বোলারদের দুর্দান্ত নৈপুণ্যের পর ইব্রাহিম জাদরানের দায়িত্বশীল ফিফটিতে জিম্বাবুয়েকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শারজাহতে অনুষ্ঠিত ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের শিরোপা ঘরে তুলেছে আফগানিস্তান। শুক্রবার ৯৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা।

জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান
আফগানিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়দের উল্লাস

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৩ দশমিক ৩ ওভারে ১৬৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে ৩৪ দশমিক ৩ ওভারে তিন উইকেট হারিয়ে ১৭০ রান তুলে জয় নিশ্চিত করে আফগানরা। জয়ের পথে অধিনায়ক রহমত শাহর সঙ্গে তৃতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েন ইব্রাহিম জাদরান। শেষ পর্যন্ত চার চারে ৭০ রানে অপরাজিত থাকেন তিনি। ৩৫তম ওভারে হাশমতউল্লাহ শহিদী বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করেন।

বোলিং ও ফিল্ডিংয়ে শুরু থেকেই দারুণ আধিপত্য দেখায় আফগানরা। বল হাতে ৪১ রানে তিন উইকেট নেন লেগস্পিনার রশিদ খান। এর মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে টানা ছয় ইনিংসে কমপক্ষে তিনটি করে উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। আফগানিস্তানের পেস ত্রয়ী ও মোহাম্মদ নবীর নিয়ন্ত্রিত বোলিংয়ে দলটির প্রথম ছয় উইকেট দ্রুত পড়ে যায়। বাঁহাতি পেসার ফজলহক ফারুকী, অফস্পিনার নবী ও পেসার বিলাল সামি দুটি করে উইকেট নেন। ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই পান একটি উইকেট।

জিম্বাবুয়ের পক্ষে একাই লড়াই করেন অধিনায়ক সিকান্দার রাজা। তিনটি ছক্কা ও তিনটি চারে ৬৮ রানের এক লড়াকু ইনিংস খেলেন তিনি। এই ইনিংসের মাধ্যমে প্রথম ব্যাটার হিসেবে ৪০ বা তার বেশি বয়সে কোনো ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে ফিফটি করার নজির গড়েন তিনি।

টুর্নামেন্টের আগের ম্যাচগুলোর মতোই দ্রুত টপ অর্ডারের তিন উইকেট হারায় জিম্বাবুয়ে। ফারুকী বোল্ড করেন তাদিওয়ানাশে মারুমানিকে। এরপর ওমরজাই ফলো-থ্রুতে চমৎকার রিফ্লেক্সে ক্যাচ ধরে বিদায় করেন ব্রায়ান বেনেটকে। পরের ওভারে ফারুকীর বলে তাফাদজওয়া সিগার ফ্লিক শর্ট স্কয়ার লেগে এক হাতে তালুবন্দী করেন এ এম গজনফর। ত্রয়োদশ ওভারে সামির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ব্রেন্ডন টেলর। এতে ৫৫ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে জিম্বাবুয়ে।

সেখান থেকে দলকে কিছুটা পথ এগিয়ে নেন রাজা ও রায়ান বার্ল। রশিদ খানের প্রথম স্পেল দেখেশুনে খেলে প্রান্ত বদল করতে থাকেন তারা। ৩০ রানে বার্লের ক্যাচ ফেলেন জাদরান। ১৯৯৭ সালে কেনিয়ার বিপক্ষে অ্যালিস্টেয়ার ক্যাম্পবেলের পর দ্বিতীয় জিম্বাবুয়ান অধিনায়ক হিসেবে টুর্নামেন্টের ফাইনালে ফিফটি স্পর্শ করেন রাজা। কিন্তু পরের বলেই নবীর শর্ট বলে মিডউইকেটে ধরা পড়েন বার্ল।

উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজের অসাধারণ স্টাম্পিংয়ে ওয়েসলি মাধেভেরে স্টাম্পড হলে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে নিজের ৩০০তম উইকেটের দেখা পান নবী।

এরপর দ্বিতীয় স্পেলে ফিরে দ্রুত তিন উইকেট তুলে নেন রশিদ খান। প্রথমে ব্র্যাড ইভান্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। এরপর পপিং ক্রিজের অন্তত দুই গজ পেছন থেকে বল করে বোল্ড করেন নিউম্যান নিয়ামহুরিকে। এক বল আগে ৯৮ মিটারের ছক্কা হাঁকানো রাজাকে লং অফে ক্যাচ বানিয়ে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টানার পথ সুগম করেন তিনি।

দশম উইকেটে ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি প্রায় ১০ ওভার ক্রিজে কাটিয়ে দলের সংগ্রহে ৩২ রান যোগ করেন। অবশেষে মাসাকাদজাকে আট রানে এলবিডব্লিউ করে জিম্বাবুয়ের ইনিংস থামান সামি।

১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চড়াও হন জাদরান ও গুরবাজ। বাঁহাতি পেসার নিয়ামহুরির বলে দুটি চার ও মুজারাবানিকে ছক্কা হাঁকিয়ে আক্রমণাত্মক ব্যাটিং করেন গুরবাজ। ৩১ বলে ছয়টি বাউন্ডারি ও দুটি ছক্কায় ৩৬ রান করে তিনি নিয়ামহুরির বলে মাধেভেরের ক্যাচ হন। এরপর ছয় রান করা সেদিকউল্লাহ আতালকেও ফেরান নিয়ামহুরি।

সেখান থেকে ম্যাচের লাগাম নেন অধিনায়ক রহমত শাহ ও জাদরান। টানা ৭৭ বল কোনো বাউন্ডারি না পেলেও নিয়মিত সিঙ্গেল ও ডাবল নিয়ে ইনিংস এগিয়ে নেন তারা। অবশেষে ২৭তম ওভারে রহমতের কভার ড্রাইভ থেকে চার আসে। ৬৩ বলে একটি চার ও একটি ছক্কায় ৪৩ রান করে রহমত আউট হলেও শহিদীকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ম্যাচসেরা ইব্রাহিম জাদরান।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.