সৌদি বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ১১৪ ফ্লাইট বাতিল, বাড়ছে ভোগান্তি
সৌদি আরবের আকাশসীমায় ফ্লাইট বাতিলের পরিধি বেড়ে যাওয়ায় বড় ধরনের আন্তর্জাতিক শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে বৈশ্বিক উড়োজাহাজ পরিবহন খাত। নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ ও হামলার প্রেক্ষিতে ডেল্টা ও ক্যাথে প্যাসিফিকসহ ইউরোপ ও এশিয়ার শীর্ষ এয়ারলাইন্সগুলো মধ্যপ্রাচ্যের এই গন্তব্যে তাদের পরিষেবা স্থগিত বা পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। ফলে বিশ্বব্যাপী বিমান সংস্থাগুলোর সার্বিক পরিচালন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঢাকা থেকে সরাসরি সৌদি আরবগামী ও ট্রানজিট ব্যবহারকারী মোট ১১৪টি ফ্লাইট বাতিল। এতে ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা।

বিমান চলাচলবিষয়ক তথ্য বিশ্লেষক সংস্থা সিরিয়ামের বরাতে গালফ বিজনেস তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ৮ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সৌদি আরবের বিমানবন্দরগুলোর নির্ধারিত ৮ হাজার ৮৮৩টি ফ্লাইটের মধ্যে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে বা পরিচালিত হয়নি। এর মধ্যে ১৫ অক্টোবর রিয়াদ বিমানবন্দরের নির্ধারিত ৩৬৬টি ফ্লাইটের মধ্যে ২৯৮টি ফ্লাইটই চলাচল করেনি। একই দিনে দাম্মামের ১৩১টি ফ্লাইটের মধ্যে ৬০টি এবং জেদ্দার ৩৮৫টির মধ্যে ৮৭টি ফ্লাইট আকাশে ওড়েনি।
আকাশপথের এই অচলাবস্থার সরাসরি প্রভাব পড়েছে দূরপাল্লার আন্তর্জাতিক রুটে। হংকং থেকে রিয়াদ ও দুবাইগামী ফ্লাইট চালুর সময় পিছিয়ে আগামী বছরের ৩১ জানুয়ারি নির্ধারণ করেছে ক্যাথে প্যাসিফিক। যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে রিয়াদে নতুন ফ্লাইট চালুর সূচি পিছিয়ে আগামী বছরের মার্চে নির্ধারণ করেছে ডেল্টা এয়ারলাইনস। এছাড়া ইউরোপের এয়ার ফ্রান্স-কেএলএম অক্টোবরের শেষ পর্যন্ত তাদের রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে। ফিলিপাইন এয়ারলাইনস ২৯ নভেম্বর পর্যন্ত রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এবং মালয়েশিয়া এয়ারলাইনস তাদের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটের সূচি স্থগিত রেখেছিল।
উপসাগরীয় ও এশীয় অঞ্চলের এয়ারলাইন্সগুলোর যোগাযোগ ব্যবস্থাও বড় ধাক্কা খেয়েছে। আবুধাবি থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দার কিছু ফ্লাইট স্থগিত রেখেছে ইতিহাদ এয়ারওয়েজ। ফ্লাইদুবাই তাদের রিয়াদ, দাম্মাম ও আবহাগামী ফ্লাইট ১৯ অক্টোবর পর্যন্ত বাতিল করেছে। কাতার এয়ারওয়েজ রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট স্থগিত রেখেছে এবং এমিরেটস ও এয়ার অ্যারাবিয়ার সৌদি আরবগামী ফ্লাইট বিঘ্নিত হয়েছে। অন্যদিকে ভারতের এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ২০ অক্টোবর পর্যন্ত রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট স্থগিত রেখেছে। ইন্ডিগো আগামী ২৪ অক্টোবর পর্যন্ত সৌদি আরবের সব গন্তব্যে উড়োজাহাজ পরিচালনা বন্ধ রেখেছে এবং আকাসা এয়ার রিয়াদে ২৪ অক্টোবর ও জেদ্দায় ২১ অক্টোবর পর্যন্ত কার্যক্রম স্থগিত করেছে।
বৈশ্বিক এই শিডিউল বিপর্যয়ের প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথেও। ঢাকা থেকে সরাসরি সৌদি আরবগামী ও ট্রানজিট ব্যবহারকারী মোট ১১৪টি ফ্লাইট বাতিল হওয়ায় ১৭ হাজার ৭০১ জন যাত্রী দুর্ভোগের শিকার হয়েছেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, বাতিলের তালিকায় সরাসরি সৌদি আরবগামী ৫০টি এবং বিভিন্ন দেশের সংযোগকারী ৬৪টি ফ্লাইট রয়েছে।
সরাসরি ফ্লাইট বাতিলের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৮টি, সৌদিয়ার ১২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে। এছাড়া সংযোগকারী ফ্লাইটের তালিকায় রয়েছে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালামএয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার পাঁচটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট।
এমন পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ার পর ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে সংস্থাটির। তবে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট সচল রেখে মদিনা রুটে বড় উড়োজাহাজ এবং জেদ্দায় অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনস আগামী ২১ অক্টোবর পর্যন্ত সৌদি আরবে তাদের ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.