ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ১২০০
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোর দুরবস্থার প্রতিবাদে বিক্ষোভ চলছে। এর মধ্যে গতকাল শনিবার দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অন্তত ১ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির সরকার একে সহিংসতার ‘ক্রমবর্ধমান বিস্তার’ বলে বর্ণনা করেছে। বিক্ষোভে অংশ নিয়েছেন আনুমানিক ৫ লাখ ৫০ হাজার মানুষ। খবর বিবিসির

রাজধানী প্যারিসে সন্ধ্যা পর্যন্ত দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভবনে আগুন দেওয়া হয়। লিমোজ শহরের পৌর ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডে ভবনটির ছাদের একাংশ ধসে পড়ে।
বিভিন্ন শহরে লুটপাটের ঘটনাও ঘটে। পৌর ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে ব্যাপক ভাঙচুর চালানো হয়। প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু জানান, বিক্ষোভের সময় ১৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
প্যারিসে বিকেলে মূল মিছিলটি মোটামুটি শান্তিপূর্ণ ছিল। সেখানে বিবিসির সঙ্গে কথা বলা একদল তরুণ নিজেদের ‘শান্তিবাদী’ হিসেবে পরিচয় দেন। তারা বলেন, ‘আমরা শুধু পরিবর্তন আনার চেষ্টা করছি, কিন্তু কিছুই এগোচ্ছে না।’
তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীদের কয়েকটি দল রাস্তায় আগুন জ্বালায় এবং যানবাহনে অগ্নিসংযোগ করে। শহরের কেন্দ্রস্থলের বিখ্যাত প্লাস দ্য লা রিপাবলিক এলাকাতেও এ ঘটনা ঘটে। বিভিন্ন দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। অন্তত একটি রেস্তোরাঁ আগুনে পুড়ে যায়। বিক্ষোভকারীদের কয়েকটি দলের মধ্যে সংঘর্ষও দেখতে পায় বিবিসি। মধ্য প্যারিসে একদল বিক্ষোভকারীর দিকে দাঙ্গা পুলিশকে ধেয়ে যেতে দেখা যায়। এ সময় পুলিশ লাঠি দিয়ে কয়েকজনকে আঘাত করে।
লিয়ঁ শহরের পর্যটন দপ্তরে আগুন দেওয়ার ঘটনাকে ‘শহরের জন্য এক ট্র্যাজেডি’ বলে বর্ণনা করেছেন মেয়র গ্রেগরি দুসে। বিএফএমটিভিকে তিনি বলেন, ‘এটি আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। ভবনটি অত্যন্ত পরিচিত ও ঐতিহাসিক একটি স্থাপনা।’
স্থানীয় পুলিশ জানায়, ‘বৈরী মনোভাবাপন্ন ব্যক্তিরা’ অগ্নিনির্বাপকদের নিরাপদে আগুন নেভানোর কাজে বাধা দেন। লিমোজ শহরের পৌর ভবনেও আগুন নেভাতে কাজ করেন দমকলকর্মীরা। স্থানীয় প্রশাসন জানায়, আগুনে ভবনটির একাংশ ধসে পড়েছে।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাঁত এতিয়েন শহরে গ্রেনেডের আঘাতে এক তরুণের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন শহরটির মেয়র রেজিস জুয়ানিকো। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘এমন মর্মান্তিক ঘটনা কখনোই ঘটা উচিত নয়।’
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর কয়েকটি এলাকা ছাড়াও মার্সেই, রেন, তুলুজ ও আঙ্গের মতো শহরে মুখোশ পরা ব্যক্তিরা ‘লক্ষ্যবস্তু নির্ধারণ করে সহিংসতা’ চালিয়েছেন।
দেশটির আরও বিভিন্ন শহরে ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এসব শহরের মধ্যে রয়েছে গ্রেনোবল, আভিনিয়োঁ, পো, মনপেলিয়ে ও ভ্যালঁস। প্যারিসে পোশাক ও খাবারের দোকানে লুটপাট চালানো হয়। লিল শহরে অ্যাপলের একটি দোকানে ভেঙে ঢুকে সবকিছু লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
বিবিসি ভেরিফাইয়ের সত্যতা যাচাই করা একটি ভিডিওতে দেখা যায়, গ্রেনোবল শহরের কেন্দ্রস্থলের একটি সরু সড়ক দিয়ে মুখোশধারী কয়েকজন একটি পর্যটকবাহী ট্রেন চালিয়ে অন্তত তিনজন দাঙ্গা পুলিশের দিকে এগিয়ে যাচ্ছেন।
ফ্রান্সের ১৫ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা দেশটির মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকসংকট ও জরাজীর্ণ অবকাঠামোর প্রতিবাদে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ধারাবাহিক বিক্ষোভ করে আসছেন। শনিবার তাঁদের সঙ্গে যোগ দেন বিভিন্ন শ্রমিক সংগঠন ও অন্যান্য বিক্ষোভকারী গোষ্ঠীর সদস্যরা।
এসব গোষ্ঠীর মধ্যে রয়েছে ‘ইয়েলো ভেস্ট’ বা হলুদ জ্যাকেট আন্দোলনের সদস্যরাও। ২০১৮ সাল থেকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে এক বছরের বেশি সময় ধরে চলা এই আন্দোলন ফ্রান্সের ইতিহাসে দীর্ঘস্থায়ী বিক্ষোভ আন্দোলনগুলোর একটিতে পরিণত হয়েছিল। ফ্রান্সে বিক্ষোভ ও বিশৃঙ্খলার ঘটনা নতুন নয়। তবে এবারের আন্দোলন এমন এক সময়ে তীব্র হয়েছে, যখন দেশটি গভীর রাজনৈতিক অনিশ্চয়তার দিকে এগোচ্ছে।
আগামী বছর প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়বেন এমানুয়েল মাখোঁ। বিভিন্ন জনমত জরিপের ইঙ্গিত, আগামী এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থী ন্যাশনাল র্যালি দলের নেত্রী মারিন লে পেন এবং কট্টর বামপন্থী দল লা ফ্রঁস ইনসুমিজের নেতা জ্যঁ-লুক মেলঁশোঁর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.