আপনি পড়ছেন

রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ‘নতুন ভিত্তি’ তৈরিতে সম্মত হয়েছে হাঙ্গেরি ও ইউক্রেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর শুক্রবার হাঙ্গেরির প্রধানমন্ত্রী পেতের মায়ার এই ঐকমত্যের কথা জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এই ঘোষণা দেন।

কিয়েভ-বুদাপেস্ট সম্পর্কের ‘নতুন ভিত্তি’ তৈরিতে সম্মত দুই দেশ
হাঙ্গেরির প্রধানমন্ত্রী পেতের মায়ার

ইউক্রেনের জাকারপত্তিয়া অঞ্চলে হাঙ্গেরীয় সংখ্যালঘুদের অধিকার জোরদারে উভয় দেশের মধ্যকার সমঝোতাকে স্বাগত জানান পেতের মায়ার। তিনি বলেন, ইউক্রেনীয় পার্লামেন্টে সংখ্যালঘু শিক্ষা আইন পাস এবং এর বাস্তবায়নকে পারস্পরিক আস্থা পুনর্গঠনের প্রথম পদক্ষেপ হিসেবে দেখছে বুদাপেস্ট।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী আরও বলেন, ‘১৯৪৪ থেকে ১৯৪৬ সালের মধ্যে বাধ্যতামূলক শ্রম ও ব্যাপক বিতাড়নের মাধ্যমে ট্রান্সকারপাথিয়ায় হাঙ্গেরীয়দের বিরুদ্ধে সংঘটিত অপরাধকে স্বীকৃতি দিয়ে ইউক্রেনের পার্লামেন্ট সেপ্টেম্বরে যে প্রস্তাব পাস করেছে, সেজন্য আমি তাদের ধন্যবাদ জানিয়েছি।’

তিনি জানান, তারা দুই দেশের সংখ্যালঘুদের পরিস্থিতির উন্নয়নে বিশেষ নজর দিয়ে মন্ত্রী পর্যায়ের আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন।

চলমান যুদ্ধের মধ্যে কিয়েভের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে মায়ার বলেন, ‘আমরা এ বিষয়েও একমত হয়েছি যে আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের জন্য একটি নতুন ভিত্তি তৈরি করা উভয় দেশেরই স্বার্থের অনুকূল।’ তিনি আরও যোগ করেন, ‘যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি অর্জন এবং একটি স্থায়ী শান্তি নিশ্চিত করতে সম্ভাব্য সব কূটনৈতিক উপায় ব্যবহারে হাঙ্গেরি প্রস্তুত।’

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, তিনি এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়সমূহ এবং ইউক্রেনের ইইউতে যোগদানের অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন। এ সময় নীতিগত পদক্ষেপ গ্রহণ এবং ইইউ আলোচনা প্রক্রিয়ার আরও দুটি গুচ্ছ উন্মুক্ত করার জন্য তিনি মায়ারকে ধন্যবাদ জানান।

জেলেনস্কি বলেন, ‘আমরা বছরের শেষ নাগাদ বাকি দুটি উন্মুক্ত করার লক্ষ্যে কাজ করছি।’ তিনি উল্লেখ করেন, চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ বন্ধের প্রচেষ্টা এবং কূটনৈতিক পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে কথা হয়েছে।

ইউক্রেন ও হাঙ্গেরির মধ্যে সহযোগিতার সুযোগ, বাণিজ্য এবং কৃষি সংক্রান্ত পণ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়েও তারা আলোচনা করেছেন বলে জানান জেলেনস্কি। তিনি বলেন, ‘ইউক্রেন সর্বদা সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক এবং পারস্পরিক সক্ষমতা বৃদ্ধির পক্ষে অবস্থান নেয়। আমরা বিভিন্ন পর্যায়ে যৌথ কাজ পুনরায় শুরু করতে এবং সফর বিনিময়ে সম্মত হয়েছি। আমাদের দলগুলো এর তারিখ নির্ধারণ করবে।’

শীর্ষ নেতাদের এই বৈঠকের পর ব্রাসেলসে আলোচনায় বসেন বুদাপেস্ট ও কিয়েভের শীর্ষ কূটনীতিকরাও। বৈঠকে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীকে তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হওয়ায় অভিনন্দন জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা।

সিবিহা বলেন, ‘আমরা রাজনৈতিক, অর্থনৈতিক, মানবিক ও অন্যান্য ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ পরিবর্তনের প্রত্যক্ষদর্শী হচ্ছি। আমাদের আলোচ্যসূচিতে এখনও অনেক কিছু রয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ অব্যাহত রয়েছে। তবে আমরা ইতিমধ্যেই স্পষ্টভাবে বলতে পারি: এটি একটি নতুন অধ্যায়। এটি ইতিহাস। আমরা একসাথে প্রমাণ করেছি যে নীরব কূটনীতি সুফল বয়ে আনে। সবসময় সুনির্দিষ্ট ফলাফলের দিকে নজর দেওয়া এবং তা অর্জন করাই উত্তম।’

হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের আমলে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ইউক্রেন ও হাঙ্গেরির মধ্যে বহু বছর ধরে টানাপোড়েন চলছিল। সেই অচলাবস্থার পর দেশ দুটির মধ্যে নতুন করে এই সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হলো।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.