আপনি পড়ছেন

নগদ অর্থের ওপর মাত্রাতিরিক্ত নির্ভরতার কারণে দেশের একটি বড় অংশের অর্থনৈতিক কর্মকাণ্ড করজালের বাইরে রয়ে গেছে। এর ফলে সরকার প্রতি বছর আনুমানিক ৯৩ হাজার ৩০০ কোটি টাকার সম্ভাব্য রাজস্ব হারাচ্ছে। নগদ অর্থনির্ভর অনানুষ্ঠানিক অর্থনীতি বা শ্যাডো ইকোনমির বিস্তার সামগ্রিক রাজস্ব আদায়ের গতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে। আজ বুধবার বণিক বার্তায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নগদ লেনদেনের ধাক্কা: বছরে ৯৩ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি
ছবি- সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গবেষণা প্রতিবেদন ‘দ্য কস্ট অব ক্যাশ স্টাডি ইন বাংলাদেশ: আ কম্পারেটিভ অ্যানালাইসিস অব ক্যাশ অ্যান্ড ডিজিটাল পেমেন্ট’-এ এই তথ্য তুলে ধরা হয়েছে। গবেষণার প্রাক্কলন অনুযায়ী, দেশের অনানুষ্ঠানিক অর্থনীতির আকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২৭ দশমিক ২ শতাংশ। এই বিপুল অঙ্কের অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর প্রচলিত করহার প্রয়োগ করে সম্ভাব্য রাজস্ব ঘাটতির হিসাব নিরূপণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। নগদ লেনদেনের হিসাব সংরক্ষণ ও তদারকি কঠিন হওয়ায় আয় ও বাণিজ্যিক কার্যক্রম করব্যবস্থার বাইরে থেকে যাচ্ছে।

প্রতিবেদনটির পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, নগদনির্ভর অর্থনীতির সার্বিক বার্ষিক ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৭০ হাজার ৩৬০ কোটি টাকা, যা জাতীয় জিডিপির ৩ দশমিক ২৪ শতাংশ। সরকারের সম্ভাব্য রাজস্ব ক্ষতি বাদ দিলেও নগদ ব্যবস্থাপনার বার্ষিক খরচ দাঁড়ায় প্রায় ৭৭ হাজার কোটি টাকা। এর মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালনা ও নগদ ব্যবস্থাপনায় ব্যয় হয় প্রায় ৩৬ হাজার ৮০০ কোটি টাকা। সাধারণ ভোক্তাদের ব্যয় ২৮ হাজার কোটি টাকা, ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬ হাজার ২০০ কোটি এবং ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থাগুলোর খরচ ৫ হাজার ৬০০ কোটি টাকা। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব খরচ ৪০০ কোটি এবং দ্রুত বিক্রয়যোগ্য ভোগ্যপণ্যের খুচরা ব্যবসায়ীদের ব্যয় ৬০ কোটি টাকা।

ভোক্তা পর্যায়ে নগদ ব্যবহারের ক্ষেত্রে শুধু অর্থ উত্তোলনে সময় ব্যয়ের মূল্য ধরা হয়েছে প্রায় ১২ হাজার ২০০ কোটি টাকা। হাতে নগদ রাখায় সুদবঞ্চিত হওয়ার ক্ষতি ৬ হাজার ৪০০ কোটি এবং নিরাপত্তাঝুঁকি বাবদ ব্যয় প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। এর বিপরীতে সমগ্র ডিজিটাল পেমেন্ট অবকাঠামো পরিচালনায় বার্ষিক খরচ মাত্র ৫ হাজার ৯৬৪ কোটি টাকা, যা নগদ অর্থ ব্যবস্থাপনার সামগ্রিক ব্যয়ের তুলনায় প্রায় ২৮ গুণ কম। তবে ডিজিটাল ব্যবস্থায় সেবাদাতাদের আয় ২ হাজার ৩১১ কোটি টাকা হওয়ায় এটি বর্তমানে পরিচালনগত ব্যয়ের তুলনায় পিছিয়ে রয়েছে। লেনদেনের ফি, ইন্টারঅপারেবিলিটি বা আন্তঃব্যবহারযোগ্যতার ঘাটতি এবং ডিজিটাল সাক্ষরতার অভাব এই প্রযুক্তি সম্প্রসারণের অন্তরায় হিসেবে কাজ করছে।

২০৩১ সালের মধ্যে জাতীয় অর্থনীতিকে সম্পূর্ণ নগদবিহীন করার সরকারি পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ২০২৮ সালের মধ্যে অন্তত অর্ধেক লেনদেন ডিজিটালে রূপান্তরের উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নগদবিহীন লেনদেনই অর্থনীতির ভবিষ্যৎ এবং বাংলা কিউআর জনপ্রিয় করতে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের জন্য ইতিমধ্যে বিশেষ প্রণোদনা চালু করা হয়েছে।

নগদ লেনদেন সংকোচনের বিষয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান জানান, প্রযুক্তির যুগে মাত্রাতিরিক্ত নগদ নির্ভরতা অর্থনীতির একটি বড় দুর্বলতা। লেনদেন ব্যবস্থা ডিজিটাল করা গেলে শ্যাডো ইকোনমির পরিধি ছোট হবে এবং আর্থিক অনিয়ম ও অপ্রদর্শিত অর্থের প্রভাব কমে আসবে।

এদিকে চলতি বছরের জুন শেষে কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা ৩ লাখ ৭০ হাজার ২৬৯ কোটি টাকার মধ্যে ৩ লাখ ৩৬ হাজার ৩৭৫ কোটি টাকাই অবস্থান করছিল ব্যাংক ব্যবস্থার বাইরে। সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন জানান, আধুনিকায়ন সত্ত্বেও অনানুষ্ঠানিক অর্থনীতির পরিধি প্রত্যাশিত হারে কমছে না। একদিকে ব্যাংকের বাইরে নগদ প্রবাহ বৃদ্ধি এবং অন্যদিকে ব্যাংকিং আমানত বাড়ার পরস্পরবিরোধী প্রবণতাটি অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের খতিয়ে দেখা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, কার্যকর রাজস্ব আহরণ নিশ্চিত করতে ব্যাংকিং খাতের ওপর আস্থা ফেরানোর পাশাপাশি ডিজিটাল তথ্যপ্রবাহকে কর প্রশাসনের নজরদারির আওতায় আনতে হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.