আপনি পড়ছেন

অতিরিক্ত তাপপ্রবাহে বিপুল কর্মঘণ্টা হারিয়ে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ল্যানসেট কাউন্টডাউন প্রতিবেদনে বলা হয়, কেবল তীব্র গরমের প্রভাবেই ২০২৫ সালে বাংলাদেশে সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলার। জনস্বাস্থ্য ও জীবিকার ওপর জলবায়ু সংকটের ক্রমবর্ধমান প্রভাবের বিষয়টি তুলে ধরে সংস্থাটি একে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে চিহ্নিত করেছে।

ল্যানসেট: তীব্র গরমে ১৭.৫ বিলিয়ন ডলার সম্ভাব্য আয় হারিয়েছে বাংলাদেশ
ছবি: এএফপি

ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবেশ গবেষকেরা জানান, ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে চরম গরমের কারণে দেশে প্রতি বছর গড়ে ২৬ বিলিয়ন ঘণ্টার বেশি সম্ভাব্য শ্রমঘণ্টা নষ্ট হয়েছে। ১৯৯০-এর দশকের তুলনায় এই উৎপাদনশীলতা হ্রাসের হার ৭১ শতাংশ বেশি। স্বাস্থ্য সেবা বিভাগের ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ প্রমোশন ইউনিটের সহায়তায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর) এই প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থাপিত মূল প্রবন্ধে ফন্ডাজিওন সিএমসিসির পরিবেশ অর্থনীতিবিদ সৌর দাশগুপ্ত জানান, অতিরিক্ত তাপমাত্রা শ্রমশক্তির কার্যক্ষমতা কমানোর পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি বহু গুণ বাড়িয়েছে। ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে এক বছরের কম বয়সি শিশু এবং ৬৫ বছরের বেশি বয়সি নাগরিকেরা যথাক্রমে বছরে গড়ে ৭ দশমিক ৬ দিন ও ৭ দশমিক ২ দিন তাপপ্রবাহের শিকার হয়েছেন। ১৯৮৬ থেকে ২০০৫ সালের গড় হিসাবের তুলনায় এই ঝুঁকি বৃদ্ধির হার যথাক্রমে ১৬২ শতাংশ ও ১৩৬ শতাংশ।

শ্রমহানির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে পরিবেশ দূষণের মারাত্মক প্রভাবের তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। ২০২৩ সালে অতিক্ষুদ্র মানবসৃষ্ট পিএম ২.৫ বস্তুকণাজনিত বায়ুদূষণের কারণে প্রায় ২ লাখ ৩৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যার ৩৭ দশমিক ৫ শতাংশের জন্য সরাসরি দায়ী জীবাশ্ম জ্বালানি। এছাড়া গৃহস্থালি বায়ুদূষণের কারণে একই বছর প্রাণ গেছে ৭৭ হাজার ৫০০ জনের, যা ২০১৬ সালে ছিল ৯০ হাজার ৭০০ জন। এসব অকালমৃত্যুর কারণে দেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৬ দশমিক ৪ শতাংশের সমান।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে দেশে জ্বালানি খাতে কার্বন নিঃসরণের তীব্রতা ৯ দশমিক ৯ শতাংশ বেড়েছে। বিপরীতে ২০২৪ সালে জীবাশ্ম জ্বালানিতে সরকারের নিট ভর্তুকির পরিমাণ দাঁড়িয়েছে ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা জাতীয় স্বাস্থ্য বাজেটের ৫২ দশমিক ৯ শতাংশের সমপরিমাণ।

সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের নির্বাহী পরিচালক আতিক রহমান জানান, অস্বাভাবিক তাপমাত্রা শ্রমজীবী মানুষের উপার্জনক্ষমতা সরাসরি ধ্বংস করছে এবং মা ও শিশুদের জন্য অতিরিক্ত স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। জাতীয় নীতিমালায় স্বাস্থ্যকে অগ্রাধিকারের তালিকায় রাখা হলেও অর্থায়ন ও মনোযোগের মারাত্মক ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন সিথ্রিইআরের পরিচালক মো. গোলাম রব্বানী।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত বলেন, তীব্র গরমের মধ্যেও শ্রমজীবী মানুষকে বাধ্যতামূলকভাবে উন্মুক্ত স্থানে কাজ করতে হয়। খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও মশাবাহিত রোগের ঝুঁকি বিবেচনায় হেলথ ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি। পরিবারের চিকিৎসা ব্যয় বৃদ্ধি ও জলবায়ুজনিত স্বাস্থ্য ক্ষতি আন্তর্জাতিক নীতি আলোচনায় তুলে ধরার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন জিএসসিসির কর্মকর্তা তাহরিম আরিবা চৌধুরী।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.