২৫ বছরে রুশ-চীন দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে ৩০ গুণ
বাইরের নানামুখী চাপ সত্ত্বেও গত ২৫ বছরে রাশিয়া ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ৩০ গুণেরও বেশি বেড়েছে। সেন্ট পিটার্সবার্গে দুই দেশের সরকারপ্রধানদের ৩১তম নিয়মিত বৈঠকের আগে আয়োজিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এই তথ্য তুলে ধরা হয়। বুধবার চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠকে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন উল্লেখ করেন, দুই দেশের বাণিজ্য ক্রমাগত বাড়ছে এবং লেনদেনের প্রায় পুরোটাই রুবল ও ইউয়ানের মতো নিজস্ব মুদ্রায় সম্পন্ন হচ্ছে।

মিশুস্তিন বলেন, ‘বাইরের ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও রাশিয়া ও চীনের বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী গতি বজায় রেখেছে। গত ২৫ বছরে আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য ৩০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।’
ধাতব শিল্প থেকে শুরু করে কৃষি পর্যন্ত বিভিন্ন খাতে ৯০টিরও বেশি প্রকল্প বর্তমানে সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় কমিশনের তালিকায় রয়েছে বলে জানান রুশ প্রধানমন্ত্রী।
মিশুস্তিন বলেন, ‘বর্তমানে দ্বিপক্ষীয় বাণিজ্যে জাতীয় মুদ্রার অংশ প্রায় শতভাগের কাছাকাছি পৌঁছেছে।’ এ সময় তিনি দুই দেশের মধ্যে পারস্পরিক বিনিয়োগও বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করেন।
চীনকে একটি অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার হিসেবে আখ্যায়িত করেন মিশুস্তিন। তিনি দেশটিতে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার অঙ্গীকার করেন এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রকল্পগুলোকে একটি সম্ভাবনাময় খাত হিসেবে তুলে ধরেন। এ ছাড়া সাইবেরিয়া থেকে চীনে গ্যাস সরবরাহকারী পাইপলাইন ‘পাওয়ার অব সাইবেরিয়া’ পুরোদমে সচল রয়েছে উল্লেখ করে তিনি জানান, রাশিয়াই চীনের শীর্ষ তেল সরবরাহকারী দেশ হিসেবে অবস্থান ধরে রেখেছে।
জ্বালানি সহযোগিতা প্রসঙ্গে মিশুস্তিন বলেন, ‘রাশিয়া নির্ভরযোগ্যভাবে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করে যাবে। আমরা জ্বালানি খাতে সহযোগিতা আরও জোরদার করতে প্রস্তুত।’
আগের বছরের একই সময়ের তুলনায় ২০২৬ সালের প্রথম নয় মাসে দ্বিপক্ষীয় কৃষি বাণিজ্য এক-তৃতীয়াংশের বেশি বেড়েছে বলে জানান রুশ প্রধানমন্ত্রী। তিনি আরও যোগ করেন, ‘মেড ইন রাশিয়া’ ব্র্যান্ডের অধীনে বাজারজাত করা রুশ পণ্যগুলো নিজেদের গুণগত মান প্রমাণ করেছে এবং চীনে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে।
ভোক্তাদের চাহিদা মেটাতে দুই দেশেরই উচিত বাণিজ্য পণ্যের পরিসর আরও সম্প্রসারিত করা, এমন অভিমত ব্যক্ত করেন মিশুস্তিন।
এদিকে ২০২৬ সালের প্রথমার্ধে রাশিয়া ও চীনের মধ্যে পারস্পরিক পর্যটক প্রবাহ প্রায় ৫০ শতাংশ বেড়েছে বলে জানান তিনি। একই সঙ্গে তিনি সীমান্ত পারাপারের স্থানগুলো আরও সক্রিয়ভাবে আধুনিকীকরণ এবং দুই দেশের মধ্যে আকাশপথে পরিবহন যোগাযোগের ভৌগোলিক পরিধি বাড়ানোর আহ্বান জানান।
চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৌশলগত নেতৃত্বে রাশিয়া ও চীনের সম্পর্ক আরও বাস্তবসম্মত ও গতিশীল উন্নয়নের এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে।
তিনি এই নিয়মিত বৈঠককে দ্বিপক্ষীয় সহযোগিতা বিশদভাবে পর্যালোচনা, বিদ্যমান সমস্যাগুলোর সমাধান এবং নেতাদের মধ্যকার চুক্তিগুলোকে জনগণের জন্য বাস্তব পদক্ষেপ ও কার্যকর ফলাফলে রূপান্তরের এক গুরুত্বপূর্ণ সুযোগ বলে অভিহিত করেন।
লি ছিয়াং জানান, বিগত কয়েক দশকে আন্তর্জাতিক পরিস্থিতির নানারকম পরিবর্তন হলেও সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক, বন্ধুত্ব, সহযোগিতা ও উন্নয়নের প্রতি দুই দেশের প্রতিশ্রুতি অপরিবর্তিত রয়েছে।
তিনি বলেন, ‘জোটনিরপেক্ষতা, সংঘাতহীনতা এবং তৃতীয় কোনো পক্ষকে লক্ষ্যবস্তু না করার নীতি মেনে চলে আমরা পারস্পরিক শ্রদ্ধা ও পারস্পরিক লাভজনক সহযোগিতাকে সমুন্নত রেখেছি।’ তিনি আরও যোগ করেন, রাশিয়া ও চীন বৃহৎ শক্তি এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে উচ্চ পর্যায়ের পারস্পরিক আস্থা ও সহযোগিতার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
রাশিয়া ও চীনের সরকারপ্রধানদের এই নিয়মিত বৈঠকটি এবার ৩১তম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এর আগের বৈঠকটি ২০২৫ সালের নভেম্বরের শুরুর দিকে চীনের হাংচৌ ও বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.