আপনি পড়ছেন

রেল যোগাযোগ অবকাঠামোর সুরক্ষায় হুমকি সৃষ্টিকারী ড্রোন বা মানববিহীন আকাশযান নিষ্ক্রিয় করার ক্ষমতা পাচ্ছে পোল্যান্ডের রেলওয়ে নিরাপত্তা বাহিনী। সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং রুশ হাইব্রিড তৎপরতার ক্রমবর্ধমান আশঙ্কার মধ্যে দেশটির গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থার নিরাপত্তা জোরদার করতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। শুক্রবার প্রকাশিত সরকারের একটি খসড়া আইনে এই প্রস্তাব তুলে ধরা হয়।

পোল্যান্ডের রেলওয়ে রক্ষীরা পাচ্ছেন ড্রোন ধ্বংসের এখতিয়ার
পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে উড়ছে দেশটির জাতীয় পতাকা

অবকাঠামো মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুতকৃত এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত 'রেলওয়ে পরিবহন আইন'-এর খসড়া সংশোধনীতে রেলওয়ে সিকিউরিটি গার্ডের (এসওকে) ক্ষমতা বৃদ্ধির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন ক্ষমতাবলে তারা মানববিহীন আকাশযান ধ্বংস বা নিষ্ক্রিয় করতে সক্ষম বিশেষ ডিভাইস ব্যবহার করতে পারবে।

এই সংশোধনীর মাধ্যমে রেলওয়ে রক্ষীদের অন্যান্য নিরাপত্তা বাহিনীর সমকক্ষ ক্ষমতা দেওয়া হবে, যার মধ্যে ড্রোন মোকাবিলার বিশেষ সরঞ্জাম ব্যবহারের এখতিয়ার অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া বিমান চলাচল আইনের আওতাধীন পরিস্থিতিতে ড্রোন ধ্বংস বা অকার্যকর করতে রেল রক্ষীদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের সুযোগও বিস্তৃত করা হবে। একই সঙ্গে নিরাপত্তা কার্যক্রমের ভিডিও ধারণ এবং ব্যক্তিগত মালিকানাধীন জমিতে সন্দেহভাজনদের তাড়া করার ক্ষেত্রেও তাদের বিশেষ ক্ষমতা দেওয়া হচ্ছে।

পোল্যান্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো রেলওয়ে রক্ষীদের সক্ষমতাকে ‘সমসাময়িক হুমকির উপযোগী করা।’ একই সঙ্গে দেশটির গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোর অংশ হিসেবে বিবেচিত রেল নেটওয়ার্কের নিরাপত্তা সুসংহত করা।

নভেম্বরে ওয়ারশ-লুবলিন রেললাইনে নাশকতামূলক ঘটনার পর থেকেই পোল্যান্ডের রেলওয়ে নেটওয়ার্কের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তীব্র আকার ধারণ করে। সেই পটভূমিতেই এই পদক্ষেপ নেওয়া হলো।

ওই ঘটনায় মিকার কাছে রেললাইনের একটি অংশ বিস্ফোরকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। একই সঙ্গে পুলাভির কাছে রেলের ওভারহেড অবকাঠামো ক্ষতিগ্রস্ত করা হয় এবং রেললাইনের ওপর একটি ধাতব ক্ল্যাম্প বসিয়ে ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা চালানো হয়েছিল বলে কর্তৃপক্ষ জানায়।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক সে সময় জানান, রাশিয়ার গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত দুই ইউক্রেনীয় নাগরিক এই নাশকতার নেপথ্যে জড়িত ছিল। ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক সামরিক অভিযান শুরুর পর থেকে পোল্যান্ডে ঘটে যাওয়া অন্যতম মারাত্মক নাশকতা হিসেবে তিনি এটিকে বর্ণনা করেন।

সম্প্রতি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশে ড্রোনের অননুমোদিত ব্যবহার নিয়েও শঙ্কা বাড়ছে। জুলাইয়ে অনুষ্ঠিত একটি সংসদীয় তদন্তে রেলওয়ে স্থাপনার সন্নিকটে ড্রোন ওড়ার বেশ কয়েকটি ঘটনা তুলে ধরা হয়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনার কাছাকাছি কোনো মানববিহীন আকাশযান অবস্থান করলে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর পদক্ষেপ নেওয়ার আইনি ক্ষমতা কতটুকু, তা নিয়েও সেখানে প্রশ্ন তোলা হয়েছিল।

রাশিয়ার সম্ভাব্য নাশকতা, সাইবার হামলা এবং বহুমুখী তৎপরতা পোল্যান্ড ও ন্যাটোভুক্ত দেশগুলোর জন্য সরাসরি হুমকি হয়ে উঠছে বলে ওয়ারশ যখন দফায় দফায় সতর্কবার্তা দিচ্ছে, ঠিক তখনই দেশটির রেল সুরক্ষায় এই খসড়া আইনটি প্রকাশ্যে এলো।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.