬ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর এই রাষ্ট্রীয় সফর শুরু হওয়ার কথা রয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) একটি অভ্যন্তরীণ প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৬-৩১ মেয়াদের জন্য প্রণীত এই প্রস্তাবে ১২টি খাতকে অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারকে ঘিরে গড়ে ওঠা শিল্প ও লজিস্টিকস করিডোরের মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক সরবরাহ চেইনের সঙ্গে যুক্ত হওয়াই এর মূল লক্ষ্য। স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশকে ৩৪ বিলিয়ন ডলারের বেশি উন্নয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে প্রতি বছর গড়ে ৬০০ থেকে ৭০০ মিলিয়ন ডলার ছাড় করছে। তবে নতুন প্রস্তাবনায় প্রথাগত অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্সের (ওডিএ) বাইরে সরাসরি যৌথ বিনিয়োগ, কারিগরি সহায়তা এবং দক্ষ জনশক্তি সংযোগের বিষয়টিতে বিশেষ জোর দেওয়া হয়েছে।

প্যাকেজের সবচেয়ে বড় বরাদ্দ রাখা হয়েছে পরিবহন ও নগর যোগাযোগ অবকাঠামো উন্নয়নে। এই খাতে ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলার বা ৫৫০ বিলিয়ন ইয়েন সহায়তা চাওয়া হবে। এ অর্থে মেট্রোরেল প্রকল্পের এমআরটি লাইন-১, এমআরটি লাইন-৫ (নর্দান রুট) ও এমআরটি লাইন-৬ সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে এমআরটি লাইন-১-এর জন্য অতিরিক্ত ৫৯৬ বিলিয়ন ইয়েন এবং লাইন-৫-এর জন্য ৫১৫ দশমিক ২৫ বিলিয়ন ইয়েন অর্থায়নে জাপান ইতিমধ্যে সম্মতি প্রকাশ করেছে। এছাড়া নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার সরাসরি সংযোগে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ, কক্সবাজার-মহেশখালী চ্যানেল সেতু এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপের প্রকৌশল সেবায় ৩ দশমিক ৮৩১ বিলিয়ন ইয়েন বরাদ্দের প্রস্তাব রয়েছে।

মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (এমআইডিআই) ও মাতারবাড়ী বাণিজ্যিক কেন্দ্র গড়ে তুলতে ৩ দশমিক ১৪ বিলিয়ন ডলার বা ৫০০ বিলিয়ন ইয়েন অর্থায়নের প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার সহায়তায় এই অঞ্চলের জন্য ২০৪১ সাল পর্যন্ত মহাপরিকল্পনা তৈরি করা হচ্ছে। গভীর সমুদ্রবন্দর উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপে জাইকার ১০৫ দশমিক ৩৬২ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তার অধীনে কনটেইনার ও মাল্টিপারপাস টার্মিনাল, ড্রেজিং ও সংযোগ সড়ক তৈরি করা হবে। এর আগে মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে আট কিস্তিতে মোট ৭১২ দশমিক ৪৩০ বিলিয়ন ইয়েন অর্থায়ন করেছে জাপান।

উৎপাদন শিল্প, সেমিকন্ডাক্টর ও অটোমোবাইল খাতে ১ দশমিক ৫৭ বিলিয়ন ডলার সহায়তার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে জাপানি উদ্যোক্তাদের মাধ্যমে রপ্তানিমুখী যানবাহন ও যন্ত্রাংশ তৈরির কারখানা স্থাপন এবং মাতারবাড়ী বন্দর ব্যবহার করে তা বিশ্ববাজারে রপ্তানির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে যৌথভাবে ন্যানোটেকনোলজি ও সেমিকন্ডাক্টর গবেষণাগার স্থাপন করে ২০৩০ সালের মধ্যে চিপ রপ্তানি ১ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রস্তাবিত দ্বিপাক্ষিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) এই প্রযুক্তি হস্তান্তরে গতি আনবে।

জ্বালানি রূপান্তর ও জলবায়ু সহনশীলতা খাতে মোট ২ দশমিক ২০ বিলিয়ন ডলার বা ৩৫০ বিলিয়ন ইয়েন বরাদ্দের প্রস্তাব করা হবে। ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ সক্ষমতা ৩৫ হাজার মেগাওয়াটে উন্নীত করার জাতীয় লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে নবায়নযোগ্য জ্বালানি ও গ্রিড আধুনিকায়নে ২০০ বিলিয়ন ইয়েন চাওয়া হচ্ছে। একইসঙ্গে উপকূল রক্ষা বাঁধ, টেকসই পানি ব্যবস্থাপনা ও জলবায়ু-সহনশীল নগর অবকাঠামো নির্মাণে ১৫০ বিলিয়ন ইয়েন সহজ শর্তের ঋণ ও অনুদান প্রস্তাবের অন্তর্ভুক্ত রয়েছে।

কৃষি, সুনীল অর্থনীতি ও পর্যটন খাতের সমন্বিত উন্নয়নে ১ দশমিক ২২ বিলিয়ন ডলার বা ১৯৫ বিলিয়ন ইয়েন বিনিয়োগ প্রস্তাব তৈরি করা হয়েছে। দেশের উত্তরাঞ্চলকে রপ্তানিমুখী আধুনিক কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ হাবে রূপান্তর করতে ১২০ বিলিয়ন ইয়েন এবং গভীর সমুদ্রে ব্লু ইকোনমির টেকসই ব্যবহারে ৭৫ বিলিয়ন ইয়েন ব্যয়ের পরিকল্পনা রয়েছে। পর্যটন প্রসারে কক্সবাজার, সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রামের পাশাপাশি পাহাড়পুর, ময়নামতি ও মহাস্থানগড়কে যুক্ত করে একটি বৌদ্ধ তীর্থযাত্রা সার্কিট গড়ে তোলার প্রস্তাব দেওয়া হবে।

দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের অংশ হিসেবে প্রতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ দক্ষ কর্মী ও শিক্ষার্থী জাপানে নেওয়ার কৌশলগত প্রস্তাব রাখা হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে জাপানি সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে একটি 'হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্পেশাল জোন' প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হবে, যা ভাষা ও বিশেষায়িত কারিগরি প্রশিক্ষণ সনদ নিশ্চিত করবে। এছাড়া বেসরকারি পুঁজি আকর্ষণে ২৫ বিলিয়ন ইয়েনের পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্ট প্রিপারেশন ফ্যাসিলিটি গঠন এবং ২০৩০ সালের মধ্যে দেশে কর্মরত জাপানি প্রতিষ্ঠানের সংখ্যা বর্তমান ৩৩৮টি থেকে বাড়িয়ে ৫০০টিতে রূপান্তরের রূপরেখা নির্ধারণ করা হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.