মানবাধিকার সংস্থা: হেবরনে ‘জাতিগত নিধন’ চালাচ্ছে ইসরায়েল
অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ইসরায়েল তাদের ‘জাতিগত নিধন’ অভিযান বিস্তার করছে বলে অভিযোগ করেছে একটি ইসরায়েলি মানবাধিকার সংস্থা। শনিবার সংস্থাটি জানায়, শহরটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো এবং ফিলিস্তিনিদের গণবাস্তুচ্যুত করার পরিকল্পনা ইতিমধ্যে কার্যকর করা শুরু হয়েছে।

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জোরপূর্বক উচ্ছেদ, যৌথ শাস্তি প্রদান এবং ব্যাপক বেআইনি ধ্বংসযজ্ঞ ঠেকাতে আন্তর্জাতিক আইনের অধীনে থাকা সব ধরনের উপায় ব্যবহারের জন্য বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বি’তসেলেম নামের ওই মানবাধিকার সংস্থা।
সংস্থাটি বলেছে, ‘ইসরায়েলি নেতারা প্রকাশ্যেই তাদের মনোভাব ঘোষণা করছেন এবং বাস্তবে ইতিমধ্যে তার পদক্ষেপ শুরু হয়ে গেছে।’
শুক্রবার হেবরনের কাছে বন্দুক হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ফিলিস্তিনি বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পরিকল্পনা ঘোষণা করেন বলে জানিয়েছে বি’তসেলেম।
নেতানিয়াহু বলেন, ‘শরণার্থী শিবিরগুলোতে আমরা যে সফল আক্রমণাত্মক রূপরেখা বাস্তবায়ন করেছি, তা এবার শহরগুলোতেও প্রয়োগ করব।’
বি’তসেলেম সতর্ক করে জানিয়েছে, ওই রূপরেখার কারণে উত্তর পশ্চিম তীরে ইতিমধ্যে ৩৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। হেবরনেও একই ধরনের গণবাস্তুচ্যুতি ও ধ্বংসযজ্ঞ নেমে আসার হুমকি দিচ্ছেন ইসরায়েলি নেতারা।
সংস্থাটি জানায়, ইসরায়েলি বাহিনী হেবরন ও পার্শ্ববর্তী হালহুল শহর ঘিরে রেখেছে। একই সঙ্গে দেশটির সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ফারশ আল-হাওয়া এলাকায় ফিলিস্তিনিদের বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিতে শুরু করেছে।
এদিকে উগ্রপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ দক্ষিণ হেবরন পাহাড়ে নতুন চারটি কৃষিভিত্তিক বসতি স্থাপনের ঘোষণা দিয়েছেন।
বি’তসেলেম হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পরিকল্পনাগুলো যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে এবং গাজা উপত্যকায় দীর্ঘ কয়েক বছরের গণহত্যার সময় ইসরায়েলের চালানো বিধ্বংসী অভিযানেরই প্রতিচ্ছবি এটি। অবৈধ বসতি সম্প্রসারণ এবং স্থায়ী ইসরায়েলি নিয়ন্ত্রণ পাকাপোক্ত করার পাশাপাশি ফিলিস্তিনিদের জীবনযাত্রা ধ্বংস করার এক বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে তারা এটিকে অভিহিত করেছে।
সংস্থাটি বলেছে, ‘ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের ক্রমাগত আক্রমণের মুখে বিশ্ব আর নীরব দর্শক হয়ে থাকতে পারে না। আরও জনপদ খালি ও নিশ্চিহ্ন হওয়ার আগে পদক্ষেপ নিতে হবে।’
এমন এক সময়ে এই বিবৃতি এলো যখন ইসরায়েলি সেনাবাহিনী টানা দ্বিতীয় দিনের মতো হেবরন অবরুদ্ধ করে রেখেছে। তারা বহু ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর থেকে বের করে দিয়েছে, একটি আবাসিক ভবনসহ অন্যান্য স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে এবং ঘরবাড়িতে অভিযান চালিয়েছে।
ইসরায়েলি তথ্য অনুসারে, বন্দুক হামলার ঘটনার পর শহরটিতে এই কঠোর বিধিনিষেধ জারি করা হয়। ওই ঘটনায় দুই ফিলিস্তিনিও নিহত হন এবং তিন ইসরায়েলি সেনা আহত হন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.