বাংলাদেশে তরঙ্গের দাম বৈশ্বিক গড়ের দ্বিগুণ, বড় সংকটে মোবাইল সেবা?
বাংলাদেশে আয়ের অনুপাতে তরঙ্গের ব্যয় বৈশ্বিক গড়ের দ্বিগুণেরও বেশি হওয়ায় তরঙ্গ নবায়ন ফি আরও কমানোর জোর দাবি জানিয়েছে দেশের মোবাইল ফোন অপারেটররা। রবিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) দেওয়া এক চিঠিতে অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। সংস্থাটির মতে, তরঙ্গের অতিরিক্ত ব্যয়ের কারণে নেটওয়ার্কে প্রয়োজনীয় বিনিয়োগ এবং কাঙ্ক্ষিত গ্রাহকসেবার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে তরঙ্গ মূল্য নির্ধারণ প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী জানান, এই প্রক্রিয়ায় বিনিয়োগের উৎসাহ প্রদান এবং সরকারের নির্দিষ্ট রাজস্ব আয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা জরুরি। ইতোমধ্যে নিয়ন্ত্রণ সংস্থাটি নবায়ন ফি ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমানোর একটি প্রস্তাব সরকারের কাছে পাঠিয়েছে, যা বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অক্টোবর মাসে পাঠানো এই প্রস্তাব বাস্তবায়িত হলে তিন অপারেটরের সম্মিলিত নবায়ন খরচ বিদ্যমান ১৬ হাজার ৮৪৫ কোটি টাকা থেকে কমে প্রায় ১৩ হাজার ১০০ কোটি টাকায় নেমে আসতে পারে। বিটিআরসির নিজস্ব সমীক্ষাতেও সতর্ক করে বলা হয়েছে, মাত্রাতিরিক্ত মূল্য নির্ধারণ করলে অপারেটররা তরঙ্গ নিতে নিরুৎসাহিত হতে পারে, যার ফলে দীর্ঘমেয়াদে সরকারের রাজস্ব কমে যাওয়ার পাশাপাশি নেটওয়ার্কের উন্নয়নও বাধাগ্রস্ত হবে।
অ্যামটবের মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার (অব.) জানান, বাংলাদেশের অপারেটরদের মোট আয়ের ১৫ দশমিক ৭ শতাংশই ব্যয় হয় তরঙ্গের পেছনে, যেখানে বৈশ্বিক গড় মাত্র ৭ দশমিক ৭ শতাংশ এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই হার ১০ দশমিক ৪ শতাংশ। চিঠিতে সংগঠনটি ৯০০, ১৮০০ এবং ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের প্রস্তাবিত ভিত্তি মূল্য আরও কমানোর অনুরোধ জানিয়েছে। পাশাপাশি ২০ বছরের জন্য নবায়ন সুবিধা, সমান ২০টি বার্ষিক কিস্তিতে অর্থ পরিশোধ, দীর্ঘ মেয়াদে মূল্য পরিবর্তন না করা এবং বার্ষিক তরঙ্গ ব্যবহারের ফি সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। তরঙ্গের উচ্চ ব্যয়ের ফলে টাওয়ার সম্প্রসারণ, নেটওয়ার্ক আধুনিকায়ন ও নতুন প্রযুক্তি গ্রহণ বাধাগ্রস্ত হয়ে মোবাইল আর্থিক সেবা (এমএফএস), ই-কমার্স, শিক্ষা ও স্বাস্থ্য খাতের ডিজিটাল বিকাশ মন্থর হতে পারে বলেও অ্যামটব সতর্ক করেছে।
১০ নভেম্বর গ্রামীণফোন, রবি আজিয়াটা ও বাংলালিংকের মোট ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গ নবায়নের কথা রয়েছে। এর মধ্যে গ্রামীণফোনের ৩২ দশমিক ৪ মেগাহার্টজ, রবির ২২ দশমিক ৪ মেগাহার্টজ এবং বাংলালিংকের ২৪ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ অন্তর্ভুক্ত। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে দেখা গেছে, স্থানীয় বাজারে তরঙ্গের দাম নর্ডিক দেশগুলোর তুলনায় চার থেকে ছয় গুণ বেশি। ২০২২ সালের নিলামেও বাংলাদেশে ২ দশমিক ৩ ও ২ দশমিক ৬ গিগাহার্টজ ব্যান্ডের প্রতি মেগাহার্টজের দাম ছিল প্রায় ৬০ লাখ মার্কিন ডলার, যা ভারত ও পাকিস্তানের তুলনায় অনেক বেশি। চলতি বছরের জানুয়ারি মাসেও উচ্চমূল্য ও নিলামের কঠিন শর্তের কারণে রবি ও বাংলালিংক নিলামে অংশ নেয়নি, কেবল গ্রামীণফোন ২ হাজার ৩৭০ কোটি টাকায় ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ নেয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.