‘মেলানিয়ার ভূমিকায়’ ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওলেশকিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ভূমিকা রেখেছেন বলে দাবি করেছে হোয়াইট হাউস। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শহরটি রাশিয়ার দখলে রয়েছে। খবর আল জাজিরার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করার মধ্যে এ ঘোষণা এলো। এ প্রচেষ্টার অংশ হিসেবে ইউক্রেনের ওপর চাপ বাড়ানোর পাশাপাশি রাশিয়াকে বেশ কিছু বিষয়ে ছাড় দিয়েছে ওয়াশিংটন।
গতকাল শুক্রবার হোয়াইট হাউস প্রকাশিত এক বিবৃতিতে মেলানিয়া ট্রাম্প বলেন, ‘ওলেশকির পরিস্থিতি ভয়াবহ। শহরটি যুদ্ধের সম্মুখসারিতে অবস্থিত এবং বিপর্যয়ের দ্বারপ্রান্তে।’
তিনি আরও বলেন, ‘শহরটির বাসিন্দারা সীমিত বিদ্যুৎ সুবিধা নিয়ে বসবাস করছেন। তাঁদের চলাচলের সড়কগুলোতে মাইন পুঁতে রাখা হয়েছে এবং নিয়মিত সামরিক হামলার মুখে পড়তে হচ্ছে। আমার হস্তক্ষেপ ছাড়া শহরটিতে মানবিক সহায়তা পৌঁছানো এবং বয়স্ক ব্যক্তিদের সরিয়ে নেওয়ার সম্ভাবনা যে কার্যত অসম্ভব, তা স্পষ্ট হয়ে উঠেছিল।’
মেলানিয়া জানান, তাঁর প্রতিনিধিরা রাশিয়া ও ইউক্রেনের নেতৃত্বের সঙ্গে সরাসরি কাজ করে স্থানীয় পর্যায়ে যুদ্ধবিরতির শর্ত নির্ধারণ করেছেন। দুই দেশের বেসামরিক কর্মকর্তারা শহরটির বাসিন্দাদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার সুযোগ নিশ্চিত করতে একসঙ্গে কাজ করবেন।
হোয়াইট হাউসের ঘোষণার পর ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুদ্ধবিভক্ত খেরসন অঞ্চলের ওলেশকিতে ২৭ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হবে। তবে ক্রেমলিনের এক মুখপাত্র বলেছেন, যুদ্ধবিরতির সময় নির্ধারণে রুশ সামরিক বাহিনী সমন্বয়ের কাজ করছে।
এর আগে হোয়াইট হাউসের এক ঘোষণায় যুদ্ধবিরতি শুরুর তারিখ ২৯ অক্টোবর উল্লেখ করা হয়েছিল। ইউক্রেনের ন্যায়পাল ও আলোচনায় দেশটির প্রধান প্রতিনিধি দিমিত্রো লুবিনেৎস বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, রাশিয়ার সঙ্গে স্থানীয় পর্যায়ের যুদ্ধবিরতি মঙ্গলবার শুরু হবে এবং কয়েক দিন স্থায়ী হবে।
তিনি বলেন, খেরসন অঞ্চল ও এর পার্শ্ববর্তী মানবিক সহায়তা পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও যুদ্ধবিরতি কার্যকর হবে। ভবিষ্যতে অন্যান্য মানবিক তৎপরতার ক্ষেত্রেও এই উদ্যোগ অনুসরণযোগ্য দৃষ্টান্ত হতে পারে।
লুবিনেৎস জানান, ওলেশকিতে মানবিক সহায়তা পৌঁছানোর আগে যাতায়াতের পথে পুঁতে রাখা মাইন অপসারণ করা হবে। এরপর সেখানে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।
এদিকে, রাশিয়ার সামরিক বাহিনীর জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন, ওলেশকির কাছে মানবিক অভিযান পরিচালনার জন্য মঙ্গলবার মস্কোর স্থানীয় সময় ভোর ৪টা থেকে খেরসন রণাঙ্গনে গোলাবর্ষণ বন্ধ রাখবে রুশ বাহিনী।
তিনি বলেন, রুশ বাহিনী সেখানে ‘মাইন ও অন্যান্য সামরিক প্রতিবন্ধকতা শনাক্ত করতে প্রকৌশলগত তল্লাশি’ চালাবে এবং শহরটিতে মানবিক সহায়তা বহরের নিরাপদ চলাচল নিশ্চিত করবে।
রাশিয়ার মানবাধিকারবিষয়ক ন্যায়পাল ইয়ানা লানত্রাতোভাও জানিয়েছেন, যুদ্ধক্ষেত্র থেকে চলে যেতে ইচ্ছুক ব্যক্তিদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ নিশ্চিত করা হবে। এ জন্য যুদ্ধবিরতি মেনে চলা এবং মানবিক সহায়তা বহরের চলাচলের নিরাপদ পরিবেশ তৈরি করা প্রয়োজন।
এ ঘোষণার আগে ক্রেমলিন জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী মাসে ইউক্রেনের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে রাশিয়া। তবে সম্ভাব্য শান্তিচুক্তির শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে।
শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেন, নভেম্বরের প্রথমার্ধে আবুধাবিতে অনুষ্ঠেয় আলোচনায় তাঁর দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।
জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি বলেন, যেকোনো শান্তিচুক্তিতে শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা এবং ইউক্রেনের সামরিক বাহিনী রক্ষণাবেক্ষণের জন্য ১০ বছরের অর্থায়নের ব্যবস্থা থাকতে হবে।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, মস্কোকে দেওয়া সাম্প্রতিক ছাড়ের মধ্যে রাশিয়া থেকে ডিজেল কেনা এবং কিছু নিষেধাজ্ঞা শিথিল করার বিষয় রয়েছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সেই চাপ কমানোর লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি ওয়াশিংটনের।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.